২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যক্তিগত বাহনেও বাধা

দুই চালকের সাজার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিনে চট্টগ্রামের পথে পথে ব্যক্তিগত যান চলাচলেও বাধা দিচ্ছে পরিবহন শ্রমিকরা।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 01:32 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

বুধবার সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বহদ্দারহাট থেকে আগ্রাবাদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সব মোড়ে পরিবহন শ্রমিকরা অবস্থান নিয়ে আছেন। তারা যাত্রীদের ব্যক্তিগত গাড়ি থেকেও নামিয়ে দিচ্ছেন।

ধর্মঘটের প্রথম দিন মঙ্গলবার চট্টগ্রামের রাস্তায় অটোরিকশা চলাচল করলেও বুধবার ছিল খুবই কম। শুধু রিকশা ও মোটরসাইকেল চলাচল করছে বাধাহীনভাবে।

সকাল ৯টার দিকে আন্দরকিল্লা মোড়ে কয়েকটি অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি থেকেও যাত্রীদের নামিয়ে দিতে দেখা যায় পরিবহন শ্রমিকদের।

পরে কদমতলী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সেখান থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এমনকি ব্যক্তিগত গাড়ি থেকেও যাত্রীদের নামিয়ে দিয়ে তা উল্টো পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ওই এলাকায় গাড়ির ভাঙ্গা কাচ পড়ে থাকতে দেখা গেছে।

এদিকে পোশাক কারখানার শ্রমিকদের বহনকারী বাস চলাচল না করায় তারা কাজে যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন শ্রমিকরা।

নগরীর কুসুমবাগ এলাকার বাসিন্দা তাসলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার কারখানা অক্সিজেন এলাকায়। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত জিইসি মোড়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু গাড়ি না আসায় যেতে পারিনি। এখন বাসায় ফিরে যাচ্ছি।”

নগরীর বাদামতলি মোড়েও সকাল সাড়ে ৭টা থেকে অপেক্ষায় ছিলেন শত শত পোশাককর্মী। তাদের সবার গন্তব্য ছিল চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড)। কিন্তু সকাল ৮টার পরও কোনো গাড়ি না আসায় বিক্ষুব্ধ শ্রমিকরা বাদামতলি মোড়ে সড়ক অবরোধ করেন। পরে স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেন।

অবরোধ চলাকালে পরিবহন শ্রমিকরা কাছাকাছি অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়।

অবরোধে অংশ নেওয়া পোশাক শ্রমিক মোসাম্মৎ সাথী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল ৪টায় একটি বাসে করে ইপিজেড থেকে বের হন তিনি। মাঝপথে সেই বাসের চালককে গাড়ি থেকে নামিয়ে দেয় ধর্মঘটীরা।

“পরে পায়ে হেঁটে রাত ১০টায় বাসায় ফিরছি। সকালে দেখি গাড়ি নাই। আমরা কাজে যেতে পারতেছি না। কাজে না গেলে তো বেতন কেটে রাখবে।”  

ডবলমুরিং থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, গাড়ি না আসায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পরে বুঝিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়।

যেসব শ্রমিক কাজে যেতে পারেননি, শিল্প পুলিশের মাধ্যমে যোগাযোগ করে তাদের ছুটির ব্যবস্থা করা হয়েছে বলেও জানান ওসি মহিউদ্দিন।

সকাল সাড়ে ১০টার দিকে দেওয়ানহাট মোড়ে পরিবহন শ্রমিকদের পুরো সড়ক দখল করে রাখতে দেখা যায়। সেখান দিয়ে রিকশা ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারছিল না। বিমানযাত্রীদের বহনকারী একটি অটোরিকশা ওই পথে গিয়ে ভাংচুরের শিকার হয়।

নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে জেলার বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ রুটের বাস চলাচলও ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে। বেলা ১১টার পর টার্মিনাল থেকে রাস্তায় চলাচলকারী যানবাহনে ঢিল ছুড়তে দেখা যায় পরিবহন শ্রমিকদের।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলের কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকের সংখ্যা অনেক বেশি। সবাইকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”

পথে পথে যান চলাচল এবং ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা দেওয়ার বিষয়ে তিনি বলেন, এসব বিষয় তার ‘জানা নেই’। ‘খোঁজ নিয়ে’ দেখবেন।