২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএম: সংলাপে যার যে অবস্থান ছিল

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে পক্ষে-বিপক্ষে মোটামুটি সমানে সমান অবস্থানে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2018, 02:48 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গতবছর নির্বাচন কমিশনের সংলাপে ৪০টি দল পাঁচ শতাধিক সুপারিশ করেছিল। তার মধ্যে ইভিএম নিয়ে নিজেদের অবস্থানও তুলে ধরা হয়েছিল।

দলগুলোর অবস্থান পর্যালোচনা করলে দেখা যায়, ৪০টি দলের মধ্যে ১৩টি দল জাতীয় নির্বাচনে ইভিএম চালুর পক্ষে; আর বিপক্ষে রয়েছে ১১টি দল। একটি দল সমঝোতার অপেক্ষায় রয়েছে। ইভিএম নিয়ে বাকি ১৫টি দলের কোনো সুপারিশ ইসির সংলাপে আসেনি।

সংসদ নির্বাচনে ইভিএম চালুর লক্ষ্যে ইতোমধ্যে আইন সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত সপ্তাহে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে প্রস্তাবও পাঠানো হয়েছে। কমিশনের ওই উদ্যোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা কথা।

এই পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা গত সপ্তাহে বলেছেন, “জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম চালুর বিষয়টি নির্ভর করবে আইন কানুনের ওপর, প্রশিক্ষণের ওপর এবং মূল অংশীজন, বিশেষ করে রাজনৈতিক দল বা তাদের সমর্থনের ওপর।”

তিনি বলেন, “সরকার যদি মনে করে, সংসদ যদি মনে করে তখন আইনে পরিণত হলেই জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে।… ইভিএম যদি জনগণের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয়; কেবল তখনই যতখানি ব্যবহারযোগ্য ততখানি করা হবে।”

পক্ষে ১৩ দল

>> ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ: ইসির সঙ্গে সংলাপে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালুর সুপারিশ ছিল দলটির।

>> ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন (সম্প্রতি নিবন্ধন বাতিল হয়েছে): নির্বাচনী ব্যবস্থাকে ডিজিটাইজড করা এবং নির্বাচনে প্রযুক্তি ব্যবহার করার সুপারিশ ছিল দলটির।

>> গণফ্রন্ট: আগামী সংসদ নির্বাচনে শহর এলাকায় ইভিএম চালুর পক্ষে ছিল তাদের সুপারিশ।

>> বাংলাদেশ তরিকত ফেডারেশন: উন্নত বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করার কথা বলেছিল দলটি।

>> বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ: পরীক্ষামূলকভাবে ইভিএম চালু করা যেতে পারে বলে মত দিয়েছিল বাসদ।

>> জাকের পার্টি: হ্যাক করা যাবে না, এমন প্রযুক্তিসহ ইভিএম ব্যবহারের পক্ষে দলটি।

>> জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি: ভোটারের স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ মিলিয়ে ভোট দেওয়ার বিধান সম্বলিত ইভিএমের সুপারিশ করেছিল জেএসডি।

>> জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ: প্রযুক্তিগতভাবে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা রেখে ইভিএম ব্যবহার করা, এজন্য একাদশ সংসদ নির্বাচনের আগে ইভিএম বিধিমালা প্রণয়ন করা এবং অন্তর্বর্তী সময়ে এক বা একাধিক নির্বাচনে ইভিএম ব্যবহার করে জনমত সৃষ্টির সুপারিশ ছিল সরকারের শরিক জাসদের।

>> বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি: প্রচলিত ব্যালট পেপারের পাশাপাশি ইভিএম পদ্ধতি চালু করা এবং একাদশ সংসদ নির্বাচনে প্রতি নির্বাচনী এলাকার নির্দিষ্ট কয়েকটি ভোটকেন্দ্রে ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছিল দলটি।

>> বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল: একাদশ সংসদ নির্বাচনে ইভিএমের সর্বত্র ব্যবহার নিশ্চিত করতে বলেছিলেন দলটির নেতারা।  

>> বাংলাদেশ আওয়ামী লীগ: সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মতো আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার সুপারিশ ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের।

>> লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি: শর্তসাপেক্ষে নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছিল।

*** কৃষক শ্রমিক জনতা লীগ ইভিএম চালুর পক্ষে মত দিলেও দলটি সংলাপের মাঝপথে বেরিয়ে আসায় তাদের সুপারিশ প্রতিবেদনভুক্ত করেনি নির্বাচন কমিশন।

