ফাইজারের টিকা নিতে প্রবাসীদের ভোগান্তি
প্রবাসীদের জন্য বৃহস্পতিবার থেকে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়ার যে ঘোষণা সরকার দিয়েছিল, তা নিতে দেশের প্রত্যন্ত এলাকা থেকে রাজধানীতে এসে ভোগান্তিতে পড়েছেন অনেকে।
মহামারীর মধ্যে সৌদি আরব ও কুয়েতগামী শ্রমিকদের কোয়ারেন্টিনের খরচ বাঁচাতে ঢাকার সাতটি কেন্দ্রে শুধু ফাইজারের টিকাদান শুরুর কথা মঙ্গলবার জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
কিন্তু কীভাবে এই টিকা দেওয়া হবে সেবিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে স্পষ্ট কোনো বার্তা প্রবাসীদের কাছে যায়নি।
ফলে অনেকেই লকডাউনের মধ্যে হাজার হাজার টাকা খরচ করে শুধু ভিসা হাতে রাজধানীর সাতটি হাসপাতালে ভিড় করে বিফল হন। কারণ যাদের টিকে নিতে আসার জন্য এসএসএম পাঠানো হয়েছে, শুধু তারাই টিকা পাচ্ছেন।
তাছাড়া সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের ‘প্রস্তুতিহীনতার’ কারণে অনেকে ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারেননি, কেউ কেউ সফল হলেও এসএমএস পাননি বলে অভিযোগ করেছেন।
এ কারণে টিকাদান কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা হয়। কুর্মিটোলা হাসপাতালে টিকা না পেয়ে বিক্ষোভও করেছেন প্রবাসীকর্মীরা।
সিলেটের গোলাপগঞ্জ থেকে আসা কুয়েতপ্রবাসী শরীফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লকডাউনের মধ্যে গণপরিবহন না পেয়ে ১১ হাজার টাকায় একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় এসেছেন তিনি। কিন্তু এসে টিকা নিতে পারেননি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ফাইজারের টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এক স্বাস্থ্যকর্মী। ছবি: আসিফ মাহমুদ অভি
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ সাংবাদিকদের বলেন, এসএমএস না আসায় প্রবাসী কর্মীদের টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। বিশৃঙ্খলা করলে কোনো সমাধান আসবে না।
প্রবাসী কর্মীদের টিকা দেওয়া হবে বলে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে যে ঘোষণা দিয়েছিলেন, তার ব্যাখ্যা তুলে ধরে তিনি বলেন, সাতটা হাসপাতালে টিকা দেওয়ার ব্যবস্থা করব, শব্দটা ছিল ‘করব’। কিন্তু বলার পর কাজটা শুরু করতে কিছুটা সময় দিতে হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন বন্ধ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “বিষয়টি সমাধান করতে আইসিটি বিভাগ কিছুটা সময় চেয়েছে। তারা বলেছে, রোববার বা সোমবার বিষয়টি ঠিক করে নেবেন যেন আমরা সরাসরি নিবন্ধন করতে পারি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ফাইজারের টিকা দেওয়া হচ্ছে এক ব্যক্তিকে। ছবি: আসিফ মাহমুদ অভি
সেসব প্রবাসী শ্রমিক এখনও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) নিবন্ধিত হননি তাদের দ্রুত নিবন্ধিত হওয়ার পরামর্শ দিয়ে ইমরান বলেস, “টিকা নেওয়ার জন্য অবশ্যই নিবন্ধন করতে হবে, পাসপোর্ট নিয়ে আসলে হবে না।
“বিএমইটিতে রেজিস্ট্রেশন করলে নাম আর পাসপোর্ট নম্বর স্বয়ংক্রিয়ভাবে হেলথের কাছে চলে যাবে। তখন অ্যাপের (সুরক্ষা ওয়েবসাইট) মাধ্যমে রেজিস্ট্রেশনের সময় পাসপোর্ট নম্বর দিলেই রেজিস্ট্রেশন করা যাবে। টিকা নেওয়ার জন্য কোন হাসপাতালে যেতে হবে, অ্যাপ সেটাও বলে দিবে।”
সঠিক তথ্য না জানায় প্রবাসীদের অনেকে বিভিন্ন টিকাদান কেন্দ্রে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বলে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানান এমএনসিঅ্যান্ডএইচের লাইন ডিরেক্টর ডা. মো.শামসুল হক।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ফাইজারের টিকা দেওয়া হচ্ছে এক ব্যক্তিকে। ছবি: আসিফ মাহমুদ অভি
“সেই তালিকা আমাদের কাছে এলে আমরা যাচাই করে আইসিটিতে দেব। আইসিটি পাসপোর্ট নম্বর যাচাই করে চূড়ান্ত তালিকা করবেন। সবার শেষে সুরক্ষা অ্যাপের (ওয়েবসাইটের) মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। তারপর কেন্দ্র থেকে যেদিন এসএমএস যাবে সেই তারিখ অনুযায়ী সেদিন গিয়ে টিকা নিতে পারবেন।”
এ পর্যন্ত প্রায় আড়াইলাখ প্রবাসীর তালিকা আইসিটি বিভাগে পাঠানো হয়েছে জানিয়ে ডা. শামসুল বলেন, সেটা যাচাই-বাছাই শেষ হলে সোমবার থেকে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
“সোমবার রাত থেকেই তাদের মোবাইলে এসএমএস যাওয়া শুরু করবে। মঙ্গলবার থেকেই টিকা নিতে পারবেন প্রবাসীরা।”
ডা. শামসুল হক জানান, টিকার জন্য নিবন্ধন করে এসএমএস পেয়েছেন এমন অনেকে ঢাকার সাতটি কেন্দ্র থেকে বৃহস্পতিবার ফাইজারের টিকা নিয়েছেন।
