ঢাকায় ঢোকার পথে পথে তল্লাশি, কড়া নজরদারি
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘিরে উত্তেজনার মধ্যে রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশির পাশাপাশি মহাসড়কে কড়া নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার রায় বিপক্ষে গেলে বিএনপি সমর্থকরা ঢাকায় জড়ো হয়ে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে ব্যাপক তল্লাশির পাশাপাশি রাজধানীতে নিরাপত্তা চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে।
ঢাকা মহানগরী এলাকায় বৃহস্পতিবার ভোর থেকে সব ধরনের মিছিল জমায়েত নিষিদ্ধ করার কথা মঙ্গলবারই জানিয়েছিল পুলিশ।
চট্টগ্রামের পুলিশও একই ধরনের ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে বন্দরনগরীতে সব ধরনের দেশীয় অস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং থেকে পতেঙ্গার ১১ নম্বর ঘাট পর্যন্ত সড়কে বুধবার বিকাল ৪টা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
গাজীপুর ও নরায়ণগঞ্জেও বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ, সন্দেহ হলেই যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি।
ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ রয়েছে। দোষী সাব্যস্ত হলে এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে।
বিএনপির অভিযোগ, সরকার বিএনপি নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখতেই ‘মিথ্যা’ এই মামলাকে রায় পর্যন্ত টেনে এনেছে। রায় বিপক্ষে গেলে রাজপথে নামার হুঁশিয়ারিও তারা দিয়ে রেখেছে।
এসএসসি পরীক্ষার মধ্যে দুই প্রধান দলের নেতাদের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে উদ্বেগ-উৎকণ্ঠা চলছে সাধারণ মানুষের মনে।
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়কে কেন্দ্র করে আমরা সতর্ক রয়েছি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই আমরা নেব।”
পুলিশের নতুন মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মঙ্গলবারই ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।
র্যাবও ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে তল্লাশি অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বলে এ বাহিনীর মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাধারণ মানুষের স্বস্তি যাতে নষ্ট না হয়, তাদের মধ্যে যেন আতঙ্ক তৈরি হতে না পারে, সে চেষ্টা আমরা করছি।”
আইনশৃঙ্খলা অভয় দেওয়ার চেষ্টা করলেও ২০১৫ সালের প্রথম তিন মাসে বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ-হরতালে নাশকতার কথা মনে করে উৎকণ্ঠা কাজ করছে পরিবহন খাতের মালিক শ্রমিকদের মধ্যেও।
পরিবহন মালিক-শ্রমিকদের সরকারসমর্থক সংগঠনগুলো যে কোনো পরিস্থিতিতে মাঠে থাকার ঘোষণা দিলেও সাধারণ চালকরা বলছেন, রাস্তায় ঝামেলা হলে যানবাহনেরই ক্ষতি হয় বেশি। ফলে বৃহস্পতিবার গাড়ি বের করা নিয়ে অনেকেই ভাবতে শুরু করেছেন।
বঙ্গবন্ধু সেতু বা আরিচা হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের যেসব বাস ঢাকার পথে আসে, সেগুলোর বেশিরভাগই রাজধানীতে ঢোকে গাবতলী হয়ে।
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায় ঘিরে তারা গাবতলী এলাকায় বাড়তি জনবল নিয়োজিত করেছেন। সন্দেহ হলে যে কোনো বাস, ট্রাক বা পথচারীদের তল্লাশি করা হচ্ছে।
টাঙ্গাইল, গাজীপুর থেকে ময়মনসিংহ রোড হয়ে রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ প্রবেশ পথ উত্তরা। সেখানেও কড়া নজরদারি শুরু হয়েছে বলে উত্তরা পশ্চিম থানার ওসি মো. আলী হোসেন খান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আবদুল্লাহপুর এলাকার দুটি চেকপোস্টে জনবল বৃদ্ধি ছাড়াও পুলিশ সদস্যদের সতর্কতা বাড়ানো হয়েছে।
একই ধরনের কথা বলেছেন ডেমরা থানার ওসি এস এম কাওছার।নারায়ণগঞ্জ ছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে রাজধানীতে প্রবেশের গুরুত্বপূর্ণ প্রবেশ পথ ওই এলাকা।
র্যাব-১১ এর মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নাহিদ হাসান জনি জানান, তারা রাজধানীর সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কপথ ঢাকা-মাওয়া মহাসড়কের নিরাপত্তা জোরদার করেছেন। চেক পোস্টে তল্লাশির পাশাপাশি বাড়ানো হয়েছে টহল।
রাজধানীর আশপাশের জেলাগুলোতে আবাসিক হোটেল, বোর্ডিং হাউস আর মেস বাড়িগুলোর দিকেও নজর রাখতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার এলাকায় বৃহস্পতিবার সব ধরনের সভাসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাঁচ জনের বেশি একসঙ্গে চলাফেরা না করতে বলা হয়েছে। এছাড়া যানবাহনেও তল্লাশি চালানো হচ্ছে।
রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খখলা ঠেকাতে প্রস্তুত থাকার কথা বলেছেন নরায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ মতিয়ার রহমানও।
রাজশাহীর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান জানান, তারা সভা সমাবেশ নিষিদ্ধ না করলেও সর্তক রয়েছেন এবং সময় বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
ভিডিও কন্ফারেন্স পুলিশ প্রধান কী কী নির্দেশনা দিয়েছেন জানতে চাইলে বরিশালের পুলিশ কমিশনার রুহুল আমীন সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে চাননি। তিনি বলেন, নির্দেশনার বিষয়টি ‘গোপনীয়’। তা বলা ‘ঠিক হবে না’।
তবে পুলিশ সদর দপ্তর থেকে বিভিন্ন রেঞ্জের ডিআইজি, প্রত্যেক জেলার পুলিশ সুপার এবং মহানগর পুলিশ কমিশনারদের কাছে যে নির্দেশনার চিঠি গত সপ্তাহে গেছে, সেখানে রায় ঘিরে ‘অস্থিতিশীল পরিবেশ’ সৃষ্টির চেষ্টা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, গণপরিবহনে হামলা-অগ্নিসংযোগ, সরকারি- বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র ও রেলপথেও হামলার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশ বাহিনীকে।
