২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় চেয়েছেন হুদা, ফের পেছাল অভিযোগ গঠনের শুনানি

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ঘুষ দাবির ‘মিথ্যা অভিযোগ’ করায় সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগ গঠনের শুনানি চতুর্থবারের মতো পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 02:49 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

সোমবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান অভিযোগ গঠনের শুনানির জন্য ৬ এপ্রিল নতুন তারিখ রেখেছেন।

এর আগে গত ১৩ ডিসেম্বর ও ১৬ জানুয়ারি তারিখ থাকলেও অভিযোগ গঠনের শুনানি হয়নি। এরপর গত ৬ ফেব্রুয়ারি নাজমুল হুদার অসুস্থতার কারণ দেখিয়ে তার পক্ষে সময় চাওয়া হয়। তখন শুনানির জন্য ৭ মার্চ তারিখ রাখা হয়।  

সোমবার তিনি আদালতে এলেও তার আইনজীবী মো. এহসানুর রহমান হাই কোর্ট ও আপিল বিভাগ থেকে এ মামলার ‘প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি পাননি’ জানিয়ে ফের সময়ের আবেদন করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক বেনজীর আহম্মেদ গত বছরের অক্টোবরে এ মামলায় অভিযোগপত্র দেন। আসামি নাজমুল হুদা বর্তমানে জামিনে রয়েছেন।

২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয়-১-এ নাজমুল হুদার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে একটি মামলা করেন নাজমুল হুদা।

সেখানে তিনি অভিযোগ করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ’খারিজ’ করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়।

“মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা।”

পরে মামলাটি তদন্তের জন্য দুদকে আসে। দেড় বছর তদন্ত করে এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলাটি ’মিথ্যা অভিযোগে’ করা হয়েছে বলে প্রমাণ হয়। তখন ‘মিথ্যা তথ্য দেওয়ার’ অভিযোগে উল্টো ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধেই এ মামলা করা হয়।

পুরনো খবর:

এসকে সিনহার রায় পড়ছে আদালত  

এস কে সিনহা: বিচারাঙ্গনের চূড়া থেকে দণ্ডিত অপরাধী  

বিচারক ছুটিতে, এস কে সিনহার রায় পেছাল  

নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল  

নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল  

সিনহার বিরুদ্ধে হুদার মামলা