দুদক স্বাধীনভাবে কাজ করে ‘সুগন্ধ’ ছড়াক: হাই কোর্ট
জাহালমকাণ্ডে দুর্নীতি দমন কমিশনের আভ্যন্তরীণ তদন্তে প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে আদালত বলেছে, দুদক স্বাধীনভাবে কাজ করে ‘সুগন্ধ’ ছড়াক।
দাখিল করা প্রতিবেদনের উপর শুনানিতে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ থেকে এ মন্তব্য আসে।
পাশাপাশি দুদকের ২৬ মামলার আসামি পাটকল শ্রমিক জাহালমকে আসামি করার পেছনে দুদক ও বিভিন্ন ব্যাংকের যেসব কর্মকর্তা জড়িত তারা যেন চাকরির টাকা-পয়সা নিয়ে পালাতে না পারে, সেজন্য তাদের উপর নজরদারি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদনে জাহালমকাণ্ডের জন্য যাদের দায়ী করা হয়েছে, তাদের বিষয়ে দুদক কী সিদ্ধান্ত বা পদক্ষেপ নিয়েছে, তা আগামী ২৮ জুলাইয়ের মধ্যে হাই কোর্টকে জানাতেও বলা হয়েছে।
একইভাবে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতেও ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে আদালত।
আদেশের আগে দুদকের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম বাশার। ব্র্যাক ব্যাংকের পক্ষে কৌঁসুলি ছিলেন মো. আসাদুজ্জামান, সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন শেখ মো. জাকির হোসেন।
আদালত এবিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২১ অগাস্ট তারিখ রেখেছে।
শুনানির এক পর্যায়ে দুদকের আইনজীবী বলেন, “আমাদের নিয়ে চারদিকে কথা হয়। অনেকেই মনে করে দুদক মানেই দুর্গন্ধ।”
তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক এফ আর এম নাজমুল আহাসান বলেন, “আমরা চাই, দুর্গন্ধ না দুদক সুগন্ধ ছড়াক।”
কনিষ্ঠ বিচারক কে এম কামরুল কাদের তখন বলেন, “আমরা চাই, দুদক স্বাধীনভাবে কাজ করুক।”
জাহালমকাণ্ডে সম্পৃক্ত ব্র্যাক ব্যাংক সোনালী ব্যাংকের আইনজীবীদের উদ্দেশে বিচারপতি কামরুল কাদের বলেন, “আমরা যখন অ্যাকাউন্ট করতে যাই, তখন তো আমাদের ১০টা বিষয়ও যাচাই করা হয়। কিন্তু একজন মানুষ এতগুলো অ্যাকাউন্ট খুলে ফেললেন আপনারা কোনো যাচাই করলেন না, এটা তো ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া সম্ভব না, আমরা বিষয়টা দেখব।”
শুনানির শেষ পর্যায়ে জ্যেষ্ঠ বিচারক দুদকের আইনজীবীকে বলেন,“ আগামী শুনানির দিন আপনি দুটি ছবি এনে আমাদের দিবেন। একটা জাহালমের আরেকটা আবু সালেকের।”
জাহালম, অপরাধী না হয়েও তিন বছর কারাগারে কাটাতে হয়েছে তাকে
সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু সালেকের বদলে গ্রেপ্তার হয়ে তিন বছর ধরে কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের জাহালমকে।
গণমাধ্যমে প্রতিবেদন দেখে এ বিষয়ে হস্তক্ষেপ করে হাই কোর্টের এই বেঞ্চ। তাদের হস্তক্ষেপে নিরাপরাধ জাহালম মুক্তি পান।
এরপর আদালতের আদেশে দুদক তদন্ত করে যে প্রতিবেদন দিয়েছে, তাতে বলা হয়েছে, “জাহালমকে আবু সালেকরূপে চিহ্নিত করার যে ভুলটি হয়েছে, তা দুদকের তদন্তকারী কর্মকর্তাদের কারণেই ঘটেছে।”
শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, “গণমাধ্যমে যদি জাহালমের বিষয়টি না আসত, তাহলে তাকে কারাগারেই থাকতে হত।”
তখন বিচারক বলেন, “এখানে দুদকের অবহেলা আছে। গণমাধ্যমে জাহালমের বিষয়টি না আসলে তাকে তো মিথ্যা মামলায় সাজা মাথায় নিয়ে কারাগারেই থাকতে হত।
“আরেকটি জজ মিয়া নাটক বানানোর চেষ্টা। দুদক যথাযথভাবে তদন্ত করেনি। টাকা কোথায় গেল, তা খুঁজে বের করেনি। বের করার চেষ্টাও করেনি। আমরা জানতে চাই, এই টাকা কোথা থেকে কোথায় গেছে?”
“ওয়ান-ইলেভেনের সময় আপনারা বিদেশ থেকে টাকা আনতে পারলেন। এখন কেন পারছেন না? নাকি আপনারা আনছেন না?” দুদকের আইনজীবীকে বলেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “দুদকের কর্মকর্তাদের অবহেলা ও অদক্ষতার কারণে একজন নিরীহ মানুষ কারাগারে থাকলেন। তাকে কারাগার থেকে মুক্তির উদ্যোগ নিতে দুদক গড়িমসি করেছে, বিলম্ব করেছে। একারণে তাদের শাস্তির আওতায় আনা প্রয়োজন।
“দুদক আইনেও অভ্যন্তরীণভাবে এরকম অবহেলার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। কিন্তু তারা তা করেনি।”
এসময় বেঞ্চের দুই বিচারকই জাহালমকাণ্ড নিয়ে দুদকের তদন্ত প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রতিবেদনটি প্রশংসার দাবি রাখে। একজন কর্মকর্তা যথাযথভাবে তদন্ত করেছেন।
আদেশের পর দুদক আইনজীবী খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, “তদন্ত রিপোর্টে কোর্ট অ্যাপ্রিশিয়েট করেছেন। এই প্রথম কোর্ট থেকে সমর্থন পেলাম। খুব ভালো লাগল।”
আরও খবর
