২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ভোগের শুরু স্টেশন-টার্মিনালের পথেই

ইন্দিরা রোড থেকে অটোরিকশায় গাবতলীর পথ ধরেছিলেন নির্মাণকর্মী শরফুল ইসলাম; গ্রামের বাড়ি জয়পুরহাটের যাত্রায় তার সঙ্গী ‍দুই মেয়েও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 04:28 PM

Updated : 25 Oct 2022, 10:54 AM

মিরপুর রোডে উঠে কিছুদূর যাওয়ার পর ভেতরে রাস্তায় ধরে এগোতে চান অটোরিকশা চালক। ভেতরের রাস্তায় শ্যামলীর দিকে গিয়ে সামনে আরও জটের কথা বলে আর এগোতে চাইলেন না চালক।

সেখানেই নামিয়ে দিতে চাইলে বাদ সাধলেন শরফুলরা; ৫-৬টি ব্যাগ-বোচকা নিয়ে গাবতলী কিভাবে যাবেন সেই দুশ্চিন্তা তাদের মনে।

কথা কাটাকাটির এক পর্যায়ে সিএনজি চালক বলে দেন, এই যানজটে তিনি কোনোভাবেই গাবতলী যাবেন না, বরং শরফুলদেরকে আবার ইন্দিরা রোডে নামিয়ে দিয়ে আসতে পারেন।

নিজের দুর্ভোগের বর্ণনা দিয়ে শরফুল বলেন, “আমাদের যেখান থেকে নিয়ে আসছে, ওইখানে নিয়ে যাইবার কইয়ে গাড়ি ঘুরাইছে। তখন আমি অরে কইছি যে, ’আপনি দাঁড়ান, আমি ট্রিপল নাইনে ফোন করে পুলিশের সহযোগিতা নিতে চাই’।

“এর পরও ইন্দিরা রোডের দিকেই যাচ্ছিল, দাঁড়াচ্ছিল না। তখন আমি রাগারাগি করার পর দাঁড়াইছে। পুলিশে ফোন করমু ভাইবা ভাড়াও নিয়ে যায় নাই।”

বাহনহারা হয়ে শ্যামলীর ওই স্থান থেকে পায়ে হেঁটে চলে আসেন কল্যাণপুর। সেখানে অনেক চেষ্টায়ও কোনো টিকেটের ব্যবস্থা করতে না পেরে হেঁটেই যাত্রা করেন গাবতলীর উদ্দেশে।সড়কের পাশে বেশ লম্বা সময়ের জন্য দাঁড়িয়েছিল গাবতলীগামী গাড়িগুলো। অগ্রিম টিকেট কাটা না থাকায় জয়পুরহাটের পথেও অনিশ্চিত যাত্রা অপেক্ষা করছিল তাদের সামনে।

ঢাকার রাস্তায় গণপরিবহন সংকট আর টার্মিনালমুখী যানজটের কারণে শরফুলদের মতো ঘরমুখো মানুষদের শুক্রবার চরম দুর্ভোগে পড়তে হয়।

পরিবহন চালক ও যাত্রীরা বলছেন, ঢাকার সিটি বাসগুলো দেশের বিভিন্ন রুটে রিজার্ভ হয়ে দূরপাল্লার যাত্রী বহন করায় ঈদে বাড়ি যেতে নগরীর বাস টার্মিনাল ও স্টেশনে পৌঁছার জন্য গাড়ি সংকট দেখা দিয়েছে।

Image
সায়েদাবাদ বাস টার্মিনালে কাউন্টারের সামনে বৃহস্পতিবার বাসের জন্য যাত্রীদের অপেক্ষা। ছবি: মাহমুদ জামান অভি

সায়েদাবাদ বাস টার্মিনালে কাউন্টারের সামনে বৃহস্পতিবার বাসের জন্য যাত্রীদের অপেক্ষা। ছবি: মাহমুদ জামান অভি

শুক্রবার ভোর থেকে নগরীর বিভিন্ন এলাকার বাসস্ট্যান্ডগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকে লোকাল বাস পাননি বলে অভিযোগ করেছেন।

তাদের অনেকই বাধ্য হয়ে হেঁটে টার্মিনালের উদ্দেশে রওনা হন। কেউ কেউ রিকশা, ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে বাস ও রেলস্টেশনে গেছেন।

সদরঘাট যেতে মধ্যবাড্ডায় ঘণ্টাখানেক অপেক্ষার পরও বাস না পেয়ে কয়েক কিলোমিটার হেঁটে আবুল হোটেল এসেও গাড়ি না পাওয়ায় হতাশ হলেন পঞ্চাশোর্ধ্ব সাফিয়া খাতুন।

