সাহাবুদ্দীন আহমদকে বিনম্র শ্রদ্ধায় শেষ বিদায়
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে বিনম্র শ্রদ্ধায় শেষ বিদায় জানাল তার সাবেক সহকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
রোববার সকালে দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টের পাশে জাতীয় ঈদগাহ ময়দানে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের জানাজা হয়। সুপ্রিমে কোর্টের বিচারক, আইনজীবী আর কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নব্বইয়ের ছাত্রনেতারাও তাতে অংশ নেন।
নব্বইয়ের দশকে সামরিক শাসন থেকে গণআন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রে ফেরার প্রক্রিয়ায় রাজনৈতিক সমঝোতায় অন্তর্বতীকালীন সরকারের গুরুদায়িত্ব নিয়েছিলেন যে মানুষটি, তাকে বিদায় জানাতে প্রখর রোদ উপেক্ষা করে ঈদগাহ মাঠে কয়েকশ মানুষের সমাবেশ ঘটে।
জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ সাবেক এই রাষ্ট্রপতির কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন তারা।
শনিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। তার বয়স হয়েছিলো ৯২ বছর।
বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে শনিবারই তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি নেত্রকোণার কেন্দুয়ার পাইকুরা ইউনিয়নের পেমই গ্রামে। সেখানে বাড়ির প্রাঙ্গণে তার জানাজা হয়। পরে আবার ঢাকায় নিয়ে আসা হয় কফিন। রাতে সিএমএইচের হিমঘরে ও রাখা হয় মরদেহ।
আওয়ামী লীগ ও বিএনপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয় সেখানে।
আওয়ামী লীগের পক্ষে অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ, বিএনপির পক্ষে জয়নাল আবেদীন, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন এসেছিলেন শ্রদ্ধা জানাতে।
এছাড়া নব্বইযের সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষে আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, জহির উদ্দিন স্বপন, সাইফুদ্দিন আহমেদ মনি, আসাদুর রহমান খান পুষ্পস্তবক অর্পন করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জাগপাসহ (তাসমিয়া প্রধান) বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সাহাবুদ্দীন আহমদের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল জানাজা শুরুর আগে প্রয়াত সাহাবুদ্দীন আহমদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিচারপতি সাহাবুদ্দীন আহমদের ছোট ছেলে সোহেল আহমদ জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তার বাবার জন্য সবার কাছে দোয়া চান।
জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতির কফিন নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে, সেখানেই তাকে সমাহিত করা হয়।
