১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে: রাষ্ট্রপতি

হলের প্রাক্তন ছাত্র হিসেবে রাষ্ট্রপতি এস এম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিনিধি দলকে হলের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 04:39 PM

Updated : 11 Nov 2026, 04:39 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের ছাত্র হিসেবে গর্ববোধ করার কথা জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ হলের ঐতিহ্য সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গভবনে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে এস এম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি তাদের এ কথা বলেন।

সকালে অ্যাসোসিয়েশন সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বলে বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া সহয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, “এস এম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি।” এ সময় তিনি হলে অবস্থানকালে নানা স্মৃতিচারণ করেন।

প্রতিনিধি দলের সদস্যরা বলেন, এস এম হলের ছাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা গৌরব বোধ করেন। তারা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় তারা এস এম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে রাষ্ট্রপতি বলেন, “ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা করা হবে।”

প্রধানমন্ত্রী তারেক রহমানও এই হলের ছাত্র ছিলেন বলে তথ্য দেন রাষ্ট্রপতি।

হলের প্রাক্তন ছাত্র হিসেবে রাষ্ট্রপতি প্রতিনিধি দলকে হলের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। এ জন্য প্রতিনিধি দল রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।