সকাল ৮টার দিকে তিনি বলছিলেন, “ফজরের নামাজ পড়ে বের হয়েছি সদরঘাট যাব বলে, কিন্তু রাস্তায় এসে দেখি- বাস নেই। একটু পর পর একটা-দুইটা গাড়ি আসলেও সেগুলো গেইট লক, উঠাচ্ছে না। বাড্ডায় অনেকক্ষণ অপেক্ষার পর গাড়ি না পেয়ে হাঁটতে থাকলাম, তার পরও গাড়ি পাইলাম না।“

এরপর ওই নারী সদরঘাট যেতে পেরেছেন কি না তা আর জানা সম্ভব হয়নি।

কুমিল্লার আরিফুল ইসলাম মিরপুর-১১ নম্বর থেকে সায়েদাবাদ আসতে খুব সকালেই রওনা হন। কিন্তু সায়েদাবাদের কোনো বাস না পেয়ে তিনি সেখান থেকে ট্রাস্ট পরিবহনে করে বনানী আসেন।

এরপর সেখান থেকে হেঁটে মহাখালী; এরপর মহাখালী থেকে কোনো বাস না পাওয়ায় সাতরাস্তায় রিকশায় পৌঁছান। সেখান থেকে আবার কিছুক্ষণ হেঁটে হাতিরঝিলের চক্রাকার বাসে করে রামপুরা ব্রিজে আসেন।

ওই এলাকায় অনেক্ষণ অপেক্ষা করে মক্কা পরিবহনের একটি বাসে করে মুগদা আসেন। এরপর সেখান থেকে আরিফ হেঁটে সায়েদাবাদে যান।

ক্লান্ত চোখেমুখে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “রাস্তায় হাজার হাজার মানুষ, তারা কেউ সায়েদাবাদ, কেউ সদরঘাট, কেউ রেলস্টেশন, কেউ কোনো বাস কাউন্টার বা টার্মিনালে যাবেন; কিন্তু বাসা থেকে বের হয়ে গাড়ি পায়নি। আমি সবচেয়ে বেশি ভুক্তভোগী।”

ধারণা থেকে আরিফ বলছিলেন, “ঢাকার ভেতরে চলাচল করা বাসগুলো বিভিন্ন জেলায় রিজার্ভে চলে গেছে। আবার স্থানীয়ভাবে কিছু লোকজন নিজেরা কথাবার্তা বলে পুরো বাস ভাড়া করে নিয়েছে।”

উত্তরা থেকে রাইদা পরিবহনের একটি বাসের চালক মো ইব্রাহিমের কাছে এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করেন, “আগের রাতেই আমাদেরকে উত্তরা থেকে ধোলাইখাল পর্যন্ত রিজার্ভ করা ছিল, সেই অনুযায়ী আসতে হয়েছে।”

তবে ঈদে ঢাকার বাইরে বাস রিজার্ভে যাচ্ছেন না বলে দাবি করেন তিনি।

সকালে রাজধানীর খামারবাড়ি মোড়, ফার্মগেইট, কারওয়ান বাজার, শাহবাগসহ বিভিন্ন এলাকায় ঘুরে যানবাহনের অপেক্ষায় মানুষের ভিড় দেখা গেছে। অনেকক্ষণ পরপর বাস এলে ব্যাগ-বোচকা নিয়ে হুমড়ি খেয়ে পড়ছিলেন সবাই।

ফার্মগেইট এলাকায় ঘণ্টাখানেক দাঁড়িয়েও সায়েদাবাদের দিকে যাওয়ার বাহন যোগাড় করতে না পারার কথা জানালেন লক্ষ্মীপুরের যাত্রী আবদুস সালাম।

সকাল ১০টার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার সব বাস কয় গেল বুঝতেছি না। মাঝেমধ্যে ১-২টা আসলেও জায়গা নাই। ব্যাগ-ট্যাগ নিয়ে ওঠাও ঝামেলা। বাসা থেকে বের হওয়াই ভুল অইছে!”

নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে প্রথমে বাসে গুলিস্তান এবং সেখান থেকে অটোরিকশায় কল্যাণপুর পৌঁছান গার্মেন্টকর্মী মোহাম্মদ আরিফ। চার সহকর্মী নিয়ে রংপুরের পথ ধরেছেন তিনি।

ঝক্কি পেরিয়ে টার্মিনালে পৌঁছতে পারলেও অগ্রিম টিকেট না থাকায় বাড়ির কিভাবে যাবেন, সেই দুশ্চিন্তার কথা জানান তিনি।

আরিফের কথায়, “অনেক কষ্টে ৫০০ টাকায় সিএনজি পাইছিলাম। চারজন মিলে আসছি। এখন টিকেট পাইলে যেতে পারব।”