রায় নিয়ে উদ্বেগের কিছু নেই: আইজিপি
খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে উদ্বেগের কিছু নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের কথার উত্তেজনায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রায়ের আগের দিন বুধবার এক সংবাদ সম্মেলনে এসে দেশবাসীকে ভীত না হয়ে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় বৃহস্পতিবার রায় দেবে আদালত।
বিএনপির আগের আন্দোলনের অভিজ্ঞতায় খালেদার সাজার রায় হলে এবারও নাশকতার আন্দোলন হতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা।
সেজন্য তারা নিরাপত্তা জোরদার করেছে; ঢাকার ঢোকার বিভিন্ন পথে তল্লাশি চলছে। পুলিশের এই তৎপরতায় রাজধানীবাসীর উদ্বেগ আরও বাড়িয়েছে।
এই পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি পাটোয়ারী বলেন, “৮ ফেব্রুয়ারি একটি মামলার রায়কে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন উদ্বেগ বা উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছ।
“জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে পুলিশ ইতোমধ্যে দেশব্যাপী সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে। আমরা মনে করি, আগামীকাল দেশের আইন শ্ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণাধীন থাকবে।”
আদালতের রায় যাই হোক না কেন, সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে অনুরোধ জানান আইজিপি।
রায়ের দিন ঢাকায় মিছিল-সমাবেশে পুলিশ নিষেধাজ্ঞা দিলেও সরকারি দল ও পরিবহন মালিক-শ্রমিকরা ‘মাঠে’ থাকার ঘোষণা দিয়েছে।
এক্ষেত্রে পুলিশের ভূমিকা কী হবে- প্রশ্ন করা হলে পাটোয়ারী বলেন, “আইন সবার জন্য সমান।”
রায়কে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে নেতা-কর্মীদের নির্বিচারে ধরপাকড়ের যে অভিযোগ বিএনপি করছে, তা প্রত্যাখ্যান করেন আইজিপি।
“সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা গ্রেপ্তার করছি।”
তবে গত সাত দিনে সারা দেশে গ্রেপ্তারে গড় অন্য সময়ের চেয়ে বেশি বলে স্বীকার করেন পাটোয়ারী।
তিনি বলেন, “রুটিন ওর্য়াক সঠিকভাবে পালন করার জন্য যে নির্দেশনা দিয়েছি তার পরিপ্রেক্ষিতে অল্পসংখ্যক অতিরিক্ত আসামি গ্রেপ্তার হয়েছে।”
