ফুটপাত দখলমুক্ত পর্যায়ক্রমে: ডিএমপি কমিশনার
রাজধানীতে পথচারীদের চলাচল সহজ করে যানজট কমাতে পর্যায়ক্রমে ফুটপাতগুলোর অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বুধবার গুলিস্তান এলাকায় ডিএমপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে রাস্তা ও ফুটপাতে অবস্থানরত অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিদর্শনের সময় একথা বলেন তিনি।
রাজধানীর ফুটপাতগুলোর প্রায় সবই ভ্রাম্যমান দোকানি কিংবা পাশের দোকানগুলোর সামগ্রী রেখে দখল করে রাখা। বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান চললেও কিছুদিন পরই আবার বেদখল হয়ে যায় ফুটপাতগুলো।
ফুটপাত বেদখল হওয়ায় পথচারীদের চলাচলে যেমন সমস্যা হয়, তেমনি দোকান ঘিরে ভিড় এবং সড়কে পথচারীদের চলাচলে যানজটেরও সৃষ্টি হয়।
এই দফায় বুধবার মতিঝিলের শাপলা চত্বর, আইডিয়াল স্কুলের আশপাশ এলাকার অবৈধ দোকান, মাছ ও ফলের দোকানসহ ভাসমান টং ঘর উচ্ছেদ করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, “গুলিস্তান এলাকা উচ্ছেদ করা হচ্ছে। পর্যায়ক্রমে রাজধানী থেকে ফুটপাত ও রাস্তা দখল করে রাখা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে।”
এসব অবৈধ দোকানপাট যানচলাচলে বিঘ্ন ঘটানোর পাশাপাশি চোর, ছিনতাইকারী, পকেটমার, অজ্ঞান পার্টি ও মলম পার্টির দুর্বৃত্তদের আখড়া হয়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি।
আছাদুজ্জামান বলেন, রাজধানীতে রাস্তা তুলনামূলক কম কিন্তু যানবাহন ও মানুষের সংখ্যা বেশি হওয়ায় এবং অবৈধ দোকানপাট ফুটপাতে বসানোর ফলে যানজট অসহনীয় হয়।
রমজানে জাল নোট ব্যবহার প্রতিরোধ অভিযানে ডিএমপির কাউন্টার টেরোরিজম এবং থানার পুলিশ এ পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।
উচ্ছেদ অভিযান পরিদর্শনের সময় ডিএমপি কমিশনারের সঙ্গে অতিরিক্ত কমিশনার শাহাব উদ্দীন কোরেশী, জামিল আহমদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা ছিলেন।
