যাত্রাবাড়ীতে রাস্তা আটকে নৈরাজ্য
সারা দেশে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভরত শ্রমিকরা রিকশা ও অটোরিকশা থেকেও যাত্রীদের নামিয়ে দিচ্ছেন।
সব ধরনের পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ রাখার পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ এই প্রবেশ পথে ব্যক্তিগত যানবাহন ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
বুধবার বেলা ১১টার দিকে চৌরাস্তা থেকে মতিঝিল যাওয়ার জন্য রিকশায় উঠতে চাইলে দুই নারীকে বাধা দেন শ্রমিকরা।
এক নারী যাত্রী এ সময় উত্তেজিত হয়ে শ্রমিকদের কাছে জানতে চান তার রিকশা কেন আটকানো হল। কথা কাটাকাটির এক পার্যায়ে একজন পুলিশ সদস্য এসে পরিস্থিতি সামাল দেন।
এ সময় বেশ কিছু অটোরিকশার চাকার হাওয়া ছেড়ে দেয় ধর্মঘটী শ্রমিকরা। তবে কাছে দাঁড়ানো পুলিশ সদস্যদের কোনো হস্তক্ষেপ করতে দেখা যায়নি।
যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে শাহ আলম নামের এক শ্রমিক নেতা বলেন, “আমি ড্রাইভার, তারাও ড্রাইভার। আমাগো দাবি হেগোও দাবি। আমরা গাড়ি না চালাইলে হেরাও গাড়ি চালাইতে পারব না।”
ডেমরা থেকে যাত্রাবাড়ী সড়কে সকালে কিছু হিউম্যান হলার চলাচল করলেও সকাল ৯টার পর মাতুয়াইলে মৃধা বাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। সব হিউম্যান হলারকে ঘুরিয়ে দেন তারা।
দূর পাল্লার বাস না চলায় রাজধানীর পাশের জেলাগুলো থেকে অটোরিকশা, হিউম্যান হলার ও পিকআপে করে ঢাকায় ঢোকার চেষ্টা করেন অনেকে। কিন্তু সেসব বাহন কাঁচপুর এলাকায় পরিবহন শ্রমিকদের বাধার মুখে পড়ে।
ওই এলাকা ঘুরে দেখা যায়, কাঁচপুর, চিটাগাং রোড, সাইনবোর্ড, মাতুয়াইল, রায়েরবাগ, যাত্রাবাড়ী চৌরাস্তা, সায়েদাবাদ ব্রিজ, গোলাপবাগে মোড়ে মোড়ে অবস্থান নিয়ে আছে ধর্মঘটী শ্রমিকরা। আর সাধারণ মানুষ বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে।
অসুস্থ মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বেরিয়েছিলেন যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকার মেজবাহ উদ্দিন। গাড়ি না পেয়ে হেঁটেই রওনা হন তারা।
মেজবার মা মনোয়ারা বেগম ক্ষোভের সঙ্গে বলেন, “এই অবরোধ তো অনৈতিক। তোরা গাড়ি না চালাইলে না চালাবি। মানুষের রাস্তা আটকে রাখিস কেন?”
মুন্সিগঞ্জে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে বিপাকে পড়েন যাত্রাবাড়ীর একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হাসেম শিকদার। যানবাহন না পেয়ে তাকে বাসায় ফিরে যেতে হয়।
“ভাবছিলাম গ্রামের বাড়িতে যাব। কিন্তু কিছুই চলতে দেয় না। একটা সিএনজিতে উঠছিলাম, নামিয়ে দিল।”
তাদের সরাতে পুলিশ গেলে পরিবহন শ্রমিকরা ঢিল ছুড়তে শুরু করে। পরে আরও পুলিশ সেখানে গেলে শ্রমিকরা সরে যায়।
সড়কে যান চলাচলে বাধা দেওয়ার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ ধরনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সজাগ আছি। আমাদের টিম মাঠে আছে। কোথাও অপ্রীতিকর কিছু ঘটলে আমরা ব্যবস্থা নিচ্ছি।”
অবরোধের দ্বিতীয় দিনও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। শ্রমিকরা কাজে না ফেরায় বাস চালানো সম্ভব হচ্ছে না বলে দাবি করেন সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা তো গাড়ি চালাইতে চাই। কিন্তু শ্রমিকরা কাজে না ফিরলে আমাদের কিছু করার থাকে না।”
