২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি দামে মাস্ক বিক্রি : পাঁচ জেলায় ১৬ দোকানকে জরিমানা

বেশি দামে মাস্ক বিক্রি করায় পাঁচ জেলায় ১৬ দোকানকে দুই লাখ সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2020, 06:06 PM

Updated : 08 Apr 2022, 12:27 AM

করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের মধ্যে মঙ্গলবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল

বরিশালে বেশি দামে মাস্ক বিক্রি করায় চার দোকানিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে বরিশাল শহরের বিভিন্ন মার্কেটে অভিযানে নেমে এই জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, সাধারণ মানুষ তাদের কাছে অভিযোগ করলে তারা এই অভিযান চালান।

“অসাধু ব্যবসায়ীরা মাস্কের দাম বাড়িয়েছে দিয়েছেন। ২০-৩০ টাকার মাস্ক দেড়শ টাকায় বিক্রি করছিলেন তারা। চার দোকান থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।”

সাভার

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, “মঙ্গলবার দুপুরে ঢাকার সাভার থানা রোড এলাকায় সুপার শপ ‘লাজ ফার্মা লিমিটেডের’ সাভার শাখায় ক্রেতা সেজে মাস্ক কিনতে যাই আমরা।

“কর্মচারীরা পাঁচ টাকার সাধারণ মাস্ক ৪০ টাকায় বিক্রির চেষ্টা করেন। কিন্তু তারা রসিদ চাইলে তা দিতে অপারগতা জানান। লাজ ফার্মা থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।”

টাঙ্গাইল

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল জানান, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক চলাকালে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই মাস্কের দাম অতিরিক্ত নেওয়ায় অভিযান চালানো হয়েছে।

“শহরের মস‌জিদ রোডের দোকানি বুলবুলের (৫০) কাছ থেকে তিন হাজার টাকা জ‌রিমানা আদায় ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদালত। মাস্কের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে।”

এছাড়া সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা শহরের মসজিদ রোড ও ক্যাপসুল মার্কেটে অভিযান চালিয়ে চার দোকানিকে ১৯ হাজার টাকা জরিমান করেন।

গাইবান্ধা

গাইবান্ধায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অভিযোগে মঙ্গলবার জেলা শহরের দুলু অ্যান্ড সন্স নামে একটি কসমেটিকস দোকানদার থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম এই জরিমানা আদায় করেন। 

আব্দুস সালাম জানান, করোনাভাইরাসকে কেন্দ্র এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম বাড়িয়ে দিয়েছে। প্রতিদিনই এইসব অসাধু ব্যবসায়ীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানে অভিযোগ সেখানেই অভিযান চলছে।

নারায়ণগঞ্জ

করোনাভাইরাস নিয়ে উদ্বেগের মধ্যে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করায় নারায়ণগঞ্জে একজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে নগরীর কালির বাজারে এই অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক জানান, অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে নূরুল মেডিকেল কর্নারের কর্মচারী বিশ্বজিত দাসকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

“করোনাভাইরাসকে কেন্দ্র করে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের মূল্য অধিক পরিমাণে বৃদ্ধি করেছে এবং বৃদ্ধির ফলে জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। সেই আতঙ্ক দূর করতে জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নির্দেশনায় অভিযান চালানো হয়েছে।

রংপুর

রংপুরে মাস্ক, হ্যান্ডওয়াশ ও ওষুধের দাম বেশি নেওয়ায় পাঁচ ফার্মেসির চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার নগরীর কাচারী বাজার, ধাপ, পৌরবাজার ও গ্রান্ড হোটেল মোড়ে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ও তনুকা ভৌমিক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, অভিযানে ঢাকা সার্জিক্যাল ও বেগম ফার্মেসিতে পনেরো টাকার একটি মাস্ক দুশ টাকায় বিক্রির অভিযোগে কর্মচারীকে হাতেনাতে ধরা হয়। পরে এ দুই প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া আরও তিনটি ফার্মেসির বিরুদ্ধে একই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দশ হাজার টাকা জরিমানা করে বলে আফরিন জানান।