২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহাবুদ্দীন আহমদ: বাংলাদেশের সংবিধানের একটি সংশোধন যার জন্য

নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে গণতন্ত্র ফিরলে সংবিধানে আনা হয়েছিল একাদশ সংশোধনী। সেই সংশোধনের উদ্দেশ্য ছিল প্রধান বিচারপতির পদ থেকে সাময়িক সময়ের জন্য রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসা সাহাবুদ্দিন আহমদকে তার আগের চাকরিতে ফেরার বৈধতা দেওয়া।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 04:07 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

একটি মাত্র ব্যক্তির জন্য দেশের শাসনতন্ত্রে ওই সংশোধন আনা হলেও সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে ‘সঙ্কট উত্তরণে’ এই সংশোধনটিকে গুরুত্বপূর্ণ মানছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, যিনি তিন জোটের নেতা হিসেবে তখন পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।

শনিবার বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুর পর ১৯৯০-৯১ এ তার ভূমিকা স্মরণ করে মেনন বলেছেন, দেশে গণতন্ত্রের উত্তরণের পথে তার ভূমিকা ‘অনন্য’ হয়ে থাকবে। 

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের জীবনাবসান  

তিন জোটের (৮ দল, ৭ দল, ৫ দল) সম্মিলিত আন্দোলনে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর সামরিক শাসক এইচ এম এরশাদ পদত্যাগে রাজি হওয়ার পর দেশে গণতন্ত্র ফেরার প্রক্রিয়া শুরু হয়।

তবে এরশাদের পদত্যাগ করলে সরকারের দায়িত্ব নিয়ে কার অধীনে একটি নির্বাচন হবে, তা নিয়ে তিন জোটের মধ্যে মতভেদ কাটছিল না।

এক পর্যায়ে সাহাবুদ্দীন আহমদকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মেনে নিতে সব দল সম্মত হলেও জটিলতা দেখা দেয় সাংবিধানিক প্রশ্নে। কারণ তিনি তখন প্রধান বিচারপতি, আর ওই পদ ছেড়ে দিতে তিনি রাজি ছিলেন না। তিনি শর্ত দেন যে রাষ্ট্রপ্রধানের পদে গিয়ে নির্বাচন করে দেওয়ার পর তিনি আবার প্রধান বিচারপতির পদে ফিরবেন।

রাজনৈতিক দলগুলো তার শর্ত মেনে নেওয়ার পর ক্ষমতা হস্তান্তরের রূপরেখা চূড়ান্ত হয়। ৬ ডিসেম্বর প্রথমে উপরাষ্ট্রপতি মওদুদ আহমদ পদত্যাগ করলে রাষ্ট্রপ্রধান হিসেবে এরশাদ শূন্য সেই পদে নিয়োগ দেন বিচারপতি সাহাবুদ্দীনকে। এরপর এরশাদ নিজে পদত্যাগ করলে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন সাহাবুদ্দীন।

Image
১৯৯০ সালের ৬ ডিসেম্বর এইচ এম এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন সাহাবুদ্দীন আহমদকে।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর এইচ এম এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন সাহাবুদ্দীন আহমদকে।

তত্ত্বাবধায়ক সরকার নামে পরিচিতি পাওয়া নির্দলীয় সেই সরকারের অধীনে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়। সেই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি।

এরপর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, ১৯৯১ সালে ৬ অগাস্ট সংবিধানের একাদশ সংশোধনী পাস হয় সংসদে। তাতে প্রধান বিচারপতি থাকা অবস্থায় সাহাবুদ্দীন আহমদের উপরাষ্ট্রপতি হিসেবে নিয়োগদান বৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি তার প্রধান বিচারপতির পদে ফিরে যাওয়া বৈধতা পায়।

তৎকালীন আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ উত্থাপিত বিলটি সংসদে ২৭৮-০ ভোটে পাস হয়। অর্থাৎ সরকারি ও বিরোধী দল সবার সম্মতিতে তা পাস হয়। সংশোধনটি রাষ্ট্রপতির অনুমোদন পায় ১০ আগস্ট।

সব প্রক্রিয়া সেরে ১৯৯১ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়ে প্রধান বিচারপতির পদে ফিরে যান সাহাবুদ্দীন আহমদ। সেই পদ থেকে ১৯৯৫ সালের ৩১ জানুয়ারি অবসর নেন তিনি।

সেই সংসদের সদস্য প্রবীণ রাজনীতিক মেনন উত্তাল সেই সময়ের প্রেক্ষাপট তুলে ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকেই একটা কথা বলেন যে, তার জন্য একটি সংবিধান সংশোধন করতে হয়েছে। কিন্তু এটা কেবলই গণতন্ত্রের জন্য।

“তিনি আরও দীর্ঘদিন রাষ্ট্রপতি থাকতে পারতেন। সবাই মিলে তাকে রেখে দিতে পারত। কিন্তু তিনি লালায়িত ছিলেন না, সেজন্য বিচারাঙ্গনে ফিরে গেছেন তিনি।”

বিচারপতি সাহাবুদ্দীন নিজে থেকে যেহেতু রাষ্ট্রপতি হতে চাননি, তাই তার ইচ্ছার প্রতি সম্মান জানাতে সংবিধান সংশোধন করাটা অযৌক্তিক ছিল না বলে মনে করেন বাম নেতা মেনন।

