তিস্তার কথা হবে মমতার সঙ্গে: হাসিনা
ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে তিনি আশাবাদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে তার কথা হবে।
শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তর এ কথা বলেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ওই অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের জানান।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিকালে দিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এবারের ভারত সফরে সেখানেই থাকছেন প্রধানমন্ত্রী।
প্রেস সচিব বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ১৯৭৫ পরবর্তী সময়ে তার কিছুদিন ভারতে থাকার স্মৃতিচারণ করেন।
শেখ হাসিনা এ সময় বঙ্গবন্ধুর ‘‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’র কপি সুষমা স্বরাজকে উপহার দেন।
“এখানে মুলত স্মৃতিচারণ হয়েছে। আনুষ্ঠানিক বৈঠক তো কালকে হবে,” বলেন ইহসানুল করিম।
রাইসিনা হল থেকে সন্ধ্যায় দিল্লির বাংলাদেশ হাই কমিশনের মৈত্রী হলে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। দিল্লিতে বিভিন্ন দেশের মিশন প্রধান এবং ভারতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
ইহসানুল করিম জানান, অনুষ্ঠানের এক পর্যায়ে ভারতের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। তখনই তিস্তা চুক্তি ও বিভিন্ন বিষয়ে কথা হয়।
তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে এক প্রশ্নে শেখ হাসিনা বলেন, “তিস্তা নিয়ে আমি আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, তার সাথে কথা বলব।”
ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর একপ্রকার স্পষ্ট করেই বলেছেন, তিস্তায় নাটকীয় কিছু ঘটে যাওয়ার মত কোনো তথ্য তার হাতে নেই।
তবে তিস্তা নিয়ে অচলাবস্থা নিরসনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে এক অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে মমতার।
বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেন্দ্র সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের আমলাদের মধ্যে তিস্তার জট খুলতে বৈঠকও হয়েছে।
ভারত সফরে দুই দেশের সহযোগিতার সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, অভিন্ন নদীর পানিবণ্টনের মত বেশ কিছু অমীমাংসিত বিষয় এখনও রয়েছে, যার সমাধান প্রয়োজন।
ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যে অনেক বিষয়ের মিল থাকা এ দুই দেশের মধ্যে লালন, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ বা সুন্দরবন নিয়ে যদি বিবাদ না হয়, তাহলে অভিন্ন নদীর পানি নিয়ে কেন বিরোধ থাকবে?
শেখ হাসিনার মত নরেন্দ্র মোদীও দুই দেশের সম্পর্ক ‘নতুন পর্যায়ে’ নিয়ে যাওয়ার আশার কথা বলেছেন। সূচিতে না থাকলেও দুপুরে প্রটোকল ভেঙে তিনি বিমানবন্দরে গিয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, যাকে তার আন্তরিকতা ও দুই দেশের সম্পর্কের দৃঢ়তার প্রকাশ হিসেবে দেখছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
ভারতের ফিনানশিয়াল এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, এর আগে কেবল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদকে স্বাগত জানাতেই মোদী বিমানবন্দরে গেছেন।
আরেক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, “আমরা গঙ্গা ব্যারেজ করতে চাই ভারতের সহযোগিতা নিয়ে। সেটা দুই দেশের জন্যই মঙ্গলজনক হবে।”
চার দিনের এই সফরে শেখ হাসিনা থাকছেন নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে, ভারতের কূটনীতিকদের দৃষ্টিতেও যা বিরল ঘটনা।
এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতীয় সাংবাদিকদের বলেন, দিল্লির রাষ্ট্রপতি ভবনে তিনি আগেও থেকেছেন।
হাই কমিশনে এই অভ্যর্থনা অনুষ্ঠানে দিয়ে প্রধানমন্ত্রী তার দিনের কর্মসূচি শেষ করেন। শনিবার হায়দ্রাবাদ হাউজে দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও চুক্তি স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে আসবেন দুই দেশের সরকার প্রধান।
দুই দেশের মধ্যে সাইবার নিরাপত্তা, প্রযুক্তি, পরমাণু বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে ৩৫টির মত চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে ওই সংবাদ সম্মেলনের আগে।
রোববার আজমির শরীফ ঘুরে এসে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। সোমবার ইন্ডিয়া ফাউন্ডেশনের সংবর্ধনায় অংশ নেওয়ার পর বিকালে দেশের পথে রওনা হবেন তিনি।
