কোভিড: অর্ধশতাধিক কেন্দ্রে প্রবাসীদের টিকা নিবন্ধন শুরু শুক্রবার
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর অর্ধশতাধিক কেন্দ্রে শুক্রবার থেকে বিদেশগামী কর্মীরা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
বয়সভিত্তিক নিয়ম ‘প্রমার্জন’ করে অগ্রাধিকারভিত্তিতে প্রবাসীদের নিবন্ধন করা হবে।
বৃহস্পতিবার তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়।
প্রবাসীদের টিকা দেওয়া নিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ ও ভোগান্তির পর এই ঘোষণা এল।
তথ্য বিবরণীতে বলা হয়, “বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার প্রাপ্তি ও বয়স প্রমার্জন করে টিকার জন্য সুরক্ষা অ্যাপে (চালু হওয়া সাপেক্ষে) রেজিস্ট্রেশনের সুবিধার্থে আগামীকাল (শুক্রবার) থেকে প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৪২টি জনশক্তি অফিস, ৯টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ১টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে অথবা 'আমি প্রবাসী' অ্যাপে বিএমইটি'র রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।“
কোভিড মহামারীর মধ্যে সৌদি আরব ও কুয়েতগামী শ্রমিকদের কোয়ারেন্টিনের খরচ বাঁচাতে ঢাকার সাতটি কেন্দ্রে শুধু ফাইজারের টিকাদান শুরুর কথা মঙ্গলবার জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার থেকে ফাইজারের টিকা দিতে সরকারি ঘোষণার পর প্রবাসীদের অনেকে অনেক ভোগান্তি মেনে দেশের প্রত্যন্ত এলাকা থেকে রাজধানী ঢাকায় এসেছিলেন।
তবে তারা এসব কেন্দ্রে গিয়ে টিকা দিতে পারেননি। এরপর অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
তাদের অভিযোগ, তথ্যপ্রযুক্তি বিভাগের ‘প্রস্তুতিহীনতার’ কারণে অনেকে ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন করতে পারেননি, কেউ কেউ সফল হলেও এসএমএস পাননি।
এসব নিয়ে টিকাদান কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা হয়। কুর্মিটোলা হাসপাতালে টিকা না পেয়ে বিক্ষোভও করেছেন প্রবাসীকর্মীরা।
দুই মাসের বেশি সময় পর চীনা কোম্পানি সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা নিয়ে সারাদেশে আবারও গণটিকাদান শুরু হয় বৃহস্পতিবার।
আরও পড়ুন
