২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাছা, তোর কারণেই ঘরছাড়া’

রিয়াজুল বাশার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 12:33 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

সিঁড়ি ভেঙে চারতলায় উঠতে ঘেমে গেলেন মো. আবু তৈয়ব। এক হাতে শক্ত করে ধরে রেখেছেন ছাতার হাতল। আরেক হাতে ডিম আর পাউরুটির ব্যাগ।

আগারগাঁওয়ের প্রবীণ নিবাসের বাসিন্দা আবু তৈয়ব সোমবার সকালে নিচে নেমেছিলেন খাবার কেনার জন্য। গত এক বছর ধরে প্রবীণ নিবাসই গণপূর্ত বিভাগের সাবেক এই প্রকৌশলীর ঠিকানা।

সিঁড়ির মুখে দেখা হতেই মুখে দেখা গেল সরল হাসি। বললেন, “এই বয়সে আর সিঁড়ি ভাঙতে পারি না। শরীর অস্থির লাগে।”

আবু তৈয়বের বয়স সত্তরের কাছাকাছি। ঈদের দিন রিকশা দূরত্বে ছেলের বাসায় বেড়াতে গিয়েছিলেন। বিকেলে আবার ফিরে এসেছেন নিবাসে।

এক সময়ের কর্মমুখর দিনের স্মৃতি এখন বিবর্ণ। সন্তানের কথা উঠতেই কোথায় যেন ব্যথা মোচড় দিয়ে ওঠে; কোথায় যেন হারিয়ে যায় দৃষ্টি।

অনেকটা আনমনেই তিনি বলে ওঠেন, “সবাইতো চায় সন্তানদের সঙ্গে ঈদে করতে, আনন্দ করতে; কিন্তু সব চাওয়া কি পূরণ হয়?”

নিবাসে থাকতে মন না চাইলেও আবু তৈয়ব যে বাধ্য হয়ে থাকছেন, তা বোঝা গেল তার কথায়। বললেন, “অনেক সময় বৃদ্ধ পিতা-মাতা সন্তানদের উৎপাত করেন, আবার অনেক সময় সন্তানরাও উৎপীড়ন করেন।”

Image
আগারগাঁওয়ের প্রবীণ নিবাস এখন ৪৬ জন জ্যেষ্ঠ নাগরিকের আবাস।

আগারগাঁওয়ের প্রবীণ নিবাস এখন ৪৬ জন জ্যেষ্ঠ নাগরিকের আবাস।

প্রবীণ নিবাসের বারান্দায় দেখা গেল বেঞ্চিতে বসে বিষণ্ন মুখে রাস্তার দিকে তাকিয়ে এক নারী। তার দৃষ্টি হয়তো রাস্তার যানবাহন দেখছে, মানুষ দেখছে, অথবা কিছুই দেখছে না।

কথা বলতেও তার খুব একটা আগ্রহ দেখা গেল না। ছোট ছোট উত্তরে, কখনো একটু মাথা নেড়ে তিনি যা বললেন, তাতে জানা গেল, ৭২ বছর বয়সী মাসুমা সিদ্দিকী এক সময় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়াতেন।

এসময় এক প্লেট চিকেন সামুচা নিয়ে বারান্দায় হাজির হলেন নিবাসের এক সেবিকা। তাকে দেখে কথা ফুটল মাসুমার মুখে। বললেন, “আমার কেনা সামুচা। ওরা ভেজে দিয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই প্রতিবেদককে খাওয়াতে ব্যস্ত হয়ে উঠলেন তিনি। সামুচা শেষ না হওয়া পর্যন্ত আশপাশে যাকেই দেখলেন, ডেকে ডেকে খাওয়ালেন উৎসাহের সঙ্গে।

খাওয়ানোর পর্ব শেষে ফিরে এল সেই বিষণ্নতা; সামনের রাস্তার দিকে নিষ্পলক চেয়ে থাকা।

পরিবারের প্রসঙ্গ উঠতেই ছলছল করে উঠল মাসুমার চোখ। তিন ছেলে-মেয়ের মধ্যে ছোট মেয়ে মারা গেছেন কিছুদিন আগে। বললেন, “আমার আগেই আমার বাচ্চাটা চলে যাবে এটা কখনো ভাবা যায়!”

মাসুমা সিদ্দিকী কিডনির জটিলতায় ভুগছেন; বয়সের কারণে যোগ হয়েছে আরও নানা সমস্যা। অসুস্থতা বেড়ে গেলে পরিবারের লোকদের খবর দেওয়া হয়। তারাই বাইরের হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

ঈদ কেমন কাটালেন- এ প্রশ্নেও তার নির্মোহ উত্তর, “ঈদ আর কেমন কাটবে? যেমন কাটে...।”

এই নিবাসে প্রায় পাঁচ বছর হয়ে গেছে মাসুমার। সেবিকারা জানালেন, এভাবে কখনো বারান্দায় বসে, কখনো লাইব্রেরিতে বা টেলিভিশন কক্ষে, অথবা নিজের শোবার ঘরে বসে থেকেই তার দিন কাটে।

এখানে একঘেয়ে লাগে না?

