পথ দেখাতে না পারায় বিপথে তরুণরা: কৈলাস সত্যার্থী
তরুণদের অফুরান প্রাণশক্তিকে সঠিক দিকে প্রবাহিত করতে না পারার কারণেই তারা উগ্রবাদের খপ্পরে পড়ছে বলে মনে করেন নোবেলজয়ী কৈলাস সত্যার্থী।
তারুণ্যের শক্তিতে ভর করে বিশ্বে অধিকার বঞ্চিত ১০ কোটি শিশুর জীবন মান উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজে নামা ভারতীয় এই অধিকারকর্মী মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই মত জানান।
নিজের লক্ষ্য অর্জনে ১০ কোটি যুবককে উদ্যোগী করতে নেমেছেন শান্তিতে নোবেলজয়ী কৈলাস। আইপিইউ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি বাংলাদেশ থেকে ৬০ লাখ যুবককে উদ্যোগী করার কর্মসূচির যাত্রাও শুরু করেছেন তিনি।
সফরের শেষ পর্যায়ে এসে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসেন কৈলাস সত্যার্থী, যাতে বাংলাদেশে তার কর্মসূচির সমন্বয়কারী গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীও ছিলেন।
সংবাদ সম্মেলনে কৈলাস বলেন, “আমরা তারুণ্যের শক্তিতে ভরসা রাখি। এই তারুণ্য কেবল শক্তি আর উদ্যমেই ভরা নয়, তাদের মধ্যে রয়েছে আদর্শিকতার শক্তিশালী উপাদান। তাদের স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, তারা নিজেদের প্রকাশ করতে চায়।
“কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তাদের জন্য কোনো বৈশ্বিক প্ল্যাটফর্ম দিতে পারিনি, যেখানে তারা নিজেদের প্রকাশ ঘটাতে পারবে। এমন কোনো পরিবেশ আমরা তাদের দিতে পারিনি যেখানে তারা সমাজ ও পৃথিবীর জন্য অবদান রেখে নিজেদের কাজের সার্থকতা খুঁজে নিতে পারবে।”
বাংলাদেশ, ভারতসহ বিশ্বের নানা দেশের উদ্যমী তারুণ্যের বড় অংশের হতাশ, অসহিষ্ণু ও সহিংস হয়ে ওঠার প্রবণতার দিকটি তুলে ধরে এর শেকড়টির কথাও বলেন কৈলাস সত্যার্থী।
“তারুণ্যের শক্তিকে ইতিবাচক ও গঠনমূলক ধারায় পরিচালনার কাজ নেই, বিপরীতে সোস্যাল মিডিয়ার মাধ্যমে তাদের মগজ ধোলাই করে তাদের বিপথে নেওয়ার কাজটি ঠিকই করে যাচ্ছে উগ্রবাদীরা। তাদের আত্মঘাতী বোমা হামলাকারী, সন্ত্রাসী, উগ্রবাদীতে পরিণত করা হচ্ছে।”
বাংলাদেশে গত বছর গুলশান হামলার পর উচ্চ শিক্ষিত তরুণদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার বিষয়টি সবার চোখে ধরা পড়ে, যাদের বেশিরভাগই জঙ্গিবাদীদের খপ্পরে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রোহিঙ্গাদের অধিকার দিতে সু চিকে আহ্বান
রোহিঙ্গাদের অধিকার দিতে অং সান সু চির প্রতি আহ্বান রেখেছেন কৈলাস সত্যার্থী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মিয়ানমারের রোহিঙ্গা জনগণ। তারা সবচেয়ে নিপীড়িত, তাদের হত্যা করা হয়, বাস্তুচ্যূত করা হয়। আমি আমার ফেলো নোবেলবিজয়ী সু চিকে এসব বন্ধ করতে বলছি। তিনি এখন ক্ষমতায়। তিনি সেটা করতে পারেন।”
অভিবাসীদের প্রতি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আচরণে হতাশা প্রকাশ করেন নোবেলজয়ী এই ভারতীয়।
