ধর্মঘটের ভোগান্তিতে ভরসা ট্রেন-ছোট যানে
পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে সারা দেশের সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকার দ্বিতীয় দিনে যাত্রাপথে ভোগান্তির মধ্যে চাপ বেড়েছে ট্রেনে; আর স্বল্প দূরত্বে বিভিন্ন ধরনের ছোট যানে পথ পাড়ি দেওয়ার চেষ্ঠা করছেন যাত্রীরা।
তবে অনেক জায়গায় কোনো ধরনের যানবাহন না পেয়ে জরুরি চিকিৎসার প্রয়োজনে কাউকে কাউকে কোলে করেও হাসপাতালে রোগী নিতে দেখা গেছে।
বুধবারও দেশের বিভিন্ন জেলার চালকরা দূরপাল্লার কোনো যানবাহন ছাড়ছেন না, ফলে ট্রেনে যাত্রীদের এই চাপ বেড়েছে।
এছাড়া স্বল্পপাল্লার রুটগুলোতেও বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা অটোরিকশা, মাইক্রো, মাহেন্দ্র এবং শ্যালোইঞ্জিন চালিত নছিমনসহ বিকল্প বিভিন্ন যানবাহনে করে গন্তব্যে পৌঁছানের চেষ্টা করছেন।
তবে বিভিন্ন স্থানে স্বল্পপাল্লার এসব ছোট যান চালাতেও চালকদেরকে পরিবহন শ্রমিকরা বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
মানিকগঞ্জে পাঁচ বছর আগে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদসহ পাঁচজন নিহতের ঘটনায় বাসচালকের যাবজ্জীবন সাজার পর খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়।
শ্রমিকদের একপক্ষ থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও সোমবার ঢাকার আদালতে সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে এক ট্রাকচালকের ফাঁসির রায় হলে সোমবার রাতে পরিবহন শ্রমিক নেতারা সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি দেন।
দুই দিন ধরে চলা এই কর্মসূচিতে সারা দেশের বিভিন্ন স্থানে যাত্রী দুর্ভোগ ও পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকার বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
ভোলার হাসপাতালে রোগী কোলে করে
সারা দেশের সঙ্গে একাত্মতা জানিয়ে ভোলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলার সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন চালকেরা।
যান না পেয়ে অনেকে আবার বাধ্য হয়ে কোলে রোগী নিয়ে হাসপাতালে ছুটেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভোলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান, কেন্দ্রের নির্দেশে বাস চলচল বন্ধ রেখেছেন তারা।
এদিকে সকাল ৯টার দিকে ভোলা কেন্ত্রীয় বাস টার্মিনালের সামনের রাস্তায় শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
ভোলা পৌরসভার কমিশনার শামিম জানান, বেলা ১২টার দিকে শ্রমিকরা কয়েকটি অটোরিকশা ও দুইটি কর্ভাড ভ্যানে হামলা করে। পরে শ্রমিকদের বাধায় বাস টার্মিনাল এলাকায় রিকশা, অটোরিকশাসহ সব ধরনের ছোট যান চলাচলও বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহে ট্রেনে বাড়তি চাপ
পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় ময়মনসিংহের যাত্রীদের ভরসা ট্রেনগুলোতে।
সকাল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর যমুনা, ব্রহ্মপুত্র ও প্রাইভেট ট্রেন কমিউটারে চেপে যাত্রীরা গন্তব্যে রওনা হন। যাত্রীদের চাপে ট্রেনের ভেতরে বাইরে ও ছাদে কোথাও ‘তিল ধারণের ঠাঁই’ ছিল না। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে উঠছেন ছাদেও।
আরেক যাত্রী কামরান বলেন, “সব ধরনের যানবাহন বন্ধ থাকায় কষ্ট হলেও ইঞ্জিনের পাশে বসে ঢাকায় যাচ্ছি।”
ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ওসি আব্দুল আহাদ জানান, পরিবহন ধর্মঘটের কারণে যানবাহন বন্ধ থাকায় যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন।
তবে যাত্রীদের সচেতনভাবে এবং নিরাপদে যাওয়ার জন্য আমাদের পুলিশ সদস্যরা পরামর্শ ও সহযোগিতা করছেন বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ
দুই চালকের সাজার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে আহত কারও নাম-পরিচয় জানা যায়নি। তাদের আশুগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে গাড়ি চলাচলে বাধা দেয় পরিবহন শ্রমিকরা।
পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় শ্রমিকরা পুলিশের উপর ইট-পাটকেল ছুড়তে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়লে কয়েকজন আহত হয় বলে ওসি জানান।
এদিকে পুলিশ চড়াও হওয়ায় অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেছেন শ্রমিক নেতারা।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া দাবি করেন, শ্রমিকরা ধর্মঘটের পক্ষে যানবাহন চালকদের উদ্বুদ্ধ করতে গেলে পুলিশ তাদের উপর চড়াও হয়।
ফরিদপুর
সারা দেশের মত বুধবার ফরিদপুরের ১৬টি রুটে বাস ধর্মঘট অব্যাহত থাকায় যাত্রী চাপ বেড়েছে ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনের মত ছোট যানবাহনে।
আইন সহায়তা কেন্দ্রের ফরিদপুর অঞ্চলের সমন্বয়কারী সিপ্রা গোস্মামী বলেন, “পরিবহনে যে ধর্মঘট চলছে, তা আদালত অবমাননার সামিল। আদালতের রায়ে কেউ সন্তুষ্ট না হলে তিনি উচ্চ আদালতে আবেদন করতে পারেন, জনগণকে ভোগান্তিতে ফেলার কোনো মানে হয় না।”
ফরিদপুর মোটর শ্রমিক ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো. নাসির জানান, ফরিদপুর থেকে ১৬ রুটে চলাচলকারী বাস ও মাইক্রেবাসসহ সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ফরিদপুর মোটর শ্রমিক ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির জানান, সারা দেশের শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে ফরিদপুরের তাদের বাস ধর্মঘট অব্যাহত রয়েছে।
শরীয়তপুর
পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়লেও দুই চালকের সাজার রায় মওকুফ করা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে এ অঞ্চলের শ্রমিক নেতারা জানান।
শরীয়তপুর বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন চৌকিদার বলেন, “সারাদেশের শ্রমিকের সাথে শরীয়তপুরের শ্রমিক সংগঠনের উদ্যোগে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে এবং চলবে।”
সদর উপজেলার রুদ্রগর এলাকার লিপি আক্তার জানান, বাস ধর্মঘট থাকার কারণে ঢাকা যাওয়ার কথা থাকলেও কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন তারা।
রাজশাহীতে অটোরিকশা চালক-শ্রমিক সংঘর্ষ
দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘটের মধ্যে রাজশাহীতে অটোরিকশা চালকদের সঙ্গে মোটর শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, নগরীর রেলগেট বঙ্গবন্ধু চত্বর এলাকায় বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালকেরা পাল্টা হামলা চালালে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
এদিকে সকল থেকে রাজশাহী নগররীর শিরোইল বাস স্ট্যান্ডের সামনে, রেলগেট বঙ্গবন্ধু চত্বর, নওদাপাড় আমচত্বর মোড়, কাশিয়াডাঙ্গা মোড়, ভদ্রা মোড় ও তালাইমারি মোড়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে মোটর শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
