প্রাথমিক শিক্ষাও হবে না এতই গরিব বিশ্ব, প্রশ্ন কৈলাস সত্যার্থীর
নোবেল বিজয়ী অধিকার কর্মী কৈলাস সত্যার্থী মনে করেন, বিশ্বব্যাপী আয় বৈষম্য রীতিমত ‘অর্থনৈতিক সহিংসতার’ রূপ পেয়েছে। আর এই ‘সহিংসতা’ মানব জাতির নিরাপত্তা ও শান্তির জন্য হয়ে উঠেছে বড় ধরনের হুমকি।
বিশ্বের ১৩১ দেশের আইনসভার সদস্যদের সামনে ভারতীয় এই অধিকারকর্মী প্রশ্ন রেখেছেন, বিশ্ব কি এতই দরিদ্র যে শিশুদের প্রাথমিক শিক্ষাও নিশ্চিত করা যাবে না?
সাম্প্রতিক সময়ে তরুণদের জঙ্গিবাদে ঝোঁকার প্রবণতার পেছনে তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগাতে রাষ্ট্রের ব্যর্থতাকে একটি কারণ হিসেবে চিহ্নিত করেছেন কৈলাস।
রোববার ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনের সাধারণ আলোচনায় মূল প্রবন্ধে তিনি বলেছেন, “আজই সময়, এই ঢাকা থেকেই আমাদের শিশুদের জন্য কিছু করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। সহানুভূতি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার এখনই সময়।”
সাধারণত মূল প্রবন্ধ উপস্থাপনের সময় লিখিত বক্তব্য দেওয়ার রেওয়াজ থাকলেও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতা দেন সাবেক এই শিক্ষক।
২০১৪ সালে শান্তিতে নোবেল পাওয়া কৈলাস সত্যার্থী তার বক্তৃতায় বিশ্বে আয় ও সম্পদের বৈষম্যের একটি চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, কয়েক দশক আগে যুক্তরাষ্ট্রে একজন সিইও ২০ জন শ্রমিকের সমান আয় করতেন। আর এখন এই বৈষম্য বেড়ে ১:২০০ হয়েছে। বিশ্বের ৫০ শতাংশ মানুষের সমপরিমাণ সম্পদ মাত্র আট জন ধনীর কাছে আছে। দিনে দিনে এই বৈষম্য বাড়ছে।
“আমরা যখন এই সম্মেলন করছি, তখন ২৭০ মিলিয়ন শিশু স্কুলে যেতে পারছে না। ২১ মিলিয়ন মানুষ বিক্রি হয়ে শ্রম দাসে পরিণত হয়েছে। এটা মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না।
কৈলাস সতর্ক করেন, তারুণ্যের এই শক্তিকে যদি কাজে লাগানো না যায়, তাহলে তারা হতাশাগ্রস্ত, অসহিষ্ণু ও সহিংস হয়ে পড়বে।
“তরুণদের ক্ষমতা যদি নিশ্চিত করা যেত, তাদের কথা যদি শোনা হত, তাহলে এই পৃথিবী আরও আনন্দময় এবং শক্তিশালী হত। পৃথিবীকে সুন্দর করার শক্তি, আদর্শ, সম্ভাবনা তরুণদের আছে।”
দক্ষিণ এশিয়াসহ পৃথিবীর কিছু অংশে তরুণরা কীভাবে উগ্রবাদের পথ বেছে নিচ্ছে- সেই দৃষ্টান্তও তুলে ধরেন কৈলাস।
তিনি বলেন, বিশ্বের ২৩০ মিলিয়ন শিশু সংঘাতপূর্ণ এলাকায় বসবাস করছে। তাদের জীবন ও শিক্ষা বিপদগ্রস্ত।
“যৌথভাবে এর সমাধান করা আমাদের দায়িত্ব। টেকসই উন্নয়নে এর জন্য ফ্রেমওয়ার্ক আছে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাব- এই বিপদগ্রস্ত শিশুদের বাঁচানোর জন্য।”
আইপিইউ সম্মেলনে আসা বিভিন্ন দেশের স্পিকার ও আইনপ্রণেতাদের উদ্দেশে এই নোবেল বিজয়ী বলেন, সারা বিশ্বে শিশুরাই বাল্য বিবাহ ও শিশু শ্রমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এমপিদেরও দাঁড়ানো উচিত।
বিশ্বের সকল শিশুর প্রাথমিক শিক্ষার জন্য মাত্র ২২ বিলিয়ন ডলার প্রয়োজন, যা বিশ্বের সাড়ে তিন দিনের প্রতিরক্ষা বাজেটের সমান- এই তথ্য তুলে ধরে কৈলাস প্রশ্ন রাখেন, “আমাদের এই বিশ্ব কি এতই গরিব যে ওই পরিমাণ অর্থ প্রাথমিক শিক্ষার জন্য ব্যয় করতে পারব না?
“বাজেটে এই অর্থ বরাদ্দ করার দায়িত্ব আপনাদের। আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাই, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় শিশুর জন্য যা বলা হয়েছে তা অর্জনের জন্য যার যার দেশে ফিরে কাজ করবেন।”
শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে নোবেল বিজয়ীরা একটি ‘ক্যাম্পেইন’ শুরু করেছেন জানিয়ে এমপিদেরও তাতে অংশ নেওয়ার আহ্বান জানান কৈলাস।
“২০ সেপ্টেম্বর এমপিরা নিজ নিজ স্কুলে যান। আপনাদের স্কুলে শিশুদের সঙ্গে সময় কাটান। আমরা চাই একটি নতুন সভ্যতা গড়তে, যা হবে বিশ্ব নাগরিকদের জন্য।”
৬৩ বছর বয়সী কৈলাস বলেন, সমভাবে নারীর ক্ষমতায়ন সম্ভব হলে গত পাঁচ হাজার বছরের সভ্যতার ইতিহাসে অনেক সমস্যেই মোকাবিলা করতে হত না, যা এখন মানুষকে করতে হচ্ছে।
আইপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, “করপোরেট নেতৃত্বের ক্ষমতা রয়েছে, কিন্তু জনপ্রতিনিধিদের সঙ্গে এই ক্ষমতা মেলালে চলবে না। আপনারা কেবল জনগণ, ভোটার ও এলাকার জনপ্রতিনিধি নন, আপনারা লাখো প্রত্যাশা ও স্বপ্নের প্রতিনিধিত্ব করেন। আপনারা তাদের বিবেক এবং বিশ্বাসের রক্ষক।”
শনিবার শুরু হওয়া এবারের আইপিইউ সম্মেলনের মূল প্রতিপাদ্য, ‘রিড্রেসিং ইনইকুয়ালিটিজ: ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল বিং ফর অল’। রোববার সাধারণ আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
কৈলাস সত্যার্থী মূল প্রবন্ধ উপস্থাপনের পর এ বিষয়ে সাধারণ আলোচনায় অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
