২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাতের হকার উচ্ছেদ, পল্টনে উত্তেজনা

গুলিস্তান ও আশপাশের এলাকার সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের মধ‌্যে করপোরেশনের যানবাহন ভাংচুর করেছে বিক্ষুব্ধ হকাররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 06:29 PM

Updated : 11 Oct 2022, 01:20 PM

মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ঘোষণা অনুযায়ী রোববার বেলা সাড়ে ১২টার দিকে সিটি করপোরেশনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। তারা বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড়, মতিঝিল, দিলকুশা ও পল্টন এলাকায় অভিযান চালান।

মতিঝিল থেকে ফুটপাতের দোকান উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত দৈনিক বাংলা মোড় হয়ে পল্টনের দিকে যায়। বেলা ২টার দিকে পল্টন মোড় এলাকায় হকাররা সিটি করপোরেশনের যানবাহন লক্ষ্য করে ঢিল ছোড়ে।

এই হামলায় সিটি করপোরেশনের দুটি গাড়ির কাচ ভেঙে গেলেও কেউ আহত হননি। পুলিশ কাউকে আটকও করেনি। অভিযান শেষ করে সিটি করপোরেশনের কর্মকর্তারা ওই এলাকা থেকে চলে যান।

উচ্ছেদ অভিযানের সময় পল্টনে আজাদ প্রোডাক্টসের গলিতে ফুটপাতের দোকানও ভেঙে দেওয়া হয়। এ সময় ফুটপাতের ওপর দোকানে রাখা ফলমূল নষ্ট হয়।

ওই ফুটপাতের ব্যবসায়ী মোহাম্মদ মুসলিম অভিযোগ করেন, দিনের বেলায় তার দোকান খোলা ছিল না। তারপরও তা ভেঙে দেওয়া হয়েছে।

 “আমরা তো মেইন রোডে বসি নাই। পাশের গলিতে বইছিলাম। তারপরও বুলডোজার দিয়া আমাগো মালামাল নষ্ট কইরা দিসে।”

দোকান সরিয়ে নিতে পাঁচ মিনিট সময় চাইলেও সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট তা দেননি বলে অভিযোগ করেন ক্ষুদ্র ব্যবসায়ী সাহেব আলী।

“মুহূর্তের মইথ‌্যে সব ভাইঙ্গা দিল। আমাগোরে বলছিল সন্ধ্যার পর দোকান খুলতে। আমরাতো মেয়রের কথা অমান্য করি নাই। তাইলে আমাগো দোকান ভাঙলো ক্যান?”

গত ১১ জানুয়ারি নগর ভবনে এক বৈঠক শেষে মেয়র সাঈদ খোকন ঘোষণা দেন, রোববার থেকে সাপ্তাহিক কোনো কর্মদিবসে আর গুলিস্তান ও আশপাশের এলাকায় দিনের বেলায় ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না। হকাররা দোকান নিয়ে বসতে পারবে সন্ধ্যা সাড়ে ৬টার পরে। তবে ছুটির দিনে এ নিয়ম প্রযোজ‌্য হবে না।

অভিযান শুরুর আগে সকালে গুলিস্তান এলাকার ফুটপাতের দোকান বন্ধ থাকলেও বায়তুল মোকাররম ও জিপিওর সামনের সড়কে ফুটপাতের দোকান খোলা দেখা যায়।

নিষেধাজ্ঞার পরও কেন দোকান খোলা জানতে চাইলে মিজানুর রহমান নামের এক দোকানি বলেন, “আমরা তিনবেলা খাইতে বসছি। এখন আমাগোরে যদি বলে একবেলা খাইতে, তাহলে ক্যামনে হবে? এইভাবে তো ব্যবসা করা সম্ভব না।”

মো. হেলাল উদ্দিন নামের আরেক দোকানি বলেন, সন্ধ্যার পর দোকান খোলা রাখার যে সুযোগ দেওয়া হয়েছে- তা মতিঝিল বা গুলিস্তান এলাকার জন‌্য বাস্তবসম্মত নয়।

“এইটা অফিস এলাকা। অফিস চলার সময় লোকজন এইখানে কেনাকাটা করে। অফিস ভাঙার পর এইখানে তো কেউ থাকে না। তখন কেনাকাটা করবে কে?”

