২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে যেমন ছিলেন সাহাবুদ্দীন আহমদ

রাষ্ট্রপ্রধানের যাবতীয় খরচ বহন করে রাষ্ট্র। আইনের মাধ্যমে সেই ব্যয় নির্ধারণও করে দেওয়া হয়েছে। সেখানে একজন রাষ্ট্রপতির চিকিৎসা থেকে শুরু সবকিছুই অন্তর্ভুক্ত। তবে বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে নিজের পরিবারের প্রতিদিনকার বাজারের খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতেন না সাহাবুদ্দীন আহমদ।

সাজিদুল হক

বঙ্গভবন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 02:16 PM

Updated : 09 Jan 2024, 03:47 PM

বঙ্গভবনের ‘মার্কেট ম্যান’ বা পরিবারের কারও মাধ্যমে নিজের ‘পকেট থেকে’ বাজারের টাকা দিতেন তিনি।

শনিবার সাহাবুদ্দীন আহমদের মৃত্যুর পর বঙ্গভবনে তার অবস্থানের সময় রাষ্ট্রপতির কার্যালয়ে কর্মরত একাধিকজনের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

Image
সাহাবুদ্দীন আহমদ।

সাহাবুদ্দীন আহমদ।

বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক সময়ে রাষ্ট্রপ্রধানের দায়িত্বভার নিতে হয়েছিল বিচারপতি সাহাবুদ্দীনকে।

নব্বইয়ের গণআন্দোলনের পর বাংলাদেশের গণতন্ত্রে ফেরার প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন।

দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে ভোট করে বিচারাঙ্গনে ফিরে অবসর নেওয়ার পর তিনি ১৯৯৬ সালে পুনরায় রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবনে ছিলেন পাঁচ বছর।

সাহাবুদ্দীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় অনেক দিন বঙ্গভবনের পেন্ট্রির (চা-নাশতা আয়োজনের দায়িত্ব) দায়িত্বে ছিলেন আবু শহীদ। দুই বছর আগে ‘স্টুয়ার্ট’ পদে অবসরে যান।

বঙ্গভবনের রেসিডেন্স ব্লকে কাজ করা শহীদ সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুর খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন।

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের জীবনাবসান  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে স্যার যখন প্রধান বিচারপতির বাড়িতে থাকতেন, তখনও আমি ডিউটি করেছি। পরে যখন তিনি রাষ্ট্রপতি হিসেবে আসেন তখন বঙ্গভবনে ডিউটি করেছি।”

সাহাবুদ্দীনের সাদাসিধে জীবনযাপনের কথা তুলে ধরতে গিয়ে আবু শহীদ বলেন, “স্যারের বাসার জন্য যে বাজার করা হত, তার টাকা তিনি নিজে দিতেন। তহবিল থেকে নিতেন না। ওই সময় যে মার্কেটম্যান ছিল সে এবং স্যারের পরিবারের এক সদস্য বাজারে যেতেন।”

শহীদ আরও বলেন, “অনেকে রাষ্ট্রপতিকে উপহার পাঠাতেন। সেসব জিনিস তিনি নিজে রাখতেন না। স্টাফদের মধ্যে ভাগ করে দিয়ে দিতেন।”

ওই সময় বঙ্গভবনে চাকরি করেছেন এমন একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নিজে দেখেছি, স্যার (সাহাবুদ্দীন আহমদ) নিজে টাকা দিয়ে বলেছেন, লাল শাক কিনে আনতে। তিনি নিজে কখনও দুর্নীতি প্রশ্রয় দিতেন না। এজন্য অনেকে তাকে পছন্দ করতেন না।”

বঙ্গভবনের এখন কাজ করছেন এমন দুই-এক জনের কথা বলে জানা গেছে, রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দীন আহমদ দায়িত্ব নেওয়ার অনেক পদ বিলুপ্ত করেন। ‘কাজ নেই অথচ পদ আছে’ এমন অনেককে বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়।

তাদেরই একজন আবু শহীদ। তাকে প্রথমে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। তবে পরে আবার ফেরতও আনা হয়।

