২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ভিক্ষপীড়িত মানুষের সহায়তায় আইপিইউতে জরুরি প্রস্তাব

ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও উত্তর কেনিয়ার দুর্ভিক্ষপীড়িত মানুষের সহায়তার জন্য ঢাকায় চলমান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে একটি ‘জরুরি প্রস্তাব’ গৃহীত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 10:05 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

রোববার সন্ধ্যায় সম্মেলনের সাধারণ আলোচনায় প্রস্তাবটি ভোটে গ্রহণ করা হয়। সোমবার সকালে এ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে।

বেলজিয়াম, যুক্তরাজ্য ও কেনিয়ার প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রস্তাবটি অধিবেশনে তোলা হয়।

এর আগে মেক্সিকোর দেওয়া ‘বিশ্বজুড়ে কঠোর অভিবাসন নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি’ এবং আরব গ্রুপের পক্ষে ফিলিস্তিনের দেওয়া ‘বসতি স্থাপন প্রক্রিয়াকে ইসরায়েলের আইনি বৈধতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ শীর্ষক দুটি প্রস্তাব ভোটে নাকচ হয়ে যায়।

বাদ হয়ে যাওয়া প্রস্তাব দুটিতে ভোট দিলেও গৃহীত প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

ভোট শেষে আইপিউর সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং জানান, প্রস্তাবগুলোর প্রদত্ত এক হাজার ৬৮টি ভোটের মধ্যে দুর্ভিক্ষপীড়িত মানুষের সহায়তার প্রস্তাবে ৯৩২টি ভোট পড়ে।

আইপিউতে একটি সদস্য দেশের একাধিক ভোট রয়েছে। দেশের জনসংখ্যার অনুপাতে এই ভোটের সংখ্যা নির্ধারণ করা হয়।

দুর্ভিক্ষ নিয়ে প্রস্তাবে বলা হয়- ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও উত্তর কেনিয়ার চলমান দুর্ভিক্ষ চরম মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। গত ১০ মার্চ জাতিসংঘও এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছে।

সেক্রেটারি জেনারেল চুংগং জানান, অভিবাসন নীতি সংক্রান্ত মেক্সিকোর প্রস্তাবে প্রদত্ত ৬০৩ ভোটের মধ্যে ২৫৬টি পক্ষে পড়ে। অন্যদিকে আরব গ্রুপের দেওয়া প্রস্তাবের ওপর প্রদত্ত ৬৫২টি ভোটের মধ্যে পক্ষে পড়ে ১৫৯টি।  প্রদত্ত ভোটের দুই-তৃতীয়াংশ পক্ষে না পড়ায় প্রস্তাব দুটি বাতিল হয়ে যায়।

আইপিইউ সদর দপ্তরের মুখপাত্র জঁ মিলিগান বলেন, “বুধবার এই প্রস্তাবের ওপর একটি রেজ্যুলেশন নেওয়া হবে।”