২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ বৈঠকে বসছেন হাসিনা-মোদী

ভারতে চার দিনের দ্বিপক্ষীয় সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার পর দুই দেশের মধ্যে ত্রিশটির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

সুমন মাহবুব

নয়া দিল্লি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 02:42 AM

Updated : 11 Oct 2022, 01:45 PM

পুরনো খবর:

নদী নিয়ে একমত হতে বাধা কোথায়: শেখ হাসিনা
তিস্তার কথা হবে মমতার সঙ্গে: হাসিনা
ভারতের সঙ্গে সব চুক্তিই প্রকাশ হবে: পররাষ্ট্রমন্ত্রী
তিস্তার সমাধান খুঁজতে দিল্লিতে আমলাদের বৈঠক
বন্ধুত্বে ‘নতুন মাত্রা’ দিতে দিল্লিতে হাসিনা
উষ্ণ অভ্যর্থনায় মোদীর চমক
শেখ হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাৎ
প্রণবের জন্য ইলিশ, মোদীর জন্য সিল্ক

শনিবার দুপুরে নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউজে দুই নেতার উপস্থিতিতে দুই সরকারের প্রতিনিধিরা এসব চুক্তিতে সই করবেন।

এর মধ্যে প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, পরমাণু বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ঋণ সহযোগিতা, বর্ডার হাট স্থাপন, কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার চুক্তি ও এমওইউ থাকছে বলে বাংলাদেশ সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছে। তবে এর মধ্যে তিস্তা চুক্তি যে হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত হয়ে গেছে।

চুক্তি না হলেও তিস্তার অচলাবস্থা কাটানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে শেখ হাসিনার এই সফরে। শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ‘আশাবাদী’। 

ঝুলে থাকা তিস্তায় আশা জাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারও। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে ইতোমধ্যে দিল্লি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে তিস্তা নিয়ে কথা হবে বলে শেখ হাসিনা জানিয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি পৌঁছানোর আগে বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেন্দ্র সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের আমলাদের মধ্যে তিস্তার জট খুলতে বৈঠকও হয়েছে।

এই মমতার আপত্তির কারণেই ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা চুক্তি আটকে যায়। ২০১৫ সালে নরেন্দ্র মোদীর ঢাকা সফরেও তার সুরাহা হয়নি।

তিস্তার পাশাপাশি গঙ্গা ব্যারাজ ও অন্যান্য অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনার বিষয়টি দ্বিপক্ষীয় বৈঠকে গুরুত্ব পাবে বলে আভাস মিলেছে প্রধানমন্ত্রীর কথায়। 

সফরের প্রাক্কালে দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত এক নিবন্ধে শেখ হাসিনা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যে অনেক বিষয়ে দুই দেশের মিল ও অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে প্রশ্ন রেখেছেন- লালন, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ বা সুন্দরবন নিয়ে যেখানে ভারত ও বাংলাদেশের দ্বন্দ্ব নেই, সেখানে ‘একটি নদীর পানিবণ্টন নিয়ে’ একমত হতে বাধা কোথায়।

বন্ধুত্বকে বহতা নদীর সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, “প্রত্যাশা রইল, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছবে।”

শুক্রবার দুপুরে দিল্লির পালাম বিমান ঘাঁটিতে শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানানোর পর নরেন্দ্র মোদী যে টুইট করেছেন, সেখানেও পাওয়া গেছে একই সুর।

ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, “ দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি সংকল্পবদ্ধ।”

সূচিতে বলা ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাবেন মোদী সরকারের বাঙালি প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। কিন্তু মোদী নিজেই প্রটোকল ভেঙে বিমানবন্দরে গিয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান, যাকে তার আন্তরিকতা ও দুই দেশের সম্পর্কের দৃঢ়তার প্রকাশ হিসেবে দেখছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

চার দিনের এই সফরে শেখ হাসিনা থাকছেন নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে, ভারতের কূটনীতিকদের দৃষ্টিতেও যা বিরল ঘটনা।

পহেলা বৈশাখের আগে আগে এই সফরে শেখ হাসিনা দিল্লিতে এসেছেন ভারতের বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য ইলিশ আর সিল্কের সফেদ পাজামা-পাঞ্জাবি নিয়ে। মোদীর জন্য উপহারের মধ্যে আছে রাজশাহী সিল্ক আর মিষ্টি।

