২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ঘুষ দাবির ‘মিথ্যা অভিযোগ’ করায় সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের মামলার অভিযোগ গঠনের শুনানি তৃতীয়বারের মতো পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 09:34 PM

Updated : 25 Jul 2022, 04:39 PM

রোববার নাজমুল হুদার অসুস্থতার কারণ দেখিয়ে তার পক্ষে সময় চাওয়া হয়। পরে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান  এ শুনানির জন্য ৭ মার্চ  নতুন তারিখ রাখেন।

এর আগে গত ১৩ ডিসেম্বর এবং ১৬ জানুয়ারি তারিখ থাকলেও এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়নি।

২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয়-১-এ নাজমুল হুদার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

নথিপত্র থেকে জানা যায়, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এস কে সিনহার বিরুদ্ধে একটি মামলা করেন। সেখানে তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালত বাতিল করার পরও ‘প্ররোচিত হয়ে’ মামলাটির রায় পরিবর্তন করা হয়।

“মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা।”

পরে মামলাটি তদন্তের জন্য দুদকে আসে। দেড় বছর তদন্ত করে এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলাটি ‘মিথ্যা’ বলে আদালতে প্রতিবেদন দেয় দুদক। তখন ‘মিথ্যা তথ্য দেওয়ার’ অভিযোগে উল্টো ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধেই এ মামলা করা হয়।