২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহাবুদ্দীন আহমদ: বাংলাদেশের ইতিহাসের সন্ধিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায়

শুধু প্রধান বিচারপতি হয়েই বিদায় নিতে পারতেন সাহাবুদ্দীন আহমদ, সেটা তিনি চাইছিলেনও; কিন্তু না চাইতেই বাংলাদেশের ইতিহাসের পালাবদলের এক ক্ষণে যুক্ত হয়ে গেল তার নাম।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 09:02 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

সামরিক শাসন থেকে গণআন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রে ফেরার প্রক্রিয়ায় সাদাসিধে জীবনে থাকা সাহাবুদ্দীন ঘটনাচক্রে জড়িয়ে পড়লেও নিজের কাজের মধ্য দিয়ে সবার আস্থা অর্জন করে নিয়েছিলেন তিনি।

তাই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর ১৯৯১ সালে তার প্রধান বিচারপতি পদে ফেরার পথ করতে যখন সংবিধান সংশোধন হয়েছিল, তখন সংসদে একটি ভোটও পড়েনি তার বিপক্ষে।

এরপর দ্বিতীয়বার যখন তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন, তখনও কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়নি তাকে।

বাংলাদেশের ইতিহাসে সাহাবুদ্দীনের গুরুত্ব কোথায়, তা ফুটে উঠল তার মৃত্যুতে দেওয়া শোকবার্তায় প্রবীণ রাজনীতিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যে।

তার ভাষায়, “বিচারপতি সাহাবুদ্দীন আহমদ স্বৈরাচারী এরশাদের পতনের পর গণ-অভ্যুত্থান পরবর্তী সেই টালমাটাল দিনে জাতির অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। তার যুগান্তরকারী অবদান দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে, যা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ৯২ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান সাহাবুদ্দীন আহমদ। বাংলাদেশের ষষ্ঠ প্রধান বিচারপতি ছিলেন তিনি। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দেশের পঞ্চদশ রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি, পরে সপ্তদশ রাষ্ট্রপতি হিসেবে পাঁচ বছর ছিলেন বঙ্গভবনে।

নেত্রকোনা জেলার কেন্দুয়ার সাধারণ এক পরিবারে ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি জন্ম নেওয়া সাহাবুদ্দীন নান্দাইলের চন্ডীপাশা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে আইএ পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

১৯৫১ সালে অর্থনীতিতে বিএ (অনার্স) এবং ১৯৫২ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি ১৯৫৪ সালে পাকিস্তানি সিভিল সার্ভিসের (সিএসপি) প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মজীবন শুরু করেন।

Image
নেত্রকোণায় জানাজায় মানুষের ঢল নেমেছিল।

নেত্রকোণায় জানাজায় মানুষের ঢল নেমেছিল।

১৯৬০ সালে প্রশাসন থেকে বিচার বিভাগে বদলি হন সাহাবুদ্দীন। ১৯৬৭ সালে নিয়োগ পান ঢাকা হাই কোর্টের রেজিস্ট্রার পদে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে হাই কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। ১৯৮০ সালে আপিল বিভাগে বিচারকের দায়িত্ব পান তিনি।

১৯৯০ সালের ১ জানুয়ারি প্রধান বিচারপতি নিযুক্ত হন সাহাবুদ্দীন, আর গণআন্দোলনের ওই বছরে এই পদের সূত্রেই সাহাবুদ্দীনের জীবন অন্যভাবে লেখা হয়ে গেল।

ওই দশকজুড়ে সামরিক শাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে আন্দোলন চলছিল রাজনৈতিক দলগুলোর। তার চূড়ান্ত বিস্ফোরণ ঘটে ১৯৯০ সালে। সর্বদলীয় ছাত্র ঐক্য ও তিন জোটের (৮ দল, ৭ দল ও ৫ দল) সম্মিলিত আন্দোলনে হার মেনে ওই বছরের ৪ ডিসেম্বর পদত্যাগ করতে রাজি হন এরশাদ।

তখন প্রশ্ন আসে, এরশাদ পদত্যাগ করলে রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন কে, তার অধীনে হবে সেই নির্বাচন? একসঙ্গে আন্দোলন করলেও এইসব প্রশ্নে দলগুলোর দূরত্ব বাড়তে থাকে।

এই সঙ্কটকালীন সময়ে কীভাবে সাহাবুদ্দীন আহমদের নাম কেন্দ্রে চলে এল, তা তুলে ধরলেন তৎকালীন তিন জোটের লিঁয়াজো কমিটির নেতা রাশেদ খান মেনন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যখন এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সময়ে প্রশ্ন আসল যে অস্থায়ী রাষ্ট্রপতি কে হবেন? কাকে এটা করা যাবে?”

