আবরার হত্যা: দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় তার বাবার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর সাক্ষ্য দিলেন দ্বিতীয় সাক্ষী চকবাজার মডেল থানার উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন।
মামলাটিতে সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিন বুধবার তিনি ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দেন।
দেলোয়ার জব্দ করা আলামত ছাই রঙের চেক জামা, কালো রঙের পাজামা, পাঁচটি ক্রিকেট স্ট্যাম্প, চাপাতি, ল্যাপটপ, বালিশ, চাদর, তোষক আদালতে উপস্থাপন করেন।
লাশের সুরতহাল, চালানের ফরম ও জব্দতালিকা প্রস্তুতকারী এই পুলিশ কমকর্তা জবানবন্দিতে বলেন, “বুয়েটে একটি ঘটনা ঘটেছে জেনে আমি সেখানে যাই। সেখানে স্ট্রেচারে শোয়া একটি লাশ উদ্ধার করি। সেখানে হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, সিকিউরিটি ইনচার্জ, ক্যন্টিনবয়সহ আরও অনেক লোক ছিল।”
আবরারের কপালে আঘাতের চিহ্ন ছিল বলে জানান তিনি।
হত্যাকাণ্ডের পর শেরে বাংলা হলে আবরার ফাহাদ ও বুয়েট ছাত্রলীগেরসহ-সভাপতি মুহতাসিম ফুয়াদের কক্ষ থেকে আলামত সংগ্রহ করে পুলিশ। (ফাইল ছবি)
সুরতহাল সম্পর্কিত অধিকাংশ জেরার সময় এসআই দেলোয়ার বার বার কাগজ দেখে বলায় বিচারক উস্মা প্রকাশ করে বলেন, প্রস্তুতি না থাকলে সেটা বলুন।
আসামি অনিক সরকারের আইনজীবী মাহবুব আহমেদ সাক্ষীকে বলেন, “ঘটনার সংবাদ পেলেন রাত ৪টা ২০ মিনিটে আর মৃতের অবস্থাও ঘোষণা করলেন রাত ৪টা ২০ মিনিটে। এটা কীভাবে হলে? কোনটি সত্য বলে ধরে নেব?”
এই পুলিশ কমকর্তা তখন নিরুত্তর থাকেন।
এরপর অন্য আসামিদের পক্ষেও জেরার মুখোমুখি হন তিনি। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে এই সাক্ষ্যগ্রহণ চলে বিকাল পৌনে ৬টা অবধি।
রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আবু আবদুল্লাহ ভূঞা জানান, বৃহস্পতিবার মামলার রেকর্ডিং কমকর্তা এসআই সোহরাব হোসেন, বুয়েট চিকিৎসক মাসুদ এলাহী এবং ক্রান্টিন বয় জাহিদ হোসেন জনির সাক্ষ্য নেওয়া হবে।
বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে শিবিরকর্মী আখ্যায়িত করে গত বছরের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।
পরদিন আবরারের বাবা বুয়েটের ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। তদন্তে নেমে পুলিশ মোট ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। আসামিদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মী।
গত সোমবার আবরারের বাবা বরকত উল্লাহর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়।
