প্রণবের জন্য ইলিশ, মোদীর জন্য সিল্ক
পহেলা বৈশাখে ইলিশ পাতে সাজানোর প্রস্তুতির মধ্যে ভারতের বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য বাংলাদেশের জাতীয় মাছ নিয়ে দিল্লিতে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার থেকে শুরু হওয়া সফরের চারদিনই ভারতের রাষ্ট্রপতি ভবনে কাটাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ২০ কেজি ইলিশের সঙ্গে সাদা সিল্কের পাজামা-পাঞ্জাবিসহ বিভিন্ন উপহার সামগ্রী তিনি নিয়ে এসেছেন নড়াইলের জামাই প্রণবের জন্য।
ভারতের রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন জনের জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সাড়ে তিনশ সফরসঙ্গীর মধ্যে দুজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা তার সঙ্গে থাকছেন রাষ্ট্রপতি ভবনে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রণব মুখার্জির জন্য উপহার হিসাবে ২০টি ইলিশের সঙ্গে রয়েছে সাদা সিল্কের পাঞ্জাবি ও পায়জামা, চিত্রকর্ম, ১২ জনের ডিনার সেট, চামড়ার ব্যাগ সেট, চার কেজি করে চমচম ও রসগোল্লা, দুই কেজি করে সাদা সন্দেশ ও গুড়ের সন্দেশ এবং দুই কেজি দই।
ভাইস প্রেসিডেন্টের জন্য উপহার হিসেবে রয়েছে চামড়ার ব্যাগ, ৬ জনের ‘টি’ সেট, দুই কেজি করে চমচম ও কালোজাম, এক কেজি করে সাদা সন্দেশ ও গুড়ের সন্দেশ।
ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের জন্যও উপহার সামগ্রী নিয়ে এসেছেন বাংলাদেশের সরকারপ্রধান।
মোদির মা হীরাবেনের জন্য হাল্কা রঙের রাজশাহী সিল্কের শাড়ি এবং প্রণব মুখার্জির মেয়ের জন্য শর্মিষ্ঠার জন্য সিল্কের শাড়ি এনেছেন তিনি।
সবাইকে সিল্ক উপহার দিলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বেনারসি এনেছেন হাসিনা। মমতার জন্য আরও রয়েছে দুই কেজি করে রসগোল্লা ও চমচম, এক কেজি করে সাদা সন্দেশ ও গুড়ের সন্দেশ এবং দুই কেজি দই।
ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তার দুই সন্তানের জন্যও উপহার সামগ্রী নিয়েছেন শেখ হাসিনা।
ভারতের রাষ্ট্রপতি ভবন, এই সফরে এখানেই থাকবেন শেখ হাসিনা- ছবি: রয়টার্স
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের জন্য রাজশাহী সিল্কের শাড়ি, পাঁচ জনের চা পানের সেট, দুই কেজি করে চমচম ও রসগোল্লা, এক কেজি করে সাদা সন্দেশ ও গুড়ের সন্দেশ এবং দুই কেজি দই রয়েছে উপহার সামগ্রীতে।
সেদেশের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি, ভারী শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর ও বিজয় কুমার সিং এবং জয়পুরের মুখ্যমন্ত্রী-গভর্নরসহ কয়েকজনের জন্য নেওয়া হয়েছে রুপার নৌকা।
এছাড়া উপহার হিসাবে দেওয়ার জন্য বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’র ৫০টি করে কপি এনেছেন শেখ হাসিনা।