তখনকার ৫ দলের শীর্ষনেতা মেনন ওই সময়কার পরিস্থিতি বর্ণনা করে বলেন, “আওয়ামী লীগের তরফ থেকে প্রস্তাব করা হল এ কে খন্দকারকে (অস্থায়ী রাষ্ট্রপতি পদে)। আমরা আপত্তি করেছিলাম যে, এরশাদের মন্ত্রী ছিলেন তিনি। সুতরাং তাকে করা যাবে না। অন্যদিকে বিএনপিও চাচ্ছিল একজনকে করার জন্য।

“এই জায়গায় যখন মতের মিল হচ্ছিল না, তখন সর্বদলীয় ছাত্র ঐক্যের থেকে আমাদেরকে আল্টিমেটাম দেওয়া হয়, অবিলম্বে এটা ঠিক করেন, সময় দেয়া যাবে না। ইতোমধ্যে সেনাবাহিনীর মধ্যে প্রধান সেনাপতির উপর চাপ সৃষ্টি হলো যে, সেনা শাসন আবার ঘোষণা করেন এবং সামরিক আইন বলবত করার জন্য। এরকম একটা সঙ্কটের মধ্যে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ সাহেবের নামটা আসে।”

নাম এলেও সাহাবুদ্দীন তখন রাজি হচ্ছিলেন না। কারণ তখন তিনি প্রধান বিচারপতি এবং ওই পদ ছাড়তে চাইছিলেন না তিনি।

তখন আলোচনা করতে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে ৮ দল ও ৫ দলের কয়েকজন নেতাকে নিয়ে গিয়ে সাহাবুদ্দীন আহমদের সঙ্গে আলোচনায় বসেন মেনন।

“আমরা যখন প্রধান বিচারপতির বাসভবনে যাই, তিনি তখন একটা শর্ত দিলেন যে, আমি যেন প্রধান বিচারপতির পদে আবার ফিরে যেতে পারি, সেই ব্যবস্থা থাকতে হবে। এটা একটা কঠিন সাংবিধানিক প্রশ্ন, নৈতিক প্রশ্নও বটে। তারপরেও সঙ্কট উত্তরণে আমরা এই শর্ত মেনে নিলাম।”

ওই সময় বিএনপির নেতৃত্বাধীন ৭ দলীয় জোট থেকে লিয়াজোঁ কমিটিতে থাকা খন্দকার মোশাররফ হোসেন ওই সময়কার অবস্থা তুলে ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা তখন অনড় ছিলাম বিচারপতি সাহাবুদ্দীন আহমদের ব্যাপারে। শেষ পর্যন্ত তিনিই নির্দলীয় নিরপেক্ষ সরকারের দায়িত্ব নিলেন।

“আমাদের নেত্রী মনে করেছেন, প্রধান বিচারপতি যিনি আছেন তিনি কোনো রকমের কোনো দলের পক্ষপাতিত্ব করেন নাই, নিরপেক্ষ ও ভালো বিচারপতি হিসেবে তার সুনাম আছে। সেজন্য উনাকে নির্দলীয় সরকারের প্রধান করা ভালো হবে। তিনি নিরপেক্ষ থাকবেন বলেই আমাদের কাছে ওই সঙ্কটে তার উপর ভরসা ছিল আমাদের।”

Image
১৯৯০ সালের ৬ ডিসেম্বর এইচ এম এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন সাহাবুদ্দীন আহমদকে।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর এইচ এম এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন সাহাবুদ্দীন আহমদকে।

প্রথমে সবাই রাজি না হলেও পরে ৩ জোটের সর্বসম্মত সিদ্ধান্তেই সাহাবুদ্দীনকে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি করা হয়েছিল বলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান।

সাহাবুদ্দীন রাজি হওয়ার পর শুরু হয় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা। শেষে ঠিক হয়, তৎকালীন উপ-রাষ্ট্রপতি মওদুদ আহমদ প্রথমে পদত্যাগ করবেন, সেই পদে সাহাবুদ্দীন আহমদকে নিয়োগ দেবেন তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ। এরপর এরশাদ পদত্যাগ করবেন, তখন রাষ্ট্রপতির দায়িত্বে পালনে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবেন সাহাবুদ্দীন।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার সাজান সাহাবুদ্দীন আহমদ, যে সরকার তত্ত্বাবধায়ক সরকার নামে পরিচিতি পেয়েছিল। তাদের দায়িত্ব ছিল নির্বাচন করে গণতান্ত্রিক একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা।

