তামাক পণ্য নিষিদ্ধের আবেদন সাবেক স্বাস্থ্যমন্ত্রীর
করোনাভাইরাস মহামারীর এই সময়ে জনস্বাস্থ্য রক্ষায় তামাক পণ্যের বিক্রি বন্ধে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
মঙ্গলবার ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ আবেদন জানান।
কোভিড-১৯ মহামারী সময়ে জনস্বাস্থ্য রক্ষায় তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য উদ্ধৃত করে রুহুল হক এই পরিস্থিতিতেও তামাক পণ্য বিক্রি অব্যাহত থাকায় বিস্ময় প্রকাশ করেন।
তা বন্ধের জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, “যত দ্রুত তা বন্ধ করা যাবে, তত আমাদের মঙ্গল।”
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রায় ৪ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। এর মধ্যে ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারী ২ কোটি ২০ লাখ, ধূমপায়ী ১ কোটি ৯২ লাখ। প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় ১ লা ৬২ হাজার মানুষ মারা যায়।
ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক ইকবাল মাসুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সৈয়দ মাহফুজুল হক, অধ্যাপক ডা অরূপ রতন চৌধুরী।
