বিজিবি নেমেছে রাজপথে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কায় রাজপথে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে ঢাকায় ২০ প্লাটুন বিজিবি নেমেছে।
এছাড়া দেশের বিভিন্ন জেলায় সন্ধ্যা পর্যন্ত সব মিলিয়ে ৭০ থেকে ৮০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে মহসীন রেজা জানান।
বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি প্লাটুন গঠন করা হয় ২০ থেকে ৩০ জন সদস্য নিয়ে। ফলে ঠিক কতজন বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন, তা জানাতে পারেননি মহসীন।
তিনি বলেন, “এখনও বিভিন্ন জেলা থেকে বিজিবি চেয়ে আবেদন আসছে। সব হিসাব করে আমি আপনাদের জানাতে পারব।”
আমাদের রাজশাহী প্রতিনিধি জানান, সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে বিকাল থেকেই। তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে তল্লাশি কার্যক্রম তদারকি করছে।
ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা রয়েছে।
এ রায় ঘিরে উত্তেজনার মধ্যে মঙ্গলবার রাত থেকেই ঢাকা ও মহানগরীগুলোর পথে পথে ব্যাপক তল্লাশির পাশাপাশি মহাসড়কে কড়া নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