নির্দলীয় সেই সরকারের অধীনে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়। সেই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। কিন্তু বিচারপতি সাহাবুদ্দীনের প্রধান বিচারপতির পদে ফেরার তখনও বাকি।

এরপর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, ১৯৯১ সালে ৬ অগাস্ট সংবিধানের একাদশ সংশোধনী পাস হয় সংসদে। তাতে প্রধান বিচারপতি থাকা অবস্থায় সাহাবুদ্দীন আহমদের উপ-রাষ্ট্রপতি হিসেবে নিয়োগদান বৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি তার প্রধান বিচারপতির পদে ফিরে যাওয়া বৈধতা পায়।

তৎকালীন আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ উত্থাপিত বিলটি সংসদে ২৭৮-০ ভোটে পাস হয়। অর্থাৎ সরকারি ও বিরোধী দল সবার সম্মতিতে তা পাস হয়। সংশোধনটি রাষ্ট্রপতির অনুমোদন পায় ১০ আগস্ট।

সেই সময়কারমন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, “অস্থায়ী রাষ্ট্রপতি পদে আসার যে পূর্বশর্ত বিচারপতি সাহাবুদ্দীন আহমদ দিয়েছিলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠনের পর আমরা অত্যন্ত সততার সাথে সেই সংশোধনী এনেছিলাম। যাতে উনি নিজের জায়গায় ফিরে যেতে পারেন, যাতে করে কোনো ভয়-ভীতি হতাশা না থাকে।”

সব প্রক্রিয়া সেরে ১৯৯১ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়ে প্রধান বিচারপতির পদে ফিরে যান সাহাবুদ্দীন আহমদ। সেই পদ থেকে ১৯৯৫ সালের ৩১ জানুয়ারি অবসর নেন তিনি। প্রায় এক বছর রাষ্ট্রপতির পদে থাকলেও বঙ্গভবনে ওঠেননি তিনি, ছিলেন প্রধান বিচারপতির বাড়িতেই।

মেনন বলেন, “তিনি আরও দীর্ঘদিন রাষ্ট্রপতি থাকতে পারতেন। সবাই মিলে তাকে রেখে দিতে পারত। কিন্তু তিনি লালায়িত ছিলেন না, সেজন্য বিচারাঙ্গনে ফিরে গেছেন তিনি।”

সামরিকতন্ত্র থেকে গণতন্ত্রে ফেরার পর সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের ক্ষেত্রেও সাহাবুদ্দীনের ভূমিকা স্মরণ করেন মেনন। তিনি বলেন, ‘দ্বাদশ সংশোধনীর (সংসদীয় গণতন্ত্রে ফেরার জন্য সংবিধানে সংশোধনী) সময় বিএনপি সহজে নিচ্ছিল না। তখন তিনি সংসদে এক বক্তৃতায় হুমকি দিয়েছিলেন। শেষ পর্যন্ত বিএনপি এ পথে আসতে তারা বাধ্য হয়েছিল। এটাও ছিল অনন্য।”

একজন ব্যক্তির জন্য সংবিধান সংশোধনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও ওই সময়ের প্রেক্ষাপটে তা অযৌক্তিক ছিল না বলে যুক্তি দেখান তখন এসব প্রক্রিয়ায় যুক্ত থাকা মেনন।

“এটা অযৌক্তিক ছিল না; কারণ তিনি শখ করে রাষ্ট্রপতি হননি। সঙ্কট উত্তরণের জন্য রাষ্ট্রপতি হয়েছিলেন। সিদ্ধান্তগুলো খুব অল্প সময়ের মধ্যে হয়েছিল। এজন্য তাকে এটা করতে হয়েছে। সঙ্কট উত্তরণে এ সংশোধনী খুবই জরুরি ছিল।”

১৯৯৫ সালে বিচারপতি সাহাবুদ্দীন অবসর নেওয়ার পর তাকে রাষ্ট্রপতি পদে ফিরিয়ে আনে ১৯৯৬ সালে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনকারী আওয়ামী লীগ। তবে তখনও তাকে রাজি করাতে বেগ পেতে হয়েছিল।

বিএনপি নেতা খন্দকার মোশাররফ বলেন, “আওয়ামী লীগের কিন্তু এরশাদের পতনের পরে প্রথমে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের ব্যাপারে আপত্তি ছিল, কিন্তু তার দক্ষতা দেখে পরবর্তীকালে ১৯৯৬ সালে তাকেই আবার রাষ্ট্রপতি করেছিল।”

