২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অংশগ্রহণমূলক নির্বাচন চায় নরওয়ে ও সুইডেন

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করে আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রত্যাশা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 09:39 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন তারা।

এ বছরের শেষে অনুষ্ঠেয় বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ মন্তব্য করে তা অংশগ্রহণমূলক (ইনক্লুসিভ) হবে বলে প্রত্যাশা তুলে ধরেন দুই রাষ্ট্রদূতই।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন বলেন, “নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।”

এ সময় সুইডেনের রাষ্ট্রদূত চারলোটা স্কালাইটার বলেন, “আগামী নির্বাচন নিয়ে আমাদের প্রত্যাশা রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কীভাবে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হতে পারে সেই বিষয়ে কথা হয়েছে।”

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা।

এরপর নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূত এলেন। গত বছরের ১২ মার্চ নতুন নির্বাচন কমিশন গঠনের পর সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন এই দুই রাষ্ট্রদূত।

পুরনো খবর:

খালেদার বিষয়ে কিছু করার নেই: ইসি
যুক্তরাজ্যও ‘অংশগ্রহণমূলক’ নির্বাচনের পক্ষে
আগামী নির্বাচন ‘অংশগ্রহণমূলক’ চায় ইসি ও যুক্তরাষ্ট্র
বিএনপিকে নিয়েই নির্বাচনে যেতে চাই: কাদের