মাস্ক, স্যানিটাইজারের সঙ্কট কাটেনি
নানা তৎপরতায় করোনাভাইরাস প্রতিরোধী জীবাণুনাশকের দামে কিছুটা শৃঙ্খলা ফিরলেও বাজারে মাস্ক, স্যানিটাইজার, হেক্সিসল মিলেছেই না।
বুধবার ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠক করে প্রতিটি সার্জিক্যাল মাস্কের দাম ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
এছাড়া বাজারে সরবরাহ বাড়াতে ৫০ মিলিলিটার করে স্যানিটাইজার বোতলজাত করার পরামর্শ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।
গত রোববার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্তের পর কেনার হিড়িকে বাজার থেকে উধাও হয়ে যায় স্যানিটাইজার, হেক্সিসল। মাস্ক মিললেও দাম বেড়ে যায় দুই-তিন গুণ।
এরপর দাম বেঁধে দেওয়াসহ ভ্রাম্যমাণ আদালত নামায় প্রশাসন।
বুধবার রাজধানীর বিভিন্ন এলাকার ওষুধের দোকান ঘুরে দেখা যায়, অপেক্ষাকৃত ছোট আকারের ফার্মেসিগুলোতে স্যানিটাইজার কিংবা হেক্সিসল মেলেনি। বড় দোকানগুলোতে কিছু হেক্সিসল ও স্যানিটাইজারের মজুদ রয়েছে। দামও রয়েছে নিয়ন্ত্রণে।
এদিন ৮টি ফার্মেসিতে খোঁজ নিয়ে কোথাও মাস্ক পাওয়া যায়নি। তবে ফুটপাতের দোকানগুলোতে এন৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিক্রি হতে দেখা গেছে।
মিরপুর ৬০ ফিট সড়কের একাত্তর ফার্মার বিক্রয়কর্মী নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে তারা সরবরাহ ঘাটতির কারণে কোনো ধরনের মাস্ক বিক্রি করতে পারছেন না।
এক সময় তারা স্যানিটাইজার বিক্রি করলেও এক সপ্তাহ ধরে তা নেই। সরবরাহকারীরা দিতে পারছেন না বরে জানান নুরুল।
একই অবস্থা দেখা যায় মহাখালীর ওয়ারলেস গেইটের বিসমিল্লাহ ফার্মেসিতে।
এই দোকানের বিক্রয়কর্মী বলেন, “কোম্পানিগুলো বড় বড় ফার্মেসিগুলোতে কিছু পণ্য দিচ্ছে বলে শুনেছি। কিন্তু আমাদের কথা শুনছে না, আমাদের কোনো অর্ডারই নিতে রাজি হচ্ছে না।”
ওই এলাকায় বেস্ট ফার্মা নামের একটি বড় ফার্মেসিতে পাওয়া গেল এসিআই কোম্পানির একটি হ্যাক্সিক্র্যাব। এই দোকানের বিক্রয়কর্মীরা জানান, মঙ্গলবারই ছয়টি বোতল পেয়েছেন তারা, পাঁচটি বিক্রিও হয়ে গেছে।
পাশের মুনির ফার্মেসিতে গিয়ে পাওয়া যায় জেপটো কেমিক্যালের জেপটো ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার।
এই দোকানের বিক্রয়কর্মী সোহেল জানান, “গতকাল ৬টি বোতল দিয়ে গেছে কোম্পানি। দুপুরে এক ব্যক্তি এসে তিনটি কিনে নিয়েছেন।”
দেশে নতুন করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পর ঢাকায় চাহিদা বেড়েছে ফেইস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের। ছবি: মাহমুদ জামান অভি
ক্রেতা শামীম আহমেদ নামে বেসরকারি ইউসিবিএল ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুই দিন ধরে মোহাম্মদপুর ও মহাখালীর কোনো ওষুধের দোকানে তিনি স্যানিটাইজার বা হেক্সিসল খুঁজে পাননি।
“আজকে জেপটো নামের অপরিচিত ব্র্যান্ডের স্যানিটাইজার দেখেও তিনটা কিনে নিলাম। দাম খুব বেশি নয়, ৫০ এমএল এর বোতল ৮০ টাকা।”
জয়েন্ট ফার্মা নামের একটি বড় ওষুধের দোকানের বিক্রয়কর্মী সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেদিন তিনজনের দেহে করোনাভাইরাস ধরা পড়ল, সেদিন তার দোকানে ৫০ থেকে ৬০টি হেক্সিসল ছিল। কয়েক ঘণ্টার মধ্যে সেগুলো বিক্রি হয়ে যায়।
“গত দুইদিন ধরে জেপটো ব্যান্ডের স্যানিটাইজার পাওয়া যাচ্ছে। তারা বলেছে প্রতিদিনই দিতে পারবে। আজকে আমি তো চেয়েছিলাম কয়েকশ কিনে রাখবো। কিন্তু তারা দিল ৮০টি,” বলেন তিনি।
মোহাম্মদপুরের নুরজাহান রোডের আলম ফার্মেসির বিক্রয়কর্মী খলিল বলেন, “গতকাল জেনারেল ফার্মার ছয়টি হেক্সিসল পেয়েছিলাম; কালই তা শেষ হয়ে গেছে। আজ কেউ দিয়ে যায়নি।”
সোহাগ মিয়া নামের মোহাম্মদপুরের এক বাসিন্দা জানান, তিনি কোনো ফার্মেসিতে মাস্ক না পেলেও মহাখালীতে ফুটপাথের কয়েকটি দোকানে সার্জিক্যাল মাস্ক ও এন৯৫ মাস্ক পেয়েছেন। এসব মাস্কের দাম অনেকটা কমে গেছে। প্রতিটি মাস্ক ৬০ টাকা থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদিন রাজধানীর বিভিন্ন স্থানে তাদের একাধিক দল অভিযান চালালেও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জীবাণুনাশকসহ অন্যান্য পণ্য বিক্রি হওয়ার ঘটনা দেখেননি।
মাস্কের দাম নির্ধারণ
বুধবার মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জরুরি বৈঠকে সার্জিক্যাল মাস্কের দাম নির্ধারণসহ আরও কিছু সিদ্ধান্ত হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিন স্তরের সার্জিক্যাল মাস্কের দাম নির্ধারণ করা হয়েছে প্রতিটি ৩০ টাকা। উৎপাদনকারীরা একটি ইনভয়েসে ৫০০ এর বেশি মাস্ক সরবরাহ করতে পারবে না।
এছাড়া হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সবার জন্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ৫০ এমএল এর প্যাকেট নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে ওষুধ প্রশাসন।
বৈঠকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ওষুধ শিল্প সমিতি, ম্যাডিকেল ডিভাইস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, ওষুধ ও ম্যাডিকেল ডিভাইস উৎপাদনকারী, বিক্রয়কারী ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও খবর
