রায় সামনে রেখে আদালতে নিরাপত্তার তোড়জোড়
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলায় রায় ঘোষণাকে সামনে রেখে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তোড়জোড় চলছে।
রায় ঘোষণার আগের দিন বুধবার দুপুরে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে গিয়ে র্যাব ও গোয়েন্দা পুলিশের ব্যাপক তৎপরতা চোখে পড়ে।
র্যাব- ১০ এর কর্মকর্তা এএসপি মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্থায়ী এই আদালত ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা ঘনঘন টহল দিচ্ছেন এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছেন।
টহল শেষ করে কর্মকর্তারা আদালত চত্বরে ঢুকে দায়িত্বর পুলিশ ও র্যাব সদস্যদের পরবর্তী নির্দেশনাও দিচ্ছেন।
কারা অধিদপ্তরের মাঠ সংলগ্ন এই আদালত প্রাঙ্গণের বিভিন্ন অংশে সিসি ক্যামেরা লাগাতে দেখা যায় র্যাব সদস্যদের। গোয়েন্দা পুলিশ সদস্যদেরও পৃথকভাবে সিসি ক্যামেরা লাগাতে দেখা যায়।
এদিকে সকাল থেকেই আদালত এলাকায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা দেখা যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আদালতগুলোর আশপাশের এলাকার নিরাপত্তা প্রস্তুতির তদারকি করেন।
ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ রয়েছে। দোষী সাব্যস্ত হলে এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে।
বিএনপির অভিযোগ, সরকার বিএনপি নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখতেই ‘মিথ্যা’ এই মামলাকে রায় পর্যন্ত টেনে এনেছে। রায় বিপক্ষে গেলে রাজপথে নামার হুঁশিয়ারিও তারা দিয়ে রেখেছে।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাও রায়ের দিন মাঠে থাকার ঘোষণা দেওয়ায় তৈরি হয়েছে উত্তেজনা।
দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “রায় কী হবে, তা আমাদের জানা নেই। কোর্ট যেটাই ডিসিশন দেবে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এ রায়কে কেন্দ্র করে কেউ যদি নাশকতা, অগ্নিসন্ত্রাস, জানমালের ক্ষতি বা ওই ধরনের কিছু করতে চায়, তাহলে আমরা অবশ্যই প্রতিহত করব।”
নাশকতার তথ্য আছে কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, “আমি আগেও বলেছি, আমাদের আইনশৃঙ্খলাবাহিনী অনেক দক্ষ। তারা ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে অনেক তথ্য আদান-প্রদানের বিষয়ে জানতে পেরেছে। তাই এই পদক্ষেপ। এটাকে একটা প্রস্তুতি আপনারা বলতে পারেন।”