“এটা অযৌক্তিক ছিল না; কারণ তিনি শখ করে রাষ্ট্রপতি হননি। সঙ্কট উত্তরণের জন্য রাষ্ট্রপতি হয়েছিলেন। সিদ্ধান্তগুলো খুব অল্প সময়ের মধ্যে হয়েছিল। এজন্য তাকে এটা করতে হয়েছে। সঙ্কট উত্তরণে এ সংশোধনী খুবই জরুরি ছিল।”

এক নজরে সংবিধানে সংশোধনগুলো  

Image
খালেদা জিয়া ও শেখ হাসিনার সঙ্গে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।

খালেদা জিয়া ও শেখ হাসিনার সঙ্গে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।

বিষয়টি নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি চেয়েছিলেন বিচারপতি হিসেবে অবসরে যাবেন।

“ইতিহাসে একটা উদাহারণ রয়েছে- যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছিলেন। উইলিয়াম হাওয়ার্ড ট্যাফট প্রেসিডেন্ট হওয়ার পর অবসরে গিয়ে চিফ জাস্টিস হন। আমাদের উনিও (সাহাবুদ্দীন) প্রেসিডেন্ট হওয়ারেও প্রধান বিচারপতি হয়েছেন।”

এতে বিচারাঙ্গন সম্মানিত হয়েছে বলে মনে করেন এই বিচারপতি।

সংবিধানের ওই সংশোধনীর বিষয়টি ব্যাখ্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক নকিব মোহাম্মদ নসরুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব দলের সম্মতিতে সাহাবুদ্দীন আহমদকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়। উনার কাজ অবাধ সুষ্ঠু নির্বাচন করা এবং এরপরে নিজের আসন প্রধান বিচারপতি পদে চলে যাবেন।

“যেহেতু উনি তিন জোটের রূপরেখা অনুযায়ী তাদের আহ্বানে সাড়া দিয়ে শর্ত সাপেক্ষে এসেছেন। তাই উনার সময়ে যতগুলো আইনগত কাজ, এক্সিকিউটিভ কাজ,, আদেশ, নির্দেশ সবগুলোকেই আইনগতভাবে ভ্যালিড হিসেবে একাদশ সংশোধনীর মাধ্যমে গ্রহণ করা হয়।”

সাহাবুদ্দীন রাষ্ট্রপতি থাকাকালে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দায়িত্ব পালনকারী এম হাফিজউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন জোট রাজি হওয়ায় প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়ার শর্তে ওই সংশোধনী আসে।”

তার মূল্যায়নে হাফিজউদ্দিন বলেন, “এমন রাষ্ট্রপতি আমাদের দেশে আর আসেনি। অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি। বিচারপতি, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা হিসেবে অত্যন্ত নিরপেক্ষ ছিলেন তিনি। এমন লোক পাওয়া মুশকিল।”

Image
রাশেদ খান মেনন।

রাশেদ খান মেনন।

অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দীনের মূল্যায়নে মেনন বলেন, “গণতন্ত্র উত্তরণের পথে তার যে ভূমিকা, তা অনন্য। সে সময় এ দায়িত্ব নিয়ে সবার মতের সঙ্গে একমত হয়ে, সামরিক-বেসামরিক-রাজনৈতিক সবাইকে নিয়ে তিনি গণতন্ত্রের উত্তরণ যেভাবে করতে পেরেছিলেন, জাতি তা স্মরণে রাখবে।”

এই প্রসঙ্গে তিনি বলেন, “একটা কথা বলা প্রয়োজন, দ্বাদশ সংশোধনীর (সংসদীয় গণতন্ত্রে ফেরার জন্য সংবিধানে সংশোধনী) সময় বিএনপি সহজে নিচ্ছিল না। তখন তিনি সংসদে এক বক্তৃতায় হুমকি দিয়েছিলেন। শেষ পযন্ত বিএনপি এ পথে আসতে তারা বাধ্য হয়েছিল। এটাও ছিল অনন্য।”

প্রায় এক বছর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলেও বঙ্গভবনে ওঠেননি সাহাবুদ্দীন আহমদ, কাকরাইলে প্রধান বিচারপতির ভবনেই থাকতেন তিনি।

তবে অবসর নেওয়ার পর ১৯৯৬ সালে দেশের সপ্তদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে পাঁচ বছর বঙ্গভবনে ছিলেন সাহাবুদ্দীন আহমদ। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত সেই পদে ছিলেন তিনি।

এর মধ্যে ২০০১ সালে নির্বাচনে হারের পর আওয়ামী লীগের সমালোচনার ‍মুখে পড়তে হয়েছিল সাহাবুদ্দীনকে।

তার তখনকার ভূমিকার মূল্যায়নে আওয়ামী লীগের এখনকার জোটসঙ্গী দল ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, “পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে তার ভূমিকা, নিরপেক্ষতা, দৃঢ়তা, মূল্যবোধ ইতিহাসের বিষয় হয়ে আছে।”

বঙ্গভবনে যেমন ছিলেন সাহাবুদ্দীন আহমদ