নারীদের সরাসরি ভোটে আনতে সপ্তদশ সংশোধনী বাতিলের দাবি
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিদ্যমান আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির বদলে সরাসরি ভোট চালুর দাবি জানিয়ে সংবিধানের সপ্তদশ সংশোধনী বাতিল করতে বলেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনের সংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধির দাবিও তুলে ধরেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী একাদশ সংসদ এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসভায় নারীদের পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদে সাধারণ আসনে নারীর সংখ্যা ২২ জন, অর্থাৎ মোট সাংসদের ৭ দশমিক ৩৩ শতাংশ নারী। এর সঙ্গে সংরক্ষিত আসনের ৫০ জন যুক্ত হলে নারীদের মোট প্রতিনিধিত্ব দাঁড়াবে ২০ দশমিক ৫৭ শতাংশে।
আওয়ামী লীগের ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন মোট তিনজন নারী, যা গত সরকারের চেয়ে কম।
সিদ্ধান্ত গ্রহণে ‘নারীর পূর্ণ এবং সমঅংশীদারিত্ব’ নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি জানিয়ে আসছে মহিলা পরিষদ।
তাদের এ দাবির মধ্যেই গতবছর সংসদে সংরক্ষিত নারী আসনের বিধির মেয়াদ আরও ২৫ বছর বাড়িয়ে সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল পাস হয়।
এর ফলে নারীদের সুনির্দিষ্ট নির্বাচনী এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা নষ্ট হচ্ছে মন্তব্য করে রেখা চৌধুরী বলেন, “একজন সংসদ সদস্য হিসেবে নির্দিষ্ট এলাকার নারী সমাজসহ জনগণের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করা বাস্তব কারণেই সম্ভব হবে না। একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠা সম্ভব হবে না।”
বর্তমানে সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনের ভোটার হন।
আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে।
ভোটের জন্য ৪ মার্চ তারিখ রেখে রোববার একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
চলতি সংসদের আগামী অধিবেশনেই সপ্তদশ সংশোধনী বাতিল করা সম্ভব মন্তব্য করে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, “সংবিধানের যে কোনো সংশোধনীর জন্য এক-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। এটা এখন আছে এবং ২০০৮ সাল থেকেই আছে।”
সংরক্ষিত আসনে সরাসরি ভোট না হলে নারীরা ‘একটি বাড়তি সুবিধাবাদী গোষ্ঠী’ হয়েই থাকবে বলে মন্তব্য করেন আয়শা খানম।
১৫টি দৈনিক পত্রিকার তথ্য তুলে ধরে রেখা চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, নতুন বছরের প্রথম দিনেই দেশে ২৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আর ৩১ জানুয়ারি পর্যন্ত ৫২টি ধর্ষণ, ২২টি দলবেঁধে ধর্ষণসহ নারী নির্যাতনের ২৯৮টি ঘটনা ঘটেছে। ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে পাঁচটি।
ধর্ষণের আইনগত সাজা নিশ্চিত না করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করেন না জানিয়ে আয়শা খানম বলেন, “আমরা আইনের শাসনে বিশ্বাসী, মানবাধিকারে বিশ্বাসী, প্রক্রিয়ার বিশ্বাসী। ধর্ষণকারীর বিচার যাতে একটি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত হয় সেই প্রক্রিয়া আমরা দেখতে চাই।”
সংবাদ সম্মেলনে জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন, নারী নির্যাতনের বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা নীতি’ গ্রহণ, অভিন্ন পারিবারিক আইন প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা, নারীর মর্যাদা বিষয়ক কমিশন গঠনসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় মহিলা পরিষদের পক্ষ থেকে।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, সহ-সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, রাখী দাশ পুরকায়স্থ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
পুরনো খবর
