২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠাও মুভ বাহন বৃহস্পতিবার বন্ধ

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের দিন ঢাকায় মটরসাইকেল রাইড সেবা বন্ধ রাখছে তিন প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 11:57 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

বৃহস্পতিবার সারা দিন সেবা বন্ধ থাকছে বলে পাঠাও, মুভ ও বাহনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেবা বন্ধের জন্য দুঃখ প্রকাশ করে বুধবার রাতে গ্রাহকদের কাছে এসএমএস পাঠিয়েছে মটরসাইকেলের রাইড শেয়ারিং প্রতিষ্ঠান 'পাঠাও' কর্তৃপক্ষ।

এতে লেখা হয়েছে, ৮ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে পাঠাও রাইড সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ঢাকার কিছু নির্দিষ্ট এলাকায় পাঠাও ফুড সার্ভিস চালু থাকবে।

হঠাৎ সেবা বন্ধ রাখার কারণ জানতে চাইলে ‘পাঠাও’র এর ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আহমেদ ফাহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আমাদের সার্ভিস বন্ধ থাকবে। সমস্যার সমাধান হয়ে গেলে আবার চালু হবে।”

ব্যক্তিগত গাড়ি ও মটরসাইকেলের রাইড সেবাদাতা ‘বাহন’ বলছে, ‘মেইনটেন্যান্সের' জন্য বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে পরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সেবা বন্ধ রাখছে তারা।

মটরসাইকেল রাইড সেবাদাতা প্রতিষ্ঠান ‘মুভ’ও গ্রাহকদের এসএমএস পাঠিয়ে বৃহস্পতিবার সেবা বন্ধ রাখার কথা জানিয়েছে।