“আমি মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাব, তার উচিত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার মানুষের বিষয় বিবেচনা করা, যারা এই মহান জাতিকে গড়েছেন। এখন তাদের অনেককে অবৈধ ইমগ্রান্ট হিসাবে বিবেচনা করা হয়।
“এই সব তথাকথিত অবৈধ ইমিগ্রান্টদের সন্তানদের ভবিষ্যত কী হবে? কারণ তাদের অনেকেই আমেরিকায় জন্মগ্রহণ করেছে। এই সব শিশুরা তাদের নিজেদের ভাষাও জানে না।”
“শিশুদের বিষয়টা অবশ্যই বিবেচনা করতে হবে। একই বিষয় ইউরোপের ক্ষেত্রেও প্রযোজ্য। এই সব শিশুদেরকে অবৈধ ট্যাগ দেওয়া যাবে না,” বলেন শিশু অধিকার রক্ষার আন্দোলন দিয়ে আলোচনায় আসা কৈলাস।
শিশু অধিকার রক্ষায় ন্যায়পাল
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিশু অধিকার রক্ষায় ন্যায়পাল নিয়োগের পরামর্শ দেওয়ার কথা বলেছেন কৈলাস সত্যার্থী।
“আমি বেশি কিছু ইস্যু প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। আমি একটা জাতীয় ন্যায়পাল বডি করার সম্ভাব্যতার কথা বলেছি, যা শিশু অধিকার রক্ষায় জাতীয় সুরক্ষা কমিশনের ভূমিকা পালন করবে। তারা কেবল শিশুদের অধিকার লঙ্ঘন নিয়েই কাজ করবে না, বরং মান সম্পন্ন শিক্ষা নিয়েও কাজ করবে।”
শিশুশ্রম বন্ধের উপর জোর দিয়ে কৈলাস বলেন, তাহলে সেটা বেকারত্ব কমাতেও ভূমিকা রাখবে।
“পৃথিবীতে ১৬৮ মিলিয়ন শিশুর পূর্ণকালীন চাকরি রয়েছে। অন্য দিকে ২১০ মিলিয়ন বয়স্ক মানুষ বেকার। এই চক্রে শিশুদের পিতা-মাতা কাজ পাচ্ছে না। কারণ তাদের সন্তানদেরকে অল্প টাকায় ভাড়া করা যায়।”
বাংলাদেশে শিশুদের জন্য কাজ করার ক্ষেত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বাল্য বিয়ের সমস্যাটির কথা বলেন।
বাংলাদেশ থেকে পাচার হয়ে ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পড়ে কারাদণ্ডের মুখে পড়া নারীদের রক্ষায় পদক্ষেপ জানতে চান এক ব্যক্তি।
জবাবে কৈলাস বলেন, “তরুণদের এই নেটওয়ার্ক হওয়ার পর আমরা এই বিষয়েও কাজ করব। পাচার হওয়া নারীদেরকে দণ্ড দেওয়া মেনে নেওয়া যায় না। এসব নারীদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। তাদেরকে পুনর্বাসন করতে হবে।”
বাংলাদেশে তিন ধারার শিক্ষা ব্যবস্থার কারণে যে সঙ্কট রয়েছে, তা থেকে উত্তরণের পথ কী হতে পারে- সেই প্রশ্নও আসে এই নোবেলজয়ীর সামনে।
তিনি বলেন, “আমার সরল উত্তর হচ্ছে, শিক্ষাই এখনও সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। কিন্তু এই শিক্ষা তার উদ্দেশ্য ও অর্থ হারাতে পারবে না। উদ্দেশ্য হচ্ছে মানব মন ও সম্ভাবনাকে মুক্তি দেওয়া, মানুষকে একে অন্যের সঙ্গে যুক্ত করা, সকল ভুলকে প্রশ্ন করা, উত্তর খোঁজা, একে অন্যের মূলবোধকে শেয়ার-সম্মান করা, বহুত্ববাদকে সম্মান করা। এটাই শিক্ষা।
“ধর্ম-সংস্কৃতি বা অন্য কোনো কিছুর নামে কোনো জ্ঞানকে স্কুল ফটকে আটকে দেওয়া উচিৎ নয়।”
জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
