একদিন গোধূলী নামে, তারুণ্য তা জানে?
জীবনে ‘অবসর’ কি জিনিস তা বার্ধক্যে এসেও জানতে পারেননি আবু বকর সিদ্দিক। ১১ বছর ধরে রাজধানীর ফুটপাতে মৌসুমি ফল বিক্রি করে তার পেট চলে। এর আগে প্রায় ২০ বছর ফুটপাতেই ছিল তার চা-বিস্কুটের দোকান।
অভাব-অনটনের সংসারে সন্তানদের বোঝা হয়ে থাকার পক্ষে নন সত্তরোর্ধ্ব এই প্রবীণ। তাই যতদিন শরীরে কুলায়, কাজ করে যেতে হবে তাকে।
তিন মেয়ে দুই ছেলের জনক আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলেরা যে আয়-রোজগার করে তা দিয়ে ওদেরই চলতে কষ্ট হয়। আমরা বুড়ো-বুড়ি তাদের ওপর ভর করতে চাই না।
“এখনও তো পারছি, শুধু শুধু ঘরে বসে না থেকে কাজ করলাম, কয়টা টাকা আসলো, আমরাও একটু মনের খুশিমতো কিছু কিনে খেয়ে-দেয়ে জীবনের বাকিটা সময় পার করতে চাই।”
এই বয়সেও জীবনযুদ্ধ চালিয়ে যাওয়া এই বৃদ্ধ বললেন, “আমি কাজ ছেড়ে দেব কিনা তা কখনও আমার ভাবনাতেও আসে না। এখনও আল্লাহর রহমতে সুস্থ আছি, বাকি জীবনটাও কাজ করে যেতে চাই।”
আবু বকর জানান, সরকারের বয়স্কভাতা কর্মসূচিতে তার নাম রয়েছে। সেখান থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে পান। তবে সেটা তাদের ওষুধপত্র কিনতেই লেগে যায়।
শুধু আবু বকর নন, দেশে বহু বয়োজ্যেষ্ঠ নাগরিক পেটের তাগিদে বিভিন্ন পেশায় শ্রম দিয়ে যাচ্ছেন প্রতিদিন। কেউ অভাব-অনটনে, কেউবা ছেলে-মেয়ের কাছ থেকে বিতাড়িত হয়ে শেষ বয়সে এসেও নিজের কাঁধে বোঝা নিয়ে ছুটছেন।
আবার অবসরের পর অনেকের ঠাঁই হয়েছে প্রবীণ নিবাসে, তাদের কষ্টের খবর সন্তানরা রাখে না। একদিন সবাইকে বৃদ্ধ হতে হয়, তারুণ্যের উজ্জ্বল দিনে সেই সত্য মনে রাখে না কেউ।
>> বাংলাদেশের আইনে ৬০ বছর বা তার বেশি বয়সীদের প্রবীণ বলে ধরা হয় >> দেশে প্রবীণের সংখ্যা বর্তমানে প্রায় ১ কোটি ৪০ লাখ, যা মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ >> ২০৫০ সাল নাগাদ দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা দাঁড়াবে চার কোটি >> প্রবীণদের দেশের ‘জ্যেষ্ঠ নাগরিক’ হিসেবে স্বীকৃতি দিয়ে বেশ কিছু অধিকার নিশ্চিত করতে বলা হয়েছে জাতীয় প্রবীণ নীতিমালায় |
ঢাকায় গত ২৫ বছর ধরে রিকশা চালিয়ে সংসার টানছেন ৬৮ বছর বয়সী মো. মাহালম।
“যারা চাকরি করেছেন দীর্ঘদিন, ব্যবসা-বাণিজ্য করেছেন; নানা কিছু করে অবদান রেখেছেন। তাদের অভিজ্ঞতা দেশকে কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হলে প্রবীণের সেবা করা দরকার, তাদের ভালো রাখা দরকার।”
তিনি বলেন, আগে প্রবীণরা সমাজে বিচার সালিশ করতেন, তাদের মানতেন সবাই। এখন সে বিষয়টা নেই। যৌথ পরিবার নেই বললেই চলে, একক পরিবার হয়ে গেছে সব। তাতে প্রবীণদের প্রতি অবহেলা বেড়েছে।
প্রবীণদের জন্য সরকারের নানা উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা দরকার বলে মনে করেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি।
তিনি বলেন, “প্রবীণবান্ধব এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণদের জন্য কাজ করে যাচ্ছেন। বয়স্কভাতা চালু করেছেন, নীতিমালা, ভরণ পোষণ আইন করেছেন। … প্রবীণদের চিকিৎসা সেবা বলেন, যা কিছু বলেন, দরকার সমাজ সচেতনতা।”
সরকার বয়স্কভাতা দেওয়া শুরু করেছে ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে। ওই সময় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারীকে এ ভাতার আওতায় এনে মাসে ১০০ টাকা করে দেওয়া শুরু হয়।
সমাজসেবা অধিদপ্তরের অধীনে এই বয়স্কভাতা পাওয়া মানুষের সংখ্যা চলতি অর্থবছরে দাঁড়িয়েছে ৫৭ লাখ ১ হাজার জনে। মাসে ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে তাদের।