মমতার জন্য হাসিনার উপহার বেনারসি শাড়ি। কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী এবং তার দুই ছেলেমেয়ের জন্যও উপহার নিয়েছেন।

 

শনিবারের সূচি

>> সকাল ৯টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে শুরু হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভ্যর্থনা জানাবেন।

>> সকাল সাড়ে ৯টায় রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা।

>> বেলা সাড়ে ১১টায় হায়দ্রাবাদ হাউজের ডেকান স্যুইটে শুরু হবে দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক। পরে দ্বিপক্ষীয় বৈঠক বসবে কনফারেন্স রুমে। ওই ভবনেরই বলরুমে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক সই ও হস্তান্তর হবে।

>> অনুষ্ঠানের পরের পর্বে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী হিন্দি ভাষায় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর’ মোড়ক উন্মোচন করবেন।

>> সবশেষে হায়দ্রাবাদ হাউজের বলরুমে যৌথ সংবাদ সম্মেলনে আসবেন দুই দেশের সরকারপ্রধান।

>> বেলা ১টায় শেখ হাসিনা তার সম্মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন। এই ভোজসভা হবে হায়দ্রাবাদ হাউজের ব্যাংকোয়েট হলে।

>> বিকাল সাড়ে ৩টায় মানেক শ সেন্টারে মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর শহীদদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। সাত শহীদ পরিবারের সদস্যের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেবেন তিনি। সেখানে মোদীরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

>> সন্ধ্যা ৬টায় মাওলানা আজাদ এভিনিউয়ে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারির সঙ্গে সাক্ষাৎ হবে শেখ হাসিনার।

শনিবার হাসিনা-মোদী শীর্ষ বৈঠকের পর খুলনা-কলকাতা পরীক্ষামূলক আন্তঃদেশীয় ট্রেন সেবার উদ্বোধন করা হবে নয়া দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। একইভাবে চালু হবে ঢাকা-খুলনা-কলকাতা রুটে নতুন একটি বাস সেবা।

দুই নেতার উপস্থিতিতে ভারত থেকে বাংলাদেশের জ্বালানি তেল কেনার কার্যক্রমেরও উদ্বোধন করা হবে। শনিবারই দুই হাজার ২০০ মেট্রিক টন ডিজেলের চালান রওনা হবে বাংলাদেশের পথে। বিরল-রাধিকাপুর রুটে মালবাহী ট্রেন চলাচল এবং ত্রিপুরার পালটানা বিদ্যুৎ প্রকল্প থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়ারও উদ্বোধন হওয়ার কথা রয়েছে এদিন।

যেসব চুক্তি শনিবার হচ্ছে, তার বিস্তারিত তথ্য কোনো সরকারের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি অন্য সব আলোচনাকে ছাপিয়ে গেছে বিএনপির আপত্তি ও সমালোচনার কারণে।

সরকারের দাবি অনুযায়ী ভারত-বাংলাদেশ সম্পর্ক সত্যিই যদি উচ্চতম পর্যায়ে পৌঁছে থাকে, তাহলে প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন হচ্ছে কেন- সেই প্রশ্ন শুক্রবারও তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর কী ক্ষেত্রে কোন চুক্তি হবে তা স্পষ্ট না করলেও দিল্লি যাওয়ার আগে শেখ হাসিনা বলে গেছেন, দেশের স্বার্থ ক্ষুণ্ন করে কিছুই তিনি করবেন না।

তার এই সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর তিন দিন আগে যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানেও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে চুক্তি বা সমঝোতা স্মারকের বিষয়টি স্পষ্ট করা হয়নি।

তবে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব সুপ্রিয়া রঙ্গনাথন বলেছেন, তারা দুটো সমঝোতা স্মারকে সই করতে চান, যার একটি হবে প্রতিরক্ষা চুক্তির কাঠামো নিয়ে সমঝোতা, যার মাধ্যমে সহযোগিতার কাঠামো ঠিক হবে।

“এটা হবে একটি গতানুগতিক সমঝোতা স্মারক, যা পাঁচ বছর পরপর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। আর এটা যৌথ গবেষণা ও উন্নয়ন এবং সমরাস্ত্র কেনাকাটার পথ তৈরি করে দেবে।” 

অন্য সমঝোতা স্মারকটি হবে ভারতের কাছ থেকে বাংলাদেশের সমরাস্ত্র কেনার বিষয়ে। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের বিষয়েও একটি বিশেষ সমঝোতা স্মারক আলোচনায় রয়েছে বলে দি হিন্দুর খবর।