২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাৎ

সাতবছর পর নয়া দিল্লি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‍সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সুমন মাহবুব

নয়া দিল্লি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 08:34 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

চার দিনের সফরে শুক্রবার দুপুরে দিল্লি পৌঁছানোর পর বিকালে এ বৈঠকের মধ্য দিয়েই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে।

এই সফরে শেখ হাসিনা থাকছেন দিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে। বিকালে সেখানে গিয়ে সুষমা স্বরাজ বৈঠক করেন বলে এক টুইটে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান দুপুরে দিল্লিতে নামলে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই সফরে ভারতের সঙ্গে সাইবার নিরাপত্তা, প্রযুক্তি, পরমাণু বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে তিন ডজন চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

দুই নেতাই বলেছেন, এই সফরের মধ্যে দিয়ে ভারত ও বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তারা আশা করছেন। 

সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠান দিয়ে প্রধানমন্ত্রী তার দিনের কর্মসূচি শেষ করেন।  

শনিবার হায়দ্রাবাদ হাউজে দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও চুক্তি স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে আসবেন দুই দেশের সরকার প্রধান।

রোববার আজমির শরীফ ঘুরে এসে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। সোমবার ইন্ডিয়া ফাউন্ডেশনের সংবর্ধনায় অংশ নেওয়ার পর বিকালে দেশের পথে রওনা হবেন তিনি।