২০১৬ সালে ‘সিলভার স্টোরম্যান’ হিসেবে অবসরে যাওয়া শাজাহান খানও বঙ্গভবনের রেসিডেন্স ব্লকে দীর্ঘদিনে কাজ করেছেন। সিলভার স্টোরম্যানের কাজ বঙ্গভবনের কাটলারির মজুদের দেখভাল করা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাহাবুদ্দীন আহমদ স্যার প্রশাসনিক দিক নিজ হাতে দেখতেন। কখনও কোনো সমস্যা হলে তিনি কোনো অফিসারকে দায়িত্ব দিয়ে বসে থাকতেন না। নিজে তদারকি করতেন।

“আমি এরশাদ সাহবের আমলের আগে চাকরিতে ঢুকি। রেসিডেন্স ব্লকে কাজ করার কারণে সাহাবুদ্দীন সাহেবকে কাছ থেকে দেখেছি। কোথাও রাষ্ট্রীয় অর্থের অপচয় তিনি করতে দিতেন না। সেজন্যই অনেককে মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছিলেন। কর্মচারীরা কোনো সমস্য নিয়ে তার কাছে গেলে সবসময় নিজে সেটার সমাধানে তদারকি করতেন।”

Image
এই বঙ্গভবনে পাঁচ বছর ছিলেন সাহাবুদ্দীন আহমদ। ফাইল ছবি

এই বঙ্গভবনে পাঁচ বছর ছিলেন সাহাবুদ্দীন আহমদ। ফাইল ছবি

বঙ্গভবনের এখনকার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাহাবুদ্দীন আহমদ অনেক নিয়ম তার আমলে করেছিলেন, যেগুলো পরে আবার বাস্তবতার নিরিখে পরিবর্তন করতে হয়।

“যেমন উনি পদ কমিয়েছিলেন। সেই পদে আবার যখন লোক প্রয়োজন হয়ে পড়ে, তখন নিয়োগ বিধি সংশোধন করতে হয়েছে। তার কাছে হয়ত জনবল বেশি মনে হয়েছিল, কিন্তু পরে কাজের প্রয়োজনে আবার আনতে হয়েছে।”

১৯৩০ সালে নেত্রকোনায় জন্ম নেওয়া সাহাবুদ্দীন আহমদ স্বাধীনতার পরপরই হাই কোর্ট বিভাগে বিচারক হিসেবে নিয়োগ পান। ১৯৮০ সালে আপিল বিভাগের বিচারক হিসেবে কাজ শুরুর এক দশক পর ১৯৯০ সালের জানুয়ারিতে দেশের ষষ্ঠ প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।

গণঅভ্যুত্থানে ১৯৯০ সালের ডিসেম্বরে জেনারেল এইচ এম এরশাদ সরকারের পতনের পর পঞ্চম সংসদের নির্বাচন পরিচালনার জন্য তিন মাসের অন্তবর্তীকালীন বা অস্থায়ী একটি সরকার গঠন করা হয়েছিল।

সে সময় আওয়ামী লীগ এবং বিএনপিসহ আন্দোলনকারী সব দলের ঐকমত্যের ভিত্তিতে তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে সেই অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল।

সেজন্য বিচারপতি আহমদকে প্রথমে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয় এবং এরপর তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনের পর নির্বাচন শেষে প্রধান বিচারপতির পদে ফিরে গিয়েছিলেন। এই দুটি বিষয়ে বৈধতা দেওয়া হয়েছিল সংবিধানের একাদশ সংশোধনীর মাধ্যমে।

অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ১১ মাস দায়িত্ব পালন করলেও বঙ্গভবনে ছিলেন না সাহাবুদ্দীন আহমদ।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর তাকে রাষ্ট্রপতি করা হয়। তখন দেশের সপ্তদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর পাঁচ বছর বঙ্গভবনে ছিলেন তিনি।

২০০১ সালে বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার পর ঢাকার গুলশানের বাড়িতে অনেকটা নিভৃত জীবন যাপন করছিলেন সাহাবুদ্দীন আহমদ।