গাবতলীতে ধর্মঘটী শ্রমিকদের হামলায় বিডিনিউজ প্রতিবেদক আহত
রাজধানীর গাবতলীতে ধর্মঘটী শ্রমিকদের হামলায় আহত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক মাসুম বিল্লাহ।
গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়া শ্রমিকরা এর আগে গণমাধ্যমের গাড়িও ভাংচুর করেছিল। তারা আগুন দিয়েছিল পুলিশ বক্সে, ভাংচুর করেছিল রেকার।
দুই দিনের ধর্মঘটে ব্যাপক জনভোগান্তির পর যানবাহন চলাচল করতে শ্রমিক নেতা ও নৌমন্ত্রী শাজাহান খানের আহ্বানের পরপরই বুধবার দুপুরে গাবতলীতে হামলার শিকার হন মাসুম, যিনি সকাল থেকে ওই এলাকায় সংবাদ সংগ্রহ করছিলেন।
মাসুম বিল্লাহ বলেন, “নৌমন্ত্রী শাজাহান খান শ্রমিকদের যান চলাচলের কথা বলার পরপরই গাবতলী বাস টার্মিনাল এলাকায় সর্বশেষ পরিস্থিতি জানতে মোটর সাইকেলে যাই।
“টার্মিনালের সামনের সড়কে একদল শ্রমিক তখনও অবস্থান করছিল। একটি গ্রুপ দৌড়ে এসে মোটর সাইকেল ঘোরানোর কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন হঠাৎ আমার উপর হামলে পড়ে। প্রথমে মোটর সাইকেলে লাথি মেরে অকথ্য ভাষায় গালাগাল করে এবং ইট দিয়ে মোটর সাইকেলের ব্যাকলাইট ভেঙে দেয়।”
মাসুম মোটর সাইকেল ঘুরিয়ে ফেরার সময় এক শ্রমিক গাছের ডাল দিয়ে মুখে আঘাত করে মাসুমের। এতে তার একটি দাঁত নড়ে গেছে।
চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে মাসুমকে।
আদালতে দুই চালকের শাস্তির প্রতিবাদে মঙ্গলবার সকালে এই পরিবহন ধর্মঘট শুরুর পরপরই গাবতলীতে সময় টেলিভিশনের একটি গাড়ি ভাংচুর করেন শ্রমিকরা।
রাজধানীর সবচেয়ে বড় এই টার্মিনালের সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে আরও কয়েকটি গাড়িও মঙ্গলবার ভাংচুর করে। রাতে তারা পুলিশ বক্সে আগুন দেয় এবং একটি রেকার ভাংচুর করে।
বুধবার সকাল থেকেও ভাংচুরে ছিলেন শ্রমিকরা। সকালে সামরিক বাহিনীