২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘট নিয়ে ক্ষোভ সংসদে-রাজপথে

পরিবহন ধর্মঘটে ‘নৈরাজ্যের’ প্রতিবাদ হয়েছে জাতীয় সংসদে; হয়রানির ঘটনায় সরব হয়েছেন শিক্ষার্থী ও যাত্রীরাও।

সংসদ প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 09:37 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

দেশজুড়ে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন সোমবার সংসদে বিষয়টি তোলেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।

এ বিষয়ে পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে দাবি করে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়েছেন তিনি।

অনির্ধারিত আলোচনায় পীর ফজলুর রহমান বলেন, “এই সংসদে পাস করা সড়ক পরিবহন আইনের কিছু ধারা পরিবর্তনের দাবিতে গত দুই দিন থেকে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করছে।

“এই অবরোধের নামে শ্রমিকদের কেউ কেউ যে নৈরাজ্য সৃষ্টি করছে। বিভিন্ন স্থানে যাত্রী ও চালকদের মুখে পোড়া মবিল দিয়ে লেপ্টে দেওয়া হয়েছে। একটি অসুস্থ শিশুকে হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্স আটকে দেওয়ায় মারা গেছে।

“এই অবরোধে সারাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অবরোধের নামে মানুষের আত্ম মর্যাদায় যারা আঘাত করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীরব রয়েছে। এই ঘটনা আমাদের আহত করেছে।”

গত ২৯ জুলাই রাজধানীতে বাসচাপায় দুই কলেজশিক্ষার্থীর মৃত্যুর পর শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনের প্রেক্ষাপটে সরকার দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা সড়ক পরিবহন আইন পাস করে।

কিন্তু ওই আইনের কয়েকটি ধারা নিয়ে আপত্তি জানিয়ে সেগুলো বাতিল করার দাবি তুলেছেন পরিবহন শ্রমিকরা।

তাদের দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা, ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধ, ওয়ে স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল এবং গাড়ি নিবন্ধনের সময় শ্রমিক ফেডারেশন প্রতিনিধির প্রত্যয়ন বাধ্যতামূলক করা।

রোববার সকাল ৬টা থেকে তাদের ধর্মঘটে অচল হয়ে আছে সারাদেশের সড়ক; বাস না পেয়ে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকরা সাংবাদিক ও মোটর বাইক চালকদের হেনস্তাও করেন।

ধর্মঘটী শ্রমিকদের হাতে শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদ জানিয়ে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী নিজেদের মুখে পোড়া ইঞ্জিন অয়েল লাগিয়ে মানববন্ধন করেন।

Image
পরিবহন ধর্মঘট ডেকে মানুষ ও শিক্ষার্থীদের হয়রানি, অ্যাম্বুলেন্স চলতে না দেওয়ার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে একদল শিক্ষার্থী।

পরিবহন ধর্মঘট ডেকে মানুষ ও শিক্ষার্থীদের হয়রানি, অ্যাম্বুলেন্স চলতে না দেওয়ার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে একদল শিক্ষার্থী।

এই কর্মসূচি থেকে শিক্ষার্থীদের অবাধ চলাচল নিশ্চিত, আন্দোলনের নামে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করা এবং অ্যাম্বুলেন্সসহ অন্যান্য রোগী বহনকারী গাড়ি চলাচল করতে দেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, "একজন শ্রমিক নেতা আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি একদিকে শ্রমিক নেতা, অন্যদিকে মন্ত্রীর দায়িত্বে আছেন।

“যখন সংসদে আইনটি পাস হয়েছে, তখন তিনি এটিকে সমর্থনও করেছেন। আবার তিনি কেন আন্দোলনের ডাক দিয়েছেন?”

চারুকলা অনুষদের শিক্ষার্থী আবদুল করিম  বলেন, "গতকাল যে শিশুটি মারা গেছে,এটাকে আমরা মৃত্যু বলতে পারি না। এটা একটি স্পষ্ট হত্যাকাণ্ড। আমরা শ্রমিকদের আন্দোলনের বিপক্ষে না। কিন্ত এধরনের অরাজকতা কোনো শ্রমিক করতে পারে না। এধরনের অপকর্মগুলো সরকারের একটি মাফিয়া চক্র দ্বারা করা হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এসব অরাজকতা মেনে নিতে পারি না।”

সুনামগঞ্জে ‘যাত্রী সংহতি’ নামে একটি সংগঠন সোমবার জেলা শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করে।

জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমেদ শামীম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার এই কর্মসূচিতে অংশ নেন।

ইশতিয়াক আহমেদ বলেন, “দেশব্যাপী পরিবহন ধর্মঘটের নামে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা ‘দেশব্যাপী পরিবহন ধর্মঘটের নামে নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদ জানান এবং ‘নৈরাজ্য সৃষ্টিকারীদের’ আইনের আওতায় আনার দাবি জানান।

এফবিসিসিআইয়ের উদ্বেগ

দেশজুড়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চলমান কর্মবিরতিতে উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলেছে, এর ফলে মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অর্থনৈতিক কর্মকান্ড বাধাগ্রস্ত হচ্ছে।

অবরোধের দ্বিতীয় দিন সোমবার এক বিবৃতিতে দেশ ও অর্থনীতির স্বার্থে শ্রমিক ফেডারেশন সদস্যদের দ্রুত কাজে ফেরার আহ্বান জানায় এফবিসিসিআই।

সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব হোসাইন জামিল বলেন, “চলমান শ্রমিক কর্মবিরতির ফলে দেশের পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে; প্রয়োজনীয় পণ্য সময়মতো স্থানান্তর করা যাচ্ছে না।

“কাঁচামাল পরিবহন বিঘ্নিত হওয়ায় শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। রপ্তানি পণ্যসামগ্রী জাহাজীকরণ বাধাগ্রস্ত হচ্ছে এবং রপ্তানিকারকগণ কার্গো বিমানের মাধ্যমে পণ্য পাঠাতে বাধ্য হচ্ছেন। এতে বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে এবং রপ্তানিকারকগণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন।”

পুরনো খবর:

পোড়া মবিল চালকের মুখে, ছাত্রীদের পোশাকে
ধর্মঘটে অ্যাম্বুলেন্সে বাধা, শিশুর মৃত্যু
‘এই নাটকের মানে কী?’
দাবি না মানলে ফের ধর্মঘট: হুমকি পরিবহন শ্রমিক নেতা ওসমান আলীর