টুভালু ও সিএআর আইপিইউর নতুন সদস্য
নতুন দুটি দেশ সদস্য হিসেবে যুক্ত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ)। নতুন যুক্ত হওয়া দেশ দুটি হলো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও টুভালু।
রোববার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১৩৬তম আইপিইউ সম্মেলনের জেনারেল অ্যাসেম্বলিতে দুটি দেশকে সদস্যপদ দেওয়া হয়।
নতুন দুটি দেশ নিয়ে আইপিইউতে সদস্য হলো ১৭৩টি। এর বাইরে ফোরামটির ১১টি সহযোগী সদস্য রয়েছে।
১৩৬তম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
এবারের সম্মেলনে নতুন দুই সদস্য রাষ্ট্রসহ অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়ালো ১৩৪ এ।
পলিনেশিয়ান দ্বীপ রাষ্ট্র টুভালু আগে পরিচিত ছিলো এলিস আইল্যান্ড নামে।
১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উত্তরে শাদ, উত্তর-পূর্বে সুদান, পূর্বে দক্ষিণ সুদান, দক্ষিণে ডিআর কঙ্গো, দক্ষিণ পশ্চিমে কঙ্গো এবং পশ্চিমে ক্যামেরুন অবস্থিত।
১৮৮৯ সালে প্রতিষ্ঠিত আইপিইউতে বাংলাদেশ স্বাধীনতার অব্যবহিত পরে ১৯৭২ সালে সদস্য পদ লাভ করে।
বাংলাদেশে এবারই প্রথমবারের মতো আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার পাঁচদিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইপিইউর বর্তমান প্রেসিডেন্ট আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
