মাস্ক লুকিয়ে বেশি বিক্রির চেষ্টায় ৩ ফার্মেসিকে জরিমানা
বাংলাদেশে করোনাভাইরাসে তিনজনের সংক্রমণ নিশ্চিত হওয়ার পর মাস্কের ব্যাপক চাহিদার মধ্যে ‘অতিরিক্ত দামে বিক্রির চেষ্টায়’ দোকানে মাস্ক লুকিয়ে রাখার অভিযোগে রাজধানীর তিনটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণে মঙ্গলবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিনা পারভীনের নেতৃত্বে গুলশান ১ ও ২ নম্বর সার্কেল, বনানী এবং মহাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
রোসলিনা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযানে প্রায় সবগুলো ফার্মেসিতে হ্যান্ড স্যানিটাইজার নির্ধারিত মূল্যে বিক্রি করতে দেখা যায়। তবে বেশিরভাগ দোকানে মাস্ক পাওয়া যায়নি।”
অভিযানের সময় বনানীর দুটি এবং মহাখালীর একটি ফার্মেসি ‘মাস্ক নেই’ বলে দাবি করেছিল।
রোজলিনা বলেন, “ওই তিনটি দোকানে গেলে আমাদেরকে তারা বলে যে মাস্ক নেই। তবে এই সময় তারা কিছু একটা লুকাতে চাইছে বলে আমাদের কাছে মনে হয়। এ সময় ফার্মেসিগুলোতে তল্লাশি চালিয়ে বেশকিছু মাস্ক উদ্ধার করা হয়।
“আমাদের কাছে মনে হয়েছে বেশি দামে বিক্রি করার জন্য তারা মাস্কগুলো লুকিয়ে রেখেছিল। এ কারণে ভোক্তা অধিকার আইনে তিনটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
বেশি দামে মাস্ক বিক্রি করায় এদিন চার জেলায় ১১ দোকানিকে এক লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে চার হাজারেরও বেশি মৃত্যুর জন্য দায়ী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বেশি করে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
রোববার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগ পাওয়ার পর চলে স্যানিটাইজার ও হ্যান্ড রাব কেনার হিড়িক। এতে অনেক দোকানে দ্রুত পণ্য ফুরিয়ে যায়।
বিষয়টি নজরে আসার পর সোমবার হাই কোর্ট বলে, স্যানিটাইজারের দাম যাতে না বাড়ে কিংবা কেউ যাতে মজুত করতে না পারে, সেদিকে সরকারকে নজর রাখতে হবে।
সোমবার সাতটি প্রতিষ্ঠানের স্যানিটাইজারের দাম নির্ধারণ করে দিয়ে গণবিজ্ঞপ্তি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
আরো খবর