বিপক্ষে ১১ দল

>> বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: প্রস্তুতির অভাবের কারণে এবার সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করে স্থানীয় নির্বাচনে ব্যবহার করার পক্ষে মত ছিল দলটির।

>> জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা: ইভিএম পদ্ধতি বাতিলের দাবি ছিল দলটির সুপারিশে।

>> ইসলামী আন্দোলন বাংলাদেশ: ভোটাররা এখনও ইভিএম পদ্ধতির সঙ্গে পরিচিত নন, তাই ইভিএম পদ্ধতি একাদশ সংসদ নির্বাচনে ব্যবহার না করার সুপারিশ করেছিল দলটি।

>> বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি: জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার পক্ষে মত দিয়েছিল দলটি।

>> প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি: নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল করার সুপারিশ করেছিল পিডিপি।

>> ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি: একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার পক্ষে মত দিয়েছিল দলটি।

>> বাংলাদেশ মুসলীম লীগ: সংলাপে তারা বলেছিল ইভিএম পদ্ধতি সমর্থনযোগ্য নয়।

>> বাংলাদেশ খেলাফত আন্দোলন: জাতীয় নির্বাচনে ইভিএম বা ডিভিএম ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না বলে মত দিয়েছিল দলটি।

>> বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিবেশ নেই, স্থানীয় নির্বাচনে ইভিএম চালু করা যেতে পারে বলে মত ছিল সিপিবির।

>> বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি: সংলাপে দলটি বলেছিল, সংসদ নির্বাচনে ইভিএম বা ডিভিএম ব্যবহার করা যাবে না।

>> জাতীয় পার্টি-জেপি: যেহেতু ইভিএম নিয়ে মতপার্থক্য রয়েছে, তাই আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা ঠিক হবে না বলে মত দিয়েছিল দলটি।

সমঝোতার অপেক্ষা

>> খেলাফত মজলিস ইসির সঙ্গে সংলাপে বলেছিল, সব রাজনৈতিক দল একমত না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনে ইভিএম বা ডিভিএম ব্যবহার করা উচিৎ হবে না।

সুপারিশ নেই ১৫ দলের

সংলাপে ইভিএম বিষয়টি অন্তর্ভুক্ত না থাকলেও অধিকাংশ দলই এ নিয়ে লিখিত সুপারিশে নিজেদের অবস্থান তুলে ধরেছিল। তবে ১৫টি দল লিখিত সুপারিশে ইভিএমের প্রসঙ্গ টানেনি।

দলগুলো হল: বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট; বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল; বাংলাদেশ ইসলামী ফ্রন্ট; বাংলাদেশ খেলাফত মজলিস; বাংলাদেশ কল্যাণ পার্টি; বাংলাদেশ জাতীয় পার্টি; গণফোরাম; জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ; জাতীয় পার্টি; বিকল্পধারা বাংলাদেশ; ইসলামী ঐক্যজোট; বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ; গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ; বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি।

অবশ্য সাম্প্রতিক সময়ে নিবন্ধিত-অনিবন্ধিত দল ও জোটের নেতারা সভা-সমাবেশে ইভিএম নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন।

প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা গত সোমবার সবাইকে আশ্বস্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কী হবে না- এ সিদ্ধান্ত আরও পরের বিষয়। এ নিয়ে ইসি এখনও কেবল প্রস্তুতির পর্যায়ে রয়েছে।

“আইনি ভিত্তি পেলে রাজনৈতিক মহলসহ অংশীজনের সমর্থন নিয়ে ইভিএম ব্যবহার শুরু করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে ৩০০ সংসদীয় আসনের মধ্যে দৈব চয়ন ভিত্তিতে কিছু আসন বা কেন্দ্র বাছাই করে ইভিএমে ভোটগ্রহণ হবে।”

আরও খবর

নির্বাচনী সংলাপের প্রতিবেদন সরকারের কাছে  

ইভিএমের কেন্দ্র বাছাই দৈবচয়ন ভিত্তিতে: সিইসি  

ইভিএম ব্যবহারের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে  

ইভিএম নিয়ে সংশয়ী এরশাদ  

ইভিএম কেনায় ‘লুটপাট’ দেখছে বিএনপি  

কেন ইভিএমে আপত্তি, জানালেন ফখরুল  

ইভিএমের সীমিত ব্যবহারের পক্ষে প্রধানমন্ত্রী