২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগর পুলিশ গঠনে ফুটপাত দখলমুক্ত হবে সহজে: সাঈদ খোকন

সিটি করপোরেশনের নিজস্ব পুলিশ না থাকার সীমাবদ্ধতা তুলে ধরে ‘নগর পুলিশ’ গঠনে বা ‘পর্যাপ্ত’ সংখ্যক পুলিশের সহায়তায় ফুটপাত দখলমুক্ত করা সম্ভব বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2018, 09:36 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

পুরনো খবর:

‘বাংলাদেশে পুলিশের সংখ্যা অত্যন্ত অপ্রতুল’
ফুটপাত দখলমুক্ত পর্যায়ক্রমে: ডিএমপি কমিশনার
ফুটপাতের সঙ্গে রাস্তাও দখলমুক্ত করতে চায় পুলিশ
ফুটপাতের হকার উচ্ছেদ, পল্টনে উত্তেজনা

রোববার  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক ও চলাচল নিশ্চিতকরণে মাসব্যাপী ‘ক্লিন অ্যান্ড সেইফ মোবিলিটি’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, “পর্যাপ্ত সংখ্যক পুলিশের সহায়তা পেলে ফুটপাত মুক্ত করা খুব কঠিন কাজ নয়। সাত থেকে আট মাস একটানা ফুটপাত দখলমুক্ত ছিল।

“নগরের গুরুত্বপূর্ণ এলাকা গুলিস্তান, মতিঝিল, নিউমার্কেট এলাকার ফুটপাত আমরা দখলমুক্ত রাখতে পেরেছিলাম। তাদের গত রোজার ঈদের আগে ফুটপাতে বসতে দিয়েছিলাম, যাতে তাদের জীবন জীবিকা চলতে পারে। এরপর থেকে তাদের আমরা তুলতে পারিনি।”

ফুটপাত দখল বাণিজ্যে প্রভাবশালী মহলকে উপেক্ষা করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, “প্রভাবশালী মহল খুব বড় কোনো বিষয় না। সব মহলকে উপেক্ষা করে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে সক্ষম।

“কিন্তু আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ যদি নিশ্চিত হয়, তাহলে আমরা ফুটপাতকে দখলমুক্ত করে নাগরিকদের কাছে ফিরিয়ে দিতে পারব।”

অপ্রতুল পুলিশ সংখ্যাই ফুটপাতকে দখলমুক্ত করতে না পারার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, “সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সিটি করপোরেশনের নিজস্ব কোনো পুলিশবাহিনী নেই। এখানে আমাদের নির্ভর করতে হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওপর।

“আমরা মনে করি, যদি নগর পুলিশ গঠন করা যায় কিংবা চাহিদা অনুযায়ী সাথে সাথে প্রয়োজনীয় সংখ্যক পুলিশের ব্যবস্থা করা যায়, সক্রিয় ১০০ থেকে ২০০ পুলিশ দেওয়া যায়, তাহলে ফুটপাত মুক্ত করার কাজটা সহজ হয়ে যেত।”

সরকারের বিভিন্ন পর্যায়ে নানা সময়ে এ বিষয়টি নিয়ে আলোচনার পরও তা পাননি বলে জানান তিনি। 

প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও সবার সচেতনতার কার্যকর সমন্বয়ের ফলে নিরাপদ সড়কের সূচনা হতে পারে বলে মনে করেন সাঈদ খোকন।

“প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলোকে আমরা কাটিয়ে উঠার চেষ্টা করছি। ট্রাফিক ব্যবস্থাপনার মূল দায়িত্ব ঢাকা মেট্রোপলিটনের ট্রাফিক বিভাগের। নাগরিকদের আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরাপদ সড়ক নিশ্চিতে আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি। সেই সাথে ট্রাফিক বিভাগকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

মাসব্যাপী  ‘ক্লিন অ্যান্ড সেইফ মোবিলিটি’ প্রোগামের আওতায় ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট (কেইস) প্রকল্পের মাধ্যমে ৯২টি সড়ক ইন্টারসেকশনে জেব্রা ক্রসিং, লেন সেপারেটর ডট বা সলিড রোড মার্কিং স্থাপন ও ২৯৪টি পথচারী পারাপার নির্মাণসহ ৬০০টি ট্রাফিক সাইন ও ১৭টি যাত্রী ছাউনি তৈরি হবে।

ফেইসবুক, ইউটিউব এবং বিজ্ঞাপনের মাধ্যমে এ নিয়ে প্রচার চালানো হবে।

অনুষ্ঠানে মেয়র বলেন,  “ইন্টিলিজেন্ট ট্রাফিক সিস্টেম প্রচলনের মাধ্যমে মহানগরীর গুলিস্তান (ফুলবাড়িয়া), পল্টন, মহাখালী ও গুলশান-১ এ চারটি ইন্টারসেকশনে ভেহিকুলার ইমেজ ডিটেক্টর ভিডিও ক্যামেরা স্থাপনের মাধ্যমে চলমান গাড়ির সংখ্যা কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা এবং পৃথক লেন অনুসরণ করে গাড়ি চালানোর পাইলটিং প্রকল্পের কাজ চলমান রয়েছে।

“এতে অর্জিত সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে এটি চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে। ডিএসসিসির ট্রাফিক ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির জন্য ৭৫ জন লোকবল নিয়ে একটি কারিগরি ইউনিট সৃষ্টির প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।”

অনুষ্ঠানে নগর পরিকল্পনাবিদ মোবাশ্বর হোসেন বলেন, “সবাই সচেতন হওয়ার পরও আইনের প্রয়োগ না হলে সমস্যার সমাধান হবে না। আমরা আইনের শাসন সবার জন্য প্রয়োগ করতে পারি না। সেক্ষেত্রে পুলিশ বিভাগ অসহায়।”

সবার ক্ষেত্রে আইনের প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে ছয় মাসের মধ্যে রাজধানীর যানজট সমস্যা দূর করা সম্ভব বলে মনে করেন তিনি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, লেখক ও কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, ক্লিন এয়ার অ্যান্ড সাসটেনেবল এনভায়রনমেন্ট (কেইস) প্রকল্পের পরিচালক সেহাব উল্যাহ প্রমুখ।