ধর্মঘট: সপ্তাহের খরচ গেল এক দিনেই
ঢাকার চানখার পুলের বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেতে প্রতিদিন ১০-২০ টাকা খরচ হয় জাকারিয়া খানের, কিন্তু বুধবার তাকে রিকশায় যেতে হয়েছে, ফিরতেও হয়েছে রিকশায়। কারণ পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে ছিল না বাস।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক সপ্তাহ যাওয়া-আসা করতে যে টাকা খরচ হয়, তা আজ একবারেই খরচ হয়ে গেল। কারণ ক্লাস তো করতে হবে।”
জাকারিয়ার মতো বিপাকে ছিলেন রাজধানীর অনেকে, যাদের নির্দিষ্ট আয়ের মধ্যে চলতে হয়। মঙ্গল ও বুধবার বাস না থাকায় তাদের কাউকে রিকশা কাউকে অটো রিকশায় চড়তে হয়েছে, পকেটও খালি হয়েছে অনেক।
মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর জন্য দায়ী বাসের চালকের যাবজ্জীবন সাজার পর সাভারে এক ট্রাকচালকের মৃত্যুদণ্ডের রায়ের পর মঙ্গলবার সব বাস চালানো বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।
বুধবার বিকালে ধর্মঘট প্রত্যাহার হলেও তার আগে প্রায় ৩৬ ঘণ্টার দুর্ভোগে ছিল সারাদেশবাসী।
রাজধানীতে বাস চলাচল বন্ধ থাকায় রিকশা ও অটোরিকশাই একমাত্র অবলম্বন হওয়ায় সুযোগ বুঝে তারা ভাড়া বাড়িয়ে দেন অনেক বেশি; গন্তব্যে পৌঁছতে পথে নামা মানুষদের কোনো বিকল্প ছিল না বলে বাড়তি ভাড়াই গুনতে হয়েছে তাদের।
বুধবার সকালে মিরপুরে পুরান ঢাকার গাড়ির খোঁজ করছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আশরাফুল ইসলাম।
তিনি জানান, আগের দিন চার বার গাড়ি বদলে কর্মস্থলে গিয়েছিলেন তিনি, তাতে খরচ হয়েছিল ৫০০ টাকা।
“কাল থেকে যে কী ভোগান্তিতে আছি তা বলে বোঝানো যাবে না, এভাবে চললে তো দিনের বেতনের চেয়ে গাড়ি ভাড়াই বেশি পড়বে,” বলেন তিনি।
পল্লবীর বাসিন্দা সৌরভ রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফার্মগেইটে সিটিং বাসে যেতে ১৫ টাকা লাগত, কিন্তু আজ ২০০ টাকায় যেতে পারব কি না সন্দেহ। এই অতিরিক্ত খরচটা সাধারণ পরিবারের উপর চাপ সৃষ্টি করবে।”
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অতিরিক্ত ভাড়া গুণেই যেতে হয়েছে। অনেকে আবার চেপে বসেন মালবাহী ভ্যানে।
মালবাহী ভ্যানে যাত্রী হয়ে ওঠেন অনেকে
ফার্মগেইট এলাকায় দুপুরে কথা হয় তেজকুনীপাড়ার মোজাম্মেল হোসেনের সঙ্গে, ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক দেখাতে বেরিয়ে বিড়ম্বনায় পড়েন তিনি।
মোজাম্মেল বলেন, “সিএনজি-রিকশা তো কয়েকগুণ বেশি ভাড়া চাচ্ছে।”
খামারবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, মিরপুরের জন্য দুইশ' থেকে তিনশ', শ্যামলীর জন্য একশ' থেকে দেড়শ' টাকা ভাড়া হাঁকছেন রিকশাচালকরা।
অতিরিক্ত ভাড়ার বিষয়ে রিকশাচালক ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ি নাই, চাহিদা বেশি; তাই ভাড়া একটু বেশি। সবসময় তো এমন সুযোগ আসে না।”
শাহবাগে ব্যবসায়ী রতন পাল জানান, বংশাল যেতে তাকে অন্যদিনের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে।
“এভাবে তো দেশ চলতে পারে না। গাড়ি বন্ধ থাকায় এমনিতে সিএনজি-রিকশা চালকরা বেশি ভাড়ার সুযোগ পাচ্ছে। কিন্তু এরপরও ভাড়া বাড়িয়ে দেওয়াটা অমানবিক।”
দূরের যাত্রায়ও ছিল রিকশা, কিন্তু ভাড়া ছিল কয়েকগুণ বেশি
শাহবাগে পথচারী ফরিদ হোসেন বলেন, “গলাকাটা ভাড়া আদায় করা হচ্ছে। পুরান ঢাকা থেকে দেড়শ' টাকা রিকশা ভাড়া দিয়ে আসতে হয়েছে। অথচ বাস থাকলে ১৫ টাকা লাগতো।