Image
খালেদা জিয়া ও শেখ হাসিনার সঙ্গে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।

খালেদা জিয়া ও শেখ হাসিনার সঙ্গে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।

ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, “সাহাবুদ্দীন সাহেব একটা জিনিস প্রমাণ করেছিলেন, তার কাছে রাষ্ট্রপতি পদটা গুরুত্বপূর্ণ না। শেখ হাসিনা ১৯৯৬ সালে তাকে যখন রাষ্ট্রপতি করেন তখন তিনি অনন্য উদাহরণ সৃষ্টি করেন ন্যায় নিষ্ঠা, মূল্যবোধ দিয়ে।

“তার বাসায় যে টেলিফোন দিয়ে তিনি বিদেশে কথা বলতেন, ব্যক্তিগত আলাপচারিতার সেসব টেলিফোন বিল তিনি নিজে পরিশোধ করতেন, সরকারকে করতে দিতেন না। আমরা ঠাট্টা করতাম যে, তার ওখানে (বঙ্গভবনে) চা আর শুকনো বিস্কুট ছাড়া কিছু পাওয়া যায় না।”

অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে না থাকলেও ১৯৯৬ সালে সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বঙ্গভবনে উঠেছিলেন সাহাবুদ্দীন আহমেদ, থেকে ছিলেন ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত ৫ বছর।

তার মৃত্যুর পর বঙ্গভবনের তখনকার কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, খুব সাদাসিধে জীবনযাপন করতেন সাহাবুদ্দীন আহমদ। রাষ্ট্রপতি হিসেবে তার যাবতীয় খরচ রাষ্ট্রের বহনের কথা থাকলেও পরিবারের প্রতিদিনকার বাজারের খরচ নিজের পকেট থেকেই করতেন তিনি। অপচয় এড়াতে বঙ্গভবনের অনেক পদ বিলুপ্তও করেন তিনি।

বিচারপতি সাহাবুদ্দীন আহমদের ন্যায়নিষ্ঠতা ও মূল্যবোধ অনেক প্রখর ছিল উল্লেখ করে মেনন বলেন, “সেই কারণে অনেক সময় সেই সরকারের সাথে তার সংঘাতও হয়েছে।”

আওয়ামী লীগ রাষ্ট্রপতি বানালেও ২০০১ সালের নির্বাচনে হারের পর সমালোচনায় বিদ্ধ করেছিল সাহাবুদ্দীনকেও।

২০০১ সালে বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার পর গুলশানের বাড়িতে নিভৃতে কাটাতেন সাহাবুদ্দীন।

স্ত্রী আনোয়ারা আহমেদকে হারান ২০১৮ সালে। বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা যান।

দুই মেয়ে বিদেশে থাকেন। দুই ছেলে ও তাদের পরিবার নিয়ে ঢাকার বাসা প্রেসিডেন্ট কনকর্ডে থাকতেন তিনি।

খুব বেশি বের হতেন না সাহাবুদ্দীন, কোনো অনুষ্ঠানেও তাকে দেখা যেত না। ফলে তার সম্পর্কে সাধারণ মানুষের জানার সুযোগ খুব কমই ছিল।

সাংবাদিক বিভূরঞ্জন সরকার লিখেছেন, বঙ্গভবনের দিনগুলো নিয়ে বই লিখতে তিনি তিনি একদিন বলেছিলেন সাবেক এই রাষ্ট্রপতিকে।

“তিনি কিছুটা উদাসভঙ্গিতে বলেছিলেন, তিক্ততা বাড়াতে চাই না। যতদিন বাঁচি নিজের মধ্যেই গুটিয়ে থাকব,” লিখেন বিভূরঞ্জন, তাতে ফুটে ওঠে সাহাবুদ্দীনের অন্তর্মুখিতা।

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের জীবনাবসান  

সাহাবুদ্দীন আহমদ: বাংলাদেশের সংবিধানের একটি সংশোধন যার জন্য

বঙ্গভবনে যেমন ছিলেন সাহাবুদ্দীন আহমদ

সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

নিরপেক্ষ নির্বাচনের জন্য সাহাবুদ্দীন অনন্য: ফখরুল  

কার কীভাবে স্মরণ

বিচারপতি সাহাবুদ্দীনের মৃত্যুতে প্রায় সব রাজনৈতিক দল থেকেই শোকবাণী এসেছে, এমনকি যে জাতীয় পার্টি তাদের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের কারাবন্দি হওয়ার জন্য সাহাবুদ্দীনকে দায়ী করে আসছে, তারাও দিয়েছে শোকবার্তা। তবে বিভিন্ন বার্তার পার্থক্যও ছিল দৃশ্যমান।

