২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার রায় ঘিরে উত্তেজনায় উদ্বেগ জনমনে

টাঙ্গাইলের নুরুল আলম টিপু সৌদি আরব যাবেন; শুক্রবার সকাল ৬টায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তার ফ্লাইট।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 11:34 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

ব্যাগপত্র গুছিয়ে রেখে বৃহস্পতিবার ঢাকায় রওনা হওয়ার পরিকল্পনা করেছিলেন টিপু; কিন্তু পরিস্থিতি দেখে উৎকণ্ঠায় এখন তিনি।

টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুব টেনশনে পড়ে গেলাম; অস্থিরতার মধ্যে আছি। শুক্রবার ভোরে আমাকে এয়ারপোর্টে পৌঁছতেই হবে। আজ রাতে যে টাঙ্গাইল ছাড়ব, সে উপায়ও নেই। রাস্তাঘাট ফাঁকা, কোনো গাড়ি পাচ্ছি না।”

টিপুর যাত্রা নিয়ে উৎকণ্ঠায় তার স্বজনরাও।

বৃহস্পতিবার নিয়ে উৎকণ্ঠায় ঢাকার আবেদ চৌধুরী; এই কারণে সন্তানকে বিদ্যালয়ে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে আবেদ চৌধুরীর মতো সহজে নির্ভার হতে পারছেন না ঢাকার আরেক শিক্ষার্থীর অভিভাবক নূর মোহাম্মদ। কারণ তার সন্তানের যে এসএসসি পরীক্ষা।

নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলেটির পরীক্ষা সকালে। টেম্পু বা রিকশায় চড়ে তাকে কেন্দ্রে নিয়ে যাই। একজন অভিভাবক হিসাবে আমার তো উদ্বেগের শেষ নেই; আমার মতো অনেকেই এমন অবস্থায় রয়েছে।”

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির আহ্বায়ক তপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে ইসলাম শিক্ষা পরীক্ষা যথাসময়েই শুরু হবে।

টিপু, আবেদ কিংবা নূর মোহাম্মদের মতো উদ্বেগের মধ্যে রয়েছেন অনেকে; এই উদ্বেগ একটি রায়কে ঘিরে।

Image
রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে যানবাহন থামিয়ে পুলিশের তল্লাশি

রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে যানবাহন থামিয়ে পুলিশের তল্লাশি

বৃহস্পতিবার ঢাকার আদালতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় হবে। একে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের কথার উত্তেজনায় উদ্বেগ ছড়িয়েছে দেশজুড়ে।

দুই দলের নেতাদের মাঠে মুখোমুখি হওয়ার আশঙ্কার সঙ্গে নিরাপত্তা বিধানে নামা পুলিশের রাস্তায় রাস্তায় তল্লাশি ও গ্রেপ্তার মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

শঙ্কা রয়েছে রায়ের পর কী হয়, তা নিয়েও।

“রায় কী হয়, আর এরপর কী হয়, সব কিছু নিয়ে শঙ্কার মধ্যে আছি,” বলেন নূর মোহাম্মদ।

২০১৪ ও ২০১৫ সালে নাশকতার আন্দোলনের প্রেক্ষাপটে এবারও নাশকতার আভাস পেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Image
খালেদা জিয়া বলছেন, মানুষের প্রতিবাদী কণ্ঠ রুদ্ধ করছে সরকার

খালেদা জিয়া বলছেন, মানুষের প্রতিবাদী কণ্ঠ রুদ্ধ করছে সরকার

তবে রায়ের আগের দিন সংবাদ সম্মেলনে এসে খালেদা জিয়া বলছেন, ‘সাজানো রায়ে’ তিনি কারাগারে গেলেও আন্দোলন যেন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হয়।

এদিকে রায়ের আগে খালেদা জিয়ার আদালতে হাজিরার সময় তার বহর থেকে পুলিশের উপর হামলার পর থেকে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলতে থাকে।

রায়ের আগের দিন ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশির পাশাপাশি মহাসড়কে কড়া নজরদারি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে ঢাকাসহ বিভিন্ন জেলায় নামানো হয়েছে বিজিবি।

রায়ের দিন ঢাকায় ভোর থেকে সব ধরনের মিছিল-জমায়েত নিষিদ্ধ করার কথা মঙ্গলবারই জানিয়েছিল পুলিশ।চট্টগ্রামের পুলিশও একই ধরনের ব্যবস্থা নিয়েছে।

Image
বাসের ভেতরে যাত্রীদেরও তল্লাশি করছে পুলিশ

বাসের ভেতরে যাত্রীদেরও তল্লাশি করছে পুলিশ

আর আইনশৃঙ্খলা বাহিনীকে ‘সহায়তায়’ ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের রাজপথে থাকার ঘোষণায় সংঘাতের আশঙ্কাও তৈরি হয়েছে অনেকের মনে।

রায়ের আগের দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের মহড়ায় পাশের বইমেলায় আসা মানুষের মনেও উদ্বেগের বিস্তার ঘটায়।

বইমেলায় ঘুরতে আসা রাগীর হাছান নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তো উত্তেজনা বিরাজ করছে। আমার বন্ধু ইমদাদুল হক একটি স্টলে পার্টটাইম জব করে। রায় নিয়ে শঙ্কায় বৃহস্পতিবার স্টলেই না আসার ঘোষণা দিয়েছে সে।

“এয়ারপোর্ট রোড থেকে বই মেলায় আসা রিস্ক হবে, কীভাবে আসবে, গাড়ি পাবে কি না- এসব টেনশনে সে কাল কাজ বাদ দিয়েছে।”

Image
কমলাপুর রেল স্টেশনে পুলিশের সশস্ত্র অবস্থান

কমলাপুর রেল স্টেশনে পুলিশের সশস্ত্র অবস্থান

নগরবাসীর এত উদ্বেগের মধ্যেও ভীত না হয়ে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

গণগ্রেপ্তারের অভিযোগ প্রত্যাখ্যান করলেও গত সাত দিনে সারা দেশে গ্রেপ্তারের গড় সংখ্যা অন্য সময়ের চেয়ে বেশি বলে স্বীকার করেন তিনি।

আইজিপি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে পুলিশ ইতোমধ্যে দেশব্যাপী সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে। আমরা মনে করি, আগামীকাল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণাধীন থাকবে।”

এত সবের মধ্যেও আশায় ভর করে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক নূর মোহাম্মদ বললেন, “কারও তো খারাপ চাই না; আশা করি সব কিছু ভালো থাকবে।”

পুরনো খবর:

পাঠাও মুভ বাহন বৃহস্পতিবার বন্ধ
ঢাকায় ঢোকার পথে পথে তল্লাশি, কড়া নজরদারি
বিজিবি নেমেছে রাজপথে
রায় সামনে রেখে আদালতে নিরাপত্তার তোড়জোড়
রায় নিয়ে উদ্বেগের কিছু নেই: আইজিপি