নদী নিয়ে একমত হতে বাধা কোথায়: শেখ হাসিনা
ভারত সফরের মধ্যে দিয়ে দুই দেশের সহযোগিতার সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিন্ন নদীর পানিবণ্টনের মত বেশ কিছু অমীমাংসিত বিষয় এখনও রয়েছে, যার সমাধান প্রয়োজন।
পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেছেন, “উদ্দেশ্য মহৎ হলে, কল্যাণকর ফলও সম্ভব।”
চার দিনের সফরে শেখ হাসিনা দিল্লি পৌঁছানোর দিন শুক্রবার ওই নিবন্ধ প্রকাশ করেছে আনন্দবাজার। ইংরেজি দৈনিক হিন্দুতেও একই নিবন্ধ প্রকাশিত হয়েছে।
শেখ হাসিনার এই সফরে দুই দেশের মধ্যে প্রায় তিন ডজন চুক্তি হওয়ার কথা, যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে আটকে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে এখনও কোনো অগ্রগতি নেই।
প্রধানমন্ত্রী তার নিবন্ধে লিখেছেন, “একমাত্র শান্তিপূর্ণ সহাবস্থানই শান্তি নিশ্চিত করে। দুই দেশের মধ্যে যা কিছু কথাবার্তা, শান্তিপূর্ণ ভাবেই তার সমাধান সম্ভব বলে মনে করি। স্থল-সীমান্ত চুক্তির মাধ্যমে আমাদের সদিচ্ছার দৃষ্টান্ত রেখেছি। দুই দেশে প্রবাহিত নদী (এখন আলোচ্য তিস্তা) ছাড়াও কিছু বিষয়ের সমাধান প্রয়োজন।”
নিজেকে একজন আশাবাদী মানুষ হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা লিখেছেন, তিনি প্রতিবেশী দেশের মহতী মানুষ ও নেতৃত্বের প্রতি আস্থা রাখতে চান।
তিনি বলেছেন, সম্পদ সীমিত, কিন্তু দুই দেশের মানুষের কল্যাণের স্বার্থে তা ব্যবহার করা যায়। বাংলাদেশ ও ভারত একই সংস্কৃতি ও ঐতিহ্যের উত্তরসূরি। পশ্চিমবঙ্গের সঙ্গেও বাংলাদেশের অনেক কিছু মেলে।
“লালন, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জীবনানন্দ আমাদের উভয়েরই। বাংলা ভাষা আমাদের উভয়েরই। পদ্মা, ব্রহ্মপুত্র, তিস্তা নদীর জল পায় দুই দেশই। সুন্দরবন উভয়েরই গর্ব। এ নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তবে একটি নদীর পানিবণ্টন নিয়ে একমত হতে বাধা কোথায়?”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম এবং তাতে ভারতের সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করে নিবন্ধে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেখ হাসিনা।
সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অগ্রগতি এবং দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা নতুন মাত্রা পাওয়ার কথাও লেখায় তুলে ধরেছেন তিনি।
“বন্ধুতা হোক, বৈরিতা নয়- এই পররাষ্ট্রনীতি নিয়ে আমরা পথ চলছি। আমরা ক্ষমতায় আসার পর, ২০০৯ থেকে দুই দেশের সহযোগিতা বহু গুণ বেড়েছে। রেল, সড়ক ও জলপথে যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, মানবিক যোগাযোগ সবই বেশি হচ্ছে। দুই দেশের পক্ষেই তা মঙ্গলজনক। ব্যক্তি বা জাতীয়, উভয় পর্যায়েই সম্পর্ক নির্ভর করে পারস্পরিক দেওয়া-নেওয়ার ওপর।”
নোবেলজয়ী মেক্সিকান কবি অক্তাবিও পাসের বিখ্যাত উক্তি ‘ফ্রেন্ডশিপ ইজ এ রিভার’ উদ্ধৃত করে শেখ হাসিনা লিখেছেন, “তিনি বন্ধুত্বকে নদীর সঙ্গে তুলনা করেছেন। ভারত-বাংলাদেশের বন্ধুত্বও নদীর মতো বহমান ও উদার।
চার দিনের সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ভারতের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
“প্রত্যাশা রইল, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছবে,” লিখেছেন শেখ হাসিনা।
