গাবতলী-কল্যাণপুরে অপেক্ষার ভোগান্তির পর দ্বিগুণ ভাড়ার ধাক্কা
মহামারীর বিধিনিষেধের দুই বছর পর কোরবানির ঈদ পরিবারের সঙ্গে কাটাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা আর হুড়োহুড়ি ঠেলে দ্বিগুণেরও বেশি ভাড়া গুণতে হচ্ছে কল্যাণপুর-গাবতলী হয়ে ঘরমুখী যাত্রীদের।
বৃহস্পতিবারের কর্মদিবস শেষে রাতেই ওই এলাকায় উপচে পড়া ভিড় হয়, আর সকালে সেই চিত্র রূপ নেয় মহারণে।
এবারের কোরবানির ঈদ ঘিরে কল্যাণপুরে ঘরমুখো মানুষের যে ভিড় হয়েছে, সেই দৃশ্য আগে চোখে পড়েনি শ্যামলী এনআরের কাউন্টার ম্যানেজার মুকুলের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালের পরিস্থিতি চিন্তাই করা যায় না। খালি মানুষ আর মানুষ। মনে হয় যেন গণজমায়েত হয়েছে। গত কয়েকবছর ধরে গাবতলী-কল্যাণপুর এলাকায় এত যাত্রী দেখা যায়নি।”
ঈদ উপলক্ষে বাসের আগাম টিকেট আগেই বিক্রি হয়ে গেছে। এরপরও যাত্রীরা কল্যাণপুর ও গাবতলীর কাউন্টারগুলোতে ভিড় করছেন। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই ওই এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় হয়।
অধিকাংশ পরিবহন কোম্পানির ভাষ্য, সব টিকেট আগে বিক্রি হয়ে যাওয়ায় তাৎক্ষণিক কোনো টিকেট বিক্রি করার অবস্থা তাদের ছিল না।
তাহলে এত যাত্রী কীভাবে গন্তব্যে উদ্দেশে যাত্রা করতে পারল? শ্যামলী কাউন্টারের ম্যানেজার মুকুল বলেন, “প্রতিষ্ঠিত বাস কোম্পানিগুলো অগ্রিম টিকেট বিক্রি করে দিয়েছে। আমরা এখানে বসে আছি সবাইকে ফিরিয়ে দেওয়ার জন্য।
“সকালে বেশ কিছু দ্বিতল বাস ও অনিয়মিত রুটের গাড়ি কল্যাণপুর হয়ে গাবতলীর দিকে গেছে। তারা টেনে টেনে যাত্রী তুলে নিয়েছে।”
তিনি বলেন, “আমাদের কোনো অভিযোগ নেই। এতো যাত্রী বাস কোম্পানিগুলোর পক্ষে সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব হত না।”
সকালে নারায়ণগঞ্জ থেকে প্রথমে গুলিস্তান ও পরে সেখান থেকে অটোরিকশায় কল্যাণপুরে পৌঁছান আরিফ ও তার তিন বন্ধু।
তারা সবাই নারায়ণগঞ্জে টেক্সটাইল কারখানায় কাজ করেন, তবে তাদের গন্তব্য রংপুর। উত্তরের এই জেলার উদ্দেশে কল্যাণপুর থেকে অনেক গাড়ি ছেড়ে গেলেও কোনো টিকেট পাচ্ছিলেন না তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখন কী করা যাবে, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে করতে যখন ১০০০ টাকার মাধ্যে তাৎক্ষণিক কোনো গাড়ি পাওয়া যায় তখন উঠতে হবে।”
কল্যাণপুরে রাস্তার দুই পাশে সকাল থেকেই টিকেটের জন্য কিংবা বাসের জন্য অপেক্ষায় আছেন- এমন যাত্রীর সংখ্যাও কয়েক হাজার। প্রচণ্ড রোদের মধ্যে কাঙ্ক্ষিত টিকেট আর বাসের অপেক্ষা যেন শেষ হচ্ছে না।
ভোগান্তির নাম ভাড়া
গাবতলী-কল্যাণপুর এলাকার অধিকাংশ কাউন্টারেই বিভিন্ন গন্তব্যের ভাড়ার মূল্য তালিকা দেখা গেছে। আগাম টিকেট বিক্রি হলেও বেশ কিছু কাউন্টারকে দেখা গেছে দ্বিগুণেরও বেশি দামে তাৎক্ষণিক টিকেট বিক্রি করতে।
তবে এখানে প্রশাসনের চোখ এড়াতে নেওয়া হয়েছে বিশেষ কৌশল। ৫০০ টাকার ভাড়া ১০০০ টাকা লিখে রাখা হয়েছে। যাত্রীর কাছ থেকে টাকা বুঝে পাওয়ার পর টাকার অংকের ওপর কাটাকাটি করতে বেশ কয়েকবার চালিয়ে দেওয়া হয়েছে কলম।
এক যাত্রী বলেন, “সকালে এসে আমরা ১৫ জন মিলে এসআই ট্রাভেলসে টিকেট কেটেছি। দাম যাই হোক, আমরা মেনে নিয়েছি। কারণ গাড়ির সংকটের মধ্যেও তারা একটা গাড়ি জোগাড় করেছে। আমাদের কাছ থেকে ৫০০ টাকার ভাড়া ১০০০ হাজার টাকা নিয়েছে।”
চাঁপাইনবাবাগঞ্জের উদ্দেশে সকাল সাড়ে ৯টায় যে গাড়ি ছাড়ার কথা, সেটা ১১টায়ও ছাড়তে পারেনি কেটিসি হানিফ। কারণ যে গাড়িটি যাবে সেটা ঢাকায় আসার পথে গাবতলী মাজার রোড এলাকায় যানজটে আটকা পড়ে আছে বলে জানালেন কাউন্টারকর্মী সাব্বির।
“যাত্রা করার পথেও জ্যাম আছে। এখান থেকে আমিন বাজার, সভার এলাকায় জ্যাম। ঢাকা থেকে গাড়ি বের হওয়ার সময়ও কয়েক ঘণ্টা দেরি হয়ে যাচ্ছে”, বলেন সাব্বির।
এই বাসের যাত্রী শুভ ইসলাম বলেন, “সকাল ৮টায় গাড়ি ছাড়ার কথা থাকলেও ১১টা বাজে খবর নাই।”
শ্যামলী এনআর পরিবহনের চালক নাসের বলেন, “সকালের দিকে মহসড়কের যানজট কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে। আমিন বাজারে যে জ্যাম শুরু হয়েছে তার লেজ চলে এসেছে কল্যাণপুর।
“সাভার, জাহারঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায়ও নতুন করে জ্যাম লেগে যাচ্ছে বলো শোনা যাচ্ছে।”