১৯৯৬-২০০১ সালে সাহাবুদ্দীন যখন রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তখন ছিলেন সংসদের ডেপুটি স্পিকার। পূর্বসূরির মৃত্যুতে আবদুল হামিদের শোকবার্তা ছিল গতানুগতিক। মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় বার্তায়।

যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে সাহাবুদ্দীন আহমেদকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তার শোকবার্তাও ছিল রাষ্ট্রপতির শোকবার্তার অনুরূপ।

Image
সাহাবুদ্দীন আহমদ।

সাহাবুদ্দীন আহমদ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় সাহাবুদ্দীনের মৃত্যুর খবর পান। তিনি তখন শোক জানিয়ে বলেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশে গণতান্ত্রিক ইতিহাসে অনন্য হয়ে থাকবেন সাহাবুদ্দীন আহমদ।

“তার সেই ভূমিকা নিঃসন্দেহে দেশের গণতান্ত্রিক ইতিহাসের অনন্য হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ যতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে, ততদিন তাকে স্মরণ করবে।”

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের শোক প্রকাশ করে সাহাবুদ্দীনের আত্মার মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, “মহান আল্লাহ্ যেন তার ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

এরশাদের ভাই জি এম কাদের বিভিন্নজনের মৃত্যুতে শোকবার্তা পাঠালেও এমন বাক্য এর আগে দেখা যায়নি।

এরশাদ আমলে জাতীয় পার্টির মিত্র হয়ে থাকা আ স ম আবদুর রবের শোকবার্তাও ছিল সাদামাটা, দুই বাক্যে সমাপ্ত।

মূলত যাদের আন্দোলনে এরশাদের পতন ঘটেছিল, সেই সর্বদলীয় ছাত্রঐক্যের তখনকার একদল নেতার শোকবার্তায় তার ভূমিকার কথা তুলে ধরা হয়।

Image
নেত্রকোনায় জানাজার আগে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান।

নেত্রকোনায় জানাজার আগে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান।

এতে বলা হয়, “বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের নেতৃত্বে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি ৫ম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়। জাতির সেই ক্রান্তিলগ্নে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ দেশকে সঠিক পথে পরিচালনাসহ সংবাদপত্রের স্বাধীনতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।”

নাজমুল হক প্রধান, মোস্তফা ফারুক, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, বজলুর রশিদ ফিরোজ, আখতার সোবহান মাশরুরসহ কয়েকজনের নামে এই শোকবার্তা আসে।

সম্মিলিত সামাজিক আন্দোলন শোকবার্তায় বলেছে, “বিচারপতি সাহাবুদ্দীন একজন নির্ভীক, সত্যবাদী ও দায়িত্বশীল, দক্ষ দেশপ্রেমিক মানুষ ছিলেন। তিনি গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি আস্থাশীল ছিলেন, সে বিবেচনায় ১৯৯০ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তার বিচক্ষণতা ও নেতৃত্বের কথা জাতীয় জীবনে স্মরণীয় হয়ে থাকবে।”

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টচার্য শোকবার্তায় বলেন, “যদিও সংসদীয় গণতন্ত্রে প্রেসিডেন্টের ক্ষমতা খুবই সীমিত, তিনি রাজনৈতিক ক্ষেত্রে তার সততা এবং প্রজ্ঞা দ্বারা বাংলাদেশের সকল স্তরের মানুষের ভালোবাসা ও সম্মান জয় করেন। তার মৃত্যুতে দেশবাসী একজন আদর্শিক দেশপ্রেমিক ও সৎ মানুষকে হারাল।”

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে সাহাবুদ্দীনের আমলে ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের দেশে-বিদেশে প্রশংসিত হওয়ার কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, “বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ স্বৈরাচার এরশাদের পতনের পর গণ-অভ্যুত্থান পরবর্তী সেই টালমাটাল দিনে জাতির অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। তার যুগান্তরকারী অবদান দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে, যা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “সামরিক শাসন পদদলিত সংবিধান ও বিচারবিভাগের মর্যাদা পুনরুদ্ধার এবং সামরিক শাসন ও অবৈধ ক্ষমতা দখলের ধারা থেকে দেশে সাংবিধানিক গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠায় তার সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এবং ছাত্র ঐক্যের আহবায়ক ডাকসুর তৎকালীন ভিপি আমান উল্লাহ আমান।