প্রশ্ন শুনে একটু যেন শক্ত হয়ে বসলেন মাসুমা। বেশ জোরের সঙ্গে বললেন, “একঘেয়ে লাগলেও উপায় নেই। আমাকে এখানে থাকতেই হবে। আমি একা, কোথাও যেতে পারি না।”

Image
চিকিৎসক এ কে এম আবদুল ওয়াহেদের উদ্যোগে ১৯৬০ সালে প্রবীণ হিতৈষী সংঘের যাত্রা শুরু।

চিকিৎসক এ কে এম আবদুল ওয়াহেদের উদ্যোগে ১৯৬০ সালে প্রবীণ হিতৈষী সংঘের যাত্রা শুরু।

মাসুমার সঙ্গে কথা বলতে বলতেই পরিচয় হল এ নিবাসের ৭৫ বছর বয়সী আরেক বাসিন্দার সঙ্গে। চট্টগ্রামের এই মানুষটি কোনোভাবেই নিজের নাম বলতে রাজি নন। ছবি তুলতে দিতেও তার প্রবল আপত্তি।

এক সময় বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। প্রবীণ নিবাসে রয়েছেন গত ৯ বছর ধরে।

নিজের ঘরে বসার জন্য চেয়ারে এগিয়ে দিয়ে নিজে বসলেন বিছানার উপর। কথা বলে জানা গেল, তার স্ত্রী থাকেন সন্তানদের সঙ্গে। তবে তিনি প্রবীণ নিবাসকেই ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন।

কেমন লাগছে এখানে?

“বাস্তবতাকে মেনে নিয়েই বাঁচতে হবে,” বেশ দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন বৃদ্ধ।  

ঈদ কেমন কাটল জানতে চাইতেই দ্রুত বলে গেলেন- “ভালো। বাজার করলাম, নামাজ পড়লাম। এখানে ভালো খাবারের আয়োজন ছিল... সবাই মিলে খেলাম।”

সন্তানদের সঙ্গে থাকতে ইচ্ছে করে না?- এ প্রশ্নে শক্ত হয়ে উঠল সাবেক এ প্রকৌশলীর চোখমুখ।

বললেন, “একসঙ্গে থাকার শখ মরে গেছে। শখকে গলা টিপে হত্যা করা হয়েছে।”

সন্তানদের সঙ্গে যোগাযোগ আছে কিনা জানতে চাইলে তার চোখেমুখে যেন কৌতুক খেলে গেল।

মুখ চেপে উত্তর দিলেন, “আগে ছিল না, এখন আছে।”

প্রবীণ নিবাসের ছবি নেওয়ার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী যখন ক্যামেরা চালাচ্ছেন, তখনই বিভিন্ন কক্ষের মাঝখানে একটি বসার জায়গা থেকে উচ্চস্বরে ভেসে এল তিরস্কার।

“কে ছবি তুলছে? কে? আপনারা কারা?”

নিবাসে প্রবেশের সময়ই এক কর্মকর্তা ছবি তোলা ও ‘পরিবার’ নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে সাবধান করে দিয়েছিলেন। তিরস্কার চলার মধ্যেই নিবাসের বসার জায়গা থেকে একজন এগিয়ে এলেন এবং সাংবাদিক পরিচয় শুনে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করতে লাগলেন।

তাকে জানানো হল, জ্যেষ্ঠ নাগরিকদের ঈদ কেমন কেটেছে জানতেই প্রবীণ নিবাসে আসা।

Image
আগারগাঁওয়ের প্রধান শাখাটি ছাড়াও সারাদেশে ৫৪টি শাখা রয়েছে প্রবীণ হিতৈষী সংঘের।

আগারগাঁওয়ের প্রধান শাখাটি ছাড়াও সারাদেশে ৫৪টি শাখা রয়েছে প্রবীণ হিতৈষী সংঘের।

“আমাদের আবার ঈদ,” শ্লেষভরা এই উত্তরের পর একটানা তিনি বলতে শুরু করলেন, “আমাদের ছবি তোলেন কেন? প্রশ্ন করেন কেন? আমরা কেন প্রবীণ নিবাসে থাকি তার কারণ অনুসন্ধান করে আপনারা লিখতে পারেন না?”

কথা বলার ফাঁকে আবারও ছবি তোলার বিষয়ে সতর্ক করেন এই বৃদ্ধা।

“আপনাদের মত বর্তমান প্রজন্মের কারণেই আমরা ঘরছাড়া। এটা আপনারা লিখুন।”

একটানা বলে যাওয়ার পর ক্ষোভ হালকা হলে খানিকটা সদয় হলেন তিনি। দুই প্রতিবেদককে নিজের কক্ষে নিয়ে বসালেন। এরপর শুরু করলেন শৈশব থেকে নিজের জীবনের গল্প।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হল, ময়মনসিংহে জন্ম নেওয়া আজকের এই বৃদ্ধার বয়স তখন ২৭ বছর। তারও আগে থেকেই তিনি লেখালেখিতে যুক্ত।

যুদ্ধের সময় তার বেশ কয়েকটি পাণ্ডুলিপি হারিয়ে যায়। এরপর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ফাঁকে ফাঁকে লেখালেখি চালিয়ে যান। বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়।

কিন্তু নিজের একমাত্র মেয়ের সঙ্গে একসাথে থাকতে না পেরেই আগারগাঁওয়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানে রয়েছেন গত কয়েকবছর ধরে।

চিকিৎসক এ কে এম আবদুল ওয়াহেদ অবসর নেওয়ার পর ১৯৬০ সালে প্রবীণদের চিকিৎসার জন্য ধানমন্ডিতে নিজের বাসায় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন। বর্তমানে আগারগাঁওয়ে প্রধান শাখাসহ সারাদেশে ৫৪টি শাখা রয়েছে এ সংঘের।

কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল, আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে বর্তমানে ৪৬ জন জ্যেষ্ঠ নাগরিক তাদের অবসর জীবন কাটাচ্ছেন।

[এই প্রতিবেদনের জন্য ছবি ও ভিডিও ধারণ করেছেন তানভীর আহমেদ]