২০২১-২২ অর্থবছরে বয়স্কভাতার জন্য জাতীয় বাজেটে সরকার তিন হাজার ৪৪৪ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ রেখেছে। বর্তমানে ৬৫ বছর বয়সী পুরুষ ও ৬২ বছর বয়সী নারীরা এই ভাতার জন্য নির্ধারিত শর্তে বিবেচিত হন।
বয়স্ক ভাতা পেতে হলে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হয়; জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচিতি নম্বর থাকতে হয়; পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ৬৫ বছর এবং নারীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হয়। বার্ষিক গড় আয় ১০ হাজার টাকার বেশি হলে এই ভাতা দেওয়া হয় না।
জীবনে কখনো অবসর মেলেনি প্রায় ৬০ বছর বয়সী চানাচুর বিক্রেতা আদম আলীর।
নগরীর নয়াপল্টনে কথা হয় ৬৮ বছর বয়সী রিকশা চালক মো. মাহালমের সঙ্গে। গাইবান্ধার নলডাঙ্গার সাদুল্লাহপুরের মাহালম জীবিকার জন্য কাজ নেমেছিলেন সেই ছোট বেলায়। তিনি ঢাকায় আছেন ৩৫ বছর ধরে। এর মধ্যে গত ২৫ বছর ধরে রিকশা চালিয়ে সংসার টানছেন। আগে হোটেল বয় হিসেবে কাজ করেছেন দীর্ঘ দিন।
মাহালম বলেন, “রিকশা চালানো ছাড়া আমি আর কোনো কাজ পারি না। এই কাজ যদি ছেড়ে দিই, তাহলে সংসারে এক মেয়ে আর আমরা দুইজনকে না খেয়ে থাকতে হবে। যতদিন বেঁচে থাকি এই কাজই করে যাব।”
ঢাকা ছেড়ে যাওয়ার মতো কোথাও জায়গা নেই মাহালমের। পৈতৃক ভিটে-মাটি যা ছিল বাবা মারা যাওয়ার পর পর অন্য ভাই-বোনেরা বিক্রি করে দিয়েছেন। গ্রামে এখন যাওয়ার মতো অবস্থা নেই।
জাতীয় প্রেস ক্লাবের উল্টোদিকের ফুটপাতে অস্থায়ী একটি টেবিলে ফল কেটে পথচারীদের কাছে বিক্রি করেন ষাটোর্ধ্ব মাহতাব আলী। স্বাধীনতার পর থেকে তিনি এই কাজ করছেন। এর আগে পাকিস্তান আমলে পত্রিকার হকার ছিলেন।
এক মেয়ে ও দুই ছেলের জনক মাহতাব বলেন, “জীবনে আর কিছু চাওয়া-পাওয়া নাই। পাকিস্তান আমলে এক স্যারের কাছে একটি চাকরির প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু চাকরিটা নিইনি। ওই চাকরিটা নিলে এখন বোধহয় কাজ করতে হত না।”
এই বয়সেও খুব সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতে দাঁড়িয়ে ব্যবসা করে যাচ্ছেন মাহতাব। তিনি বললেন, “শরীরে বড় ধরনের কোনো অসুখ-বিসুখ নেই। জীবনে আর যতদিন বেঁচে থাকি এভাবেই যেন কর্ম করে যেতে পারি সেই আশা করি।”
নগরীর ফুটপাতে ছোলা-চানাচুর বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন আরেক প্রবীণ ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসিন্দা আদম আলী। দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে আদমের সংসার। ঢাকায় তিনি একাই থাকেন, পরিবারের বাকিরা থাকেন গ্রামে।
তিনি বলেন, “খুব ছোটবেলা থেকে মানুষের বাড়িতে কামকাজ করে করে বড় হইছি। পরের বাড়িতে থেকে বড় হইছি। বিয়ের সময়টাও বুঝতে পারি নাই। চল্লিশের কাছাকাছি এসে বিয়ে করি। যে কারণে ছেলে-মেয়েদের এখনও কাজের বয়স হয়নি।”
ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন জানতে চাইলে ৬০ বছর বয়সী আদম আলী বলেন, “কতদিন বাঁচব তা আল্লাহই জানে। তবে আমার একটা ইচ্ছা আছে, কিছু টাকা-পয়সা জমাইতে পারলে ফুলের ঝাঁড়ু ও ঝাঁপির দোকান দিব।”
তার ভাষায়, “গরীব মানুষের অবসর নাই। কর্ম করলে খাবার আসবে, না করলে বিনা খাবারে থাকতে হবে। অবসরের সুযোগ নাই, তা জীবনে ভাবিও না।”
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মো. আব্দুল মান্নান জানান, আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে বয়স্ক ও অবস্থাপন্ন লোকেরা থাকেন। সেখানে সিট ভাড়া, খাবার খরচ, নিরাপত্তা ব্যয় মেটাতে হয়। গরীব মানুষের সে সামর্থ্য হয় না।
