৫ লাখ ডলার পেল হাদিসুরের পরিবার
যুদ্ধের মধ্যে দায়িত্ব পালনে ইউক্রেইনে গিয়ে গোলার আঘাতে নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবার ৫ লাখ ডলার ক্ষতিপূরণ পেয়েছে।
হাদিসুরের ভাইকে বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) চাকরিও দেওয়া হয়েছে।
এছাড়া ওই জাহাজের অন্যান্য কর্মকর্তা ও নাবিকদের ৭ মাসের বেতনের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিএসসির আঞ্চলিক কার্যালয়ে এক অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএসসির জাহাজ বাংলার সমৃদ্ধিতে কর্মরত অবস্থায় গত ২ মার্চ ইউক্রেইনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত হন জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর।
প্রতিমন্ত্রী বলেন, “হাদিসুরকে আমরা ফিরে পাব না। দুর্ঘটনার পর আমার সাথে টেলিফোনে হাদিসুরের বাবা বলেছিলেন, ‘হাদিসুর আমাদের একমাত্র অবলম্বন। আমরা কোথায় যাব’।
“এ চেকটি একটা অবলম্বনের পথ খুঁজে দিল। হাদিসুরের ভাইকে বিএসসিতে চাকরির ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে তার যোগ্যতা অনুযায়ী নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন কোনো সংস্থায় স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে।”
ডলারের দাম চড়া থাকায় বর্তমান বিনিময় মূল্য অনুযায়ী হাদিসুরকে দেওয়া ক্ষতিপূরণের এই অঙ্ক ৫ কোটি টাকার কাছাকাছি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের পরিবার এবং অন্যান্য কর্মকর্তা ও নাবিকদের ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে সাত কোটি টাকা প্রদান করা হয়েছে। এছাড়া হাদিসুর রহমানের ভাইকে বিএসসিতে চাকরি দেওয়া হয়েছে।”
বাংলার সমৃদ্ধি জাহাজটি তুরস্কের ইরেগলি বন্দরে মাল খালাস করে নতুন মালামাল নিতে গত ২১ ফেব্রুয়ারি যাত্রা করে কৃষ্ণসাগর পেরিয়ে ইউক্রেইনের উদ্দেশে। ২৩ ফেব্রুয়ারি অলভিয়া বন্দরের ইনার অ্যাংকরেজে ঢোকে। তারপরদিনই যুদ্ধ শুরু হয়ে গেলে এটি আটকা পড়ে যায়।
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের মধ্যে ২ মার্চ গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত বাংলার সমৃদ্ধি জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করতে হয়। জাহাজের ২৮ নাবিককে মলদোভা-রোমানিয়া হয়ে দেশে ফিরিয়ে আনা হয়। আর গত ১৪ মার্চ দেশে আনা হয় হাদিসুরের লাশ, পরে দাফন করা হয় বরগুনায় তার বাড়িতে।
অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাহসের আইকন। সাহস থাকলে কী হয়- পদ্মা সেতু এর প্রমাণ, যা ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে।
“এমভি সমৃদ্ধি হারিয়েছি। আরও জাহাজ সংগ্রহ করে সমৃদ্ধ হব। সাহস ও মনোবল হারাবেন না। অফিসার ও নাবিকরা আবার কর্মক্ষেত্রে যোগদান করবেন।”
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এসএম মনিরুজ্জামান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, জাহাজের বীমাকারী প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
