টিকটকে র্যাব পরিচয়ে প্রতারণা, র্যাবের হাতেই ধরা
আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে টিকটক ব্যবহার করে ‘শতাধিক’ নারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর‘আত্মসাতের’ অভিযোগে আব্দুর রাকিব ওরফে খোকন ওরফে টিকটক রাজ নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার রাজ দাবি করতেন, বিজিবির ল্যান্স নায়েক পদ থেকে তিনি র্যাবে বদলি হয়েছেন। র্যাবের পোশাক পরে টিকটক ভিডিও তৈরি করে শতাধিক মেয়ের সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ করে তিনি প্রতারণা চালিয়ে আসছিলেন বলে এ বাহিনীর ভাষ্য।
মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন জানান, সোমবার রাতে মোহাম্মদপুর এলাকায় র্যাব-২ এবং র্যাব-৫ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় রাজকে। তার কাছ থেকে র্যাবের পোশাক, প্রতারণায় ব্যবহৃত মোবাইল ও সিম এবং বাঁশি উদ্ধার করা হয়।
খন্দকার মঈন বলেন, “টিকটকার রাজ র্যাবের পোশাক পরে নিজেকে র্যাব-৫ এর কর্মরত হিসেবে পরিচয় দিয়ে আসছিল। টিকটকের পাশাপাশি ফেইসবুক, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে সে এভাবে প্রতারণা করে আসছিল গত দুই বছর ধরে।
“টিকটকে তার দেড় মিলিয়ন ফলোয়ার রয়েছে। নিম্নবিত্ত পরিবারের সন্তান হয়েও নিজেকে উচ্চবিত্ত হিসেবে পরিচয় দিত। এই পরিচয় ফুটিয়ে তুলতে বিভিন্ন আলিশান বাড়ির সামনে সে ভিডিও তৈরি করত।
“টিকটক ব্যবহারকারী মেয়েদের মধ্যে যারা দামি অলঙ্কার পরত, বা অবস্থাপন্ন বলে যাদের মনে হত, তাদেরকে টার্গেট করত রাজ। পরে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে অলঙ্কার ও অর্থ আত্মসাৎ করত।”
“প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর র্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে গত দেড় বছরে সে তিনটি বিয়ে করেছে। যদিও পরে প্রতারণার বিষয়টি টের পাওয়ার পর বিবাহ বিচ্ছেদ হয়।
“এছাড়া শতাধিক নারীকে সে বিভিন্নভাবে প্রতারিত করেছে। কৌশলে প্রতারণার মাধ্যমে বিভিন্ন নারীর সঙ্গে আপত্তিকর ছবি ধারণ করে মোবাইলে সংরক্ষণ করত এবং ফেইসবুক ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত।”
খন্দকার মঈন বলেন, সম্প্রতি টিকটক সেলিব্রিটি বানানোর নামে বিভিন্ন দেশে নারীপাচার চক্রের হোতা আশরাফুল মণ্ডল ওরফে বস রাফি, ম্যাডাম সাহিদা এবং টিকটক হৃদয় বাবু ও তার সহযোগী অনিকসহ বেশ কয়েকটি নারী পাচার চক্রের মোট ৬৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারই ধারাবাহিকতায় টিকটকার রাজকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