আরেক দোকানদার ফরিদ আলী বলেন, সিটি করপোরেশন যাই বলুক, ব‌্যবসা করতে হলে তাদের এভাবেই দোকান চালাতে হবে।

“সারাদিনের কাজ আধাবেলায় শেষ করা যায় না। আর এইবার তো আরও কম সময় দেওয়া হইছে। আমাদের তো কোনো উপায় নাই।... তারা উঠাইব, আমরা আবার বসমু।”

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা চলে গেলে সেখানে বিক্ষোভ শুরু করেন হকাররা। বাংলাদেশ জাতীয় হকার্স ইউনিয়নের নেতারা সংক্ষিপ্ত সমাবেশও করেন।

পুনর্বাসন না করে হকার উচ্ছেদের প্রতিবাদে সোমবার নগর ভবন ঘেরাওয়ের ঘোষণা দেন বাংলাদেশ জাতীয় হকারস ইউনিয়নের উপদেষ্টা মো. হযরত আলী।

“হকাররা শান্তিপূর্ণ অবস্থান করছিল। সন্ধ্যার পর দোকান করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সিটি করপোরেশনের লোকজন কোনো কারণ ছাড়াই তাদের দোকানপাট ভাঙচুর করে। তারা মালামাল লুট করেছে। দোকানদারদের মারপিট করেছে। ম্যাজিস্ট্রেটের পা ধরলেও তিনি শোনেননি।”

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্ছেদের সময় কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করেছে। যারা এ কাজ করেছে তাদেরকে ঠিক হকার বলা যাবে না। তারা পাশের গলি থেকে সিটি করপোরেশনের লোকজনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।”

তবে এ ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ।

“আমার গাড়িতে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা অভিযান শেষ করেছি ঠিক মতোই। আমাদের বহরে অনেকগুলো গাড়ি ছিল। হয়তো পেছনের কোনো গাড়িতে ঢিল ছুড়েছে।”

অভিযান চলবে: মেয়র

অভিযান শেষে বিকেলে নগর ভবনে সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন বলেন, জনদুর্ভোগ লাঘব করতে এ এলাকায় দিনের বেলায় কাউকে বসতে দেওয়া হবে না। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত না করা পর্যন্ত এ অভিযান চলবে।

“সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতেই হবে। এর কোনো বিকল্প নেই। জনগণের পথচলা নির্বিঘ্ন করতেই আমাদের এ প্রচেষ্টা। এ ব্যাপারে দক্ষিণ সিটি করপোরেশনের অবস্থান পরিষ্কার, স্পষ্ট এবং কঠোর। গুলিস্তান ও আশপাশের এলাকার ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। জনগণের দুর্ভোগ লাঘবের বিষয়ে কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না। দক্ষিণ সিটি করপোরেশন কারও সঙ্গে আপস করবেনা।”

হলিডে মার্কেটকে আরও আকর্ষণীয় করার জন্য দক্ষিণ সিটি করপোরেশন কাজ করবে বলে জানান মেয়র।

“তারা হলিডে মার্কেটে ব্যবসা করতে পারেন। হলিডে মার্কেট জমজমাট করার জন্য আমাদের উদ্যোগ রয়েছে। আমরা তাদের সহায়তা করব। আমরা চাই হলিডে মার্কেট সিস্টেমটা দাঁড়াক।”

বাংলাদেশ জাতীয় হকার্স ইউনিয়নের নগর ভবন ঘেরাওয়ের ঘোষণার বিষয়ে মেয়র বলেন, যে যাই করুক, উচ্ছেদ অভিযান থামবে না।

“নগরভবন ঘেরাও করে করুক, মেয়রকে ধরে ধরুক। যা খুশি করুক। আমি ফুটপাত, রাস্তা হকারমুক্ত করবই।”

রাতের বেলা বিক্রি কম হয়- হকারদের এ অভিযোগের বিষয়ে মেয়রের দাবি, ওই এলাকায় রাতের বেলায়ও বেচাকেনা হয়।

“গুলিস্তান ও আশপাশের এলাকা সব সময় জমজমাট থাকে। এখান থেকে সারাদেশের মানুষজন যাতায়াত করে। এখানে গভীর রাত পর্যন্ত বেচাকেনা হয়। যারা বলছে এখানে সন্ধ্যার পর বেচাকেনা হয় না, তারা মিথ্যা বলছে।”