ঢাবিতে ‘মুগ্ধ’ কৈলাস সত্যার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের মানুষের উন্নয়ন-অগ্রগতিতে এই বিদ্যাপীঠের ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন নোবেলজয়ী ভারতীয় অধিকার কর্মী কৈলাস সত্যার্থী।
আইপিইউ সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসা কৈলাস মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘শান্তি, মান ও শিশু অধিকার উন্নয়নে তরুণদের ভূমিকা’ শিরোনামে একটি আলোচনায় অংশ নেন।
এর আগেও বাংলাদেশে উচ্চ শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিদ্যাপীঠে এসেছিলেন জানিয়ে তিনি বলেন, “আমি সত্যিই মুগ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি মুক্তিযোদ্ধাদের মা। আর তাদের বিনিময়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে।
“এটি শুধু পাকিস্তান থেকে স্বাধীনতা নয়, বরং এটি দারিদ্র্য, ক্ষুধা, নিরক্ষরতা থেকে স্বাধীনতা দিয়েছে। এর ফলে তরুণদের বেড়ে ওঠার সুযোগ হয়েছে, স্বপ্ন দেখার পরিবেশ তৈরি হয়েছে, এটি বাস্তবে পরিণত করার সুযোগ তৈরি হয়েছে।”
তরুণদের নিজের বিবেক, আত্মা ও অন্তরের শক্তি দিয়ে এগিয়ে চলার পরামর্শ দিয়ে কৈলাস বলেন, “তোমাদের প্রত্যেকের ভেতর নেতা আছে। আমি শুধু এখানে নেতৃত্বের অভিব্যক্ত। শুধু যাও এবং তোমাদের ভেতরটা দেখ।
“তোমরা বাংলাদেশকে নিমার্ণ করবে।”
তিনি বলেন, “যখন মানবতা ভয় দ্বারা চালিত হয় তাতে অনেক সমস্যা, অসঙ্গতি ও অসুবিধা হয়। যখন মন মুক্ত ও স্বপ্ন দেখার পরিবেশ থাকে তখন তরুণদের এই স্বপ্নকে সত্য করার সুযোগ থাকবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “সব খারাপ এবং অন্যায়ের বিরুদ্ধে তোমাদের প্রশ্ন তোলার ক্ষমতা আছে এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার ক্ষমতাও আছে তোমাদের।
“তোমরাই শক্তি, তোমরা মোমবাতি, তোমরাই আলো ও বাতি। তোমরা জ্বলে উঠলে দেশ ও বিশ্ব আলোকিত হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ‘১০০ মিলিয়নের জন্য ১০০ মিলিয়ন’ ক্যাম্পেইন, বাংলাদেশ যৌথভাবে এই আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এবং কৈলাসের স্ত্রী সুমেধা সত্যার্থী বক্তব্য দেন।
আইপিইউ সম্মেলন আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে কৈলাস সত্যার্থী বলেন, “বর্তমানে বাংলাদেশে জঙ্গি হামলার ঘটনা ঘটছে, কিন্তু এর মধ্য দিয়েও যেভাবে বাংলাদেশ আইপিইউ’র অতিথিদের আতিথেয়তা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা, প্রেম ও বন্ধুত্ব প্রদান করছে, এটা সত্যিই প্রশংসনীয়।”