“গরিবের কষ্ট দেখার কেউ নেই। বড় লোকরা তো গাড়িতেই যায়। সব সমস্যা কেবল আমাদের উপর দিয়েই যায়।”
অতিরিক্ত ভাড়ার সঙ্গে নিরাপত্তাহীনতার শঙ্কার কথাও বলেছেন যাত্রীরা।
সকাল সাড়ে ৭টায় মিরপুরের কালশি মোড়ে ট্রাস্ট পরিবহনের একটি বাস আটকে দেয় পরিবহন শ্রমিকরা, তারা লাঠি-সোঁটাসহ বাসটির সামনে এসে তা আটকে দেয়।
ঘটনাস্থলে থাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সামিয়া রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গাড়ি আটকে দেওয়ায় কলেজে যেতে পারিনি, একটি কুইজ টেস্টে অংশ নেওয়া হল না।”
ক্ষুব্ধ এই শিক্ষার্থী বলেন, “তারা (চালক) অসচেতনভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যা করবে, আবার তাদের বিরুদ্ধে রায় হলে তাও তারা মেনে নেবে না; এটা তো অন্যায়।”
সায়েদাবাদে বিআরটিসির এই বাস আটকে দেয় পরিবহন শ্রমিকরা
গাবতলী ও মোহাম্মদপুরেও পরিবহন শ্রমিকরা অন্য যান চলাচলে বাধা দেয়। ভাংচুরও করে বিভিন্ন গাড়ি।
মিরপুর ১২ থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস চৌরঙ্গীর সামনে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের বাধার মুখে পড়ে, তাদের ঢিলে বাসটির কাচ ভেঙে যায়।
বাসটিতে থাকা বাংলামোটরের যাত্রী সানজিদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সময় সব যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
“ভিড় ঠেলে কোনো রকমে বাসটায় উঠলাম, ভাবছিলাম খরচটা কম হবে। কিন্তু যখন ঢিল ছুড়ছিল শ্রমিকরা, তখন খুব ভয় লাগছিল।”
পকেট খালি বাজারেও
পরিবহন শ্রমিকদের ধর্মঘটে একদিনেই শাক-সবজি ও মাছের দাম বেড়ে যাওয়ায় বাজারে গিয়েও অতিরিক্ত অর্থ গুণতে হয়েছে রাজধানীবাসীকে।
বুধবার ধর্মঘট প্রত্যাহারের আগে দুপুরে মহাখালী কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা সব ধরনের সবজিতে দাম কেজিতে অন্তত ১০ টাকা বেশি দাবি করছেন।
সবজি বিক্রেতা শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে কারওয়ান বাজারে গিয়ে দেখি সব কিছু কেজিতে অন্তত ১০ টাকা বেড়ে গেছে।”
আগের দিন ১২ টাকা কেজিতে আনা আলু বুধবার ১৮ টাকা এবং ১৫ টাকার পেঁপে ২৫ টাকায় কিনতে হয়েছে বলেও জানান তিনি।
“সিম কিনেছি ৩০ টাকা করে, ফুল কপি, বাঁধা কপির পাইকারি দামও কেজিতে ৫ টাকা করে বেড়েছে,” বলেন শহীদুল্লাহ।
ধর্মঘটের কারণে গাড়ি না পেয়ে পণ্য নিয়ে বসে এক বিক্রেতা
সকালে কারওয়ান বাজারে পাইকারি মাছের দাম অনেক বেশি ছিল বলে জানান মহাখালীর খুচরা বিক্রেতা সমীর দে।
পাইকারি বাজারে সব ধরনের মাছ ৫ কেজির পাল্লায় গড়ে একশ টাকা করে বেড়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ধর্মঘটের কারণে সকাল থেকেই রাজধানীর পেট্রোলপাম্পগুলো তেলশূন্য হতে শুরু করে। দুপুরে উত্তর বাড্ডা, মহাখালী, এলেনবাড়ি এলাকার কয়েকটি পেট্রোল পাম্পে গিয়ে সেগুলো বন্ধ পাওয়া যায়।
মহাখালীতে মোহাম্মদ আদনান নামের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তেল শেষ হয়ে যাওয়ায় গুলশান-২ নম্বর চত্বর থেকে তাকে মোটর সাইকেল ঠেলে মহাখালীর ফিলিং স্টেশনে আনতে হয়েছে।
কিন্তু মহাখালীতেও তেল না পেয়ে এলেনবাড়ির পেট্রোল পাম্পে যান আদনান।
ফিলিং স্টেশনের কর্মীরা জানান, মঙ্গলবার থেকে কোনো তেলবাহী ট্যাঙ্কার ঢাকায় আসেনি। ফলে সঙ্কট দেখা দিয়েছে।