কিন্তু প্রবীণ নিবাসে যাদের ঠাঁই হয়েছে, তাদের সবার জীবনের গল্পও সুখের নয়। পেশাজীবনে দীর্ঘদিন হয়ত বড় দায়িত্বে ছিলেন, অথবা সংসার সামলেছেন দাপটের সঙ্গে, শেষ বয়সে তাদের অনেকের সঙ্গী কেবল নিঃসঙ্গতা।
দীর্ঘ অভিজ্ঞতার ঝাঁপি খুলে আব্দুল মান্নান বলেন, “এক দম্পতি, দুই জনই অধ্যাপক ছিলেন, শেষ বয়সে এই প্রবীণ নিবাসে আশ্রয় নিয়েছেন।
“তাদের ছেলে মেয়ে লন্ডনে-আমেরিকায় থাকে। বছরে একবারও টেলিফোন করে বাবা-মায়ের একটা খোঁজও নেয় না। অথচ বাবা-মা তাদের জন্য সম্পদ গড়ে তুলেছেন, দুটি-তিনটি বাড়ি, বিজনেস প্লাজা করেছেন।”
মান্নান জানান, ছেলেমেয়েদের সম্পদ রক্ষার জন্য অন্যেরা যাতে জমি রেজিস্ট্রি করে নিতে না পারে, সেই ভয়ে প্রবীণ নিবাসে থাকেন ওই দম্পতি। এখানে যারা আসেন, তাদের বেশিরভাগেরই পরিবারের সঙ্গে সম্পর্ক ‘ভালো না’।
সাবেক সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, “প্রবীণদের সেবা করার বিষয়টা আমাদের দেশে আমরা জানিই না। .. এটা ঠিক করতে হলে সরকার, সঙ্গে সঙ্গে সমাজকে এগিয়ে আসতে হবে।
“ছেলে-মেয়েরা তাদের বাবা-মায়ের কীভাবে সেবা করা লাগে জানে না। বাবা-মা কী খেতে চায়? তাদের কীভাবে শোয়াতে হবে? কীভাবে বাথরুমে নিয়ে যেতে হবে? কীভাবে চিকিৎসা সেবা দিতে হবে? তাদের শখ কী? যুবারা এসব খোঁজ রাখে না।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “ছেলে মেয়েকে সচেতন হতে হবে, বাবা-মা কে শ্রদ্ধা-ভক্তি করার মনোভাব গড়ে তুলতে হবে। বাবা-মার সঙ্গে আচরণ, ব্যবহার ভালো হতে হবে, তাহলে বাবা মা ভালো থাকবে।”
২০১৪ সালে ষাট বছর এবং তার বেশি বয়সীদের জ্যেষ্ঠ নাগরিক (সিনিয়র সিটিজেন) ঘোষণা করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছিলেন, যারা এ সমাজ গড়ছেন, তাদের শেষ জীবন স্বস্তিময় করতে সন্তানদেরেই দায়িত্ব নিতে হবে।
প্রবীণ জনগোষ্ঠীর মানবিক অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশ নানা কর্মসূচির মাধ্যমে ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করে। এবছর দিবসটির স্লোগান ‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা’।
চিকিৎসক এ কে এম আবদুল ওয়াহেদের উদ্যোগে ১৯৬০ সালে প্রবীণ হিতৈষী সংঘের যাত্রা শুরু।
আগারগাঁওয়ের প্রবীণ নিবাসের ব্যবস্থাপকের দায়িত্বে আছেন তরুণ গবেষক ডা. মহসীন কবির। তিনি জানান, বর্তমানে দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা দেড় কোটির কাছাকাছি। ৩০ বছর পর এ সংখ্যা প্রায় চার কোটিতে দাঁড়াবে, যা জনসংখ্যার ২০ শতাংশ হবে। বিশাল এই প্রবীণ জনগোষ্ঠীর জন্য এখনই প্রস্তুতি নিতে হবে।
“ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে তেমন প্রস্তুতি আমাদের নেই। প্রবীণবান্ধব বাংলাদেশ গড়তে এ মুহূর্তে আমাদের সবার প্রস্তুতি প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা আগামী দিনের প্রবীণ, তাদেরকে ভাবতে হবে নিজের বার্ধ্যক্যের দিনগুলো নিয়ে। আজ যে সুবিধা তরুণরা রেখে যাবেন, তাই তারা বার্ধ্যক্যে ভোগ করতে পারবেন।”
সরকারের পক্ষ থেকে প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষায় ২০১৩ সালে জাতীয় প্রবীণ নীতিমালা করা হয়েছে। ওই বছরই হয়েছে পিতা-মাতা ভরণ পোষণ আইন। কিন্তু তরুণরা কি সচেতন হচ্ছে?
তরুণ গবেষক মহসীন কবির বলেন, “এখনই নানামুখী পদক্ষেপ না নিলে আমরাই পিছিয়ে যাব। আমাদের চিন্তা করতে হবে য প্রবীণদের কল্যাণে এগিয়ে আসার দায়িত্ব নবীনদেরই। সরকারের শুধু একার দায়িত্ব এটা নয়, সবার সচেতনতা, মানবিকতা, দায়িত্বশীলতা জরুরি।”
আরও পড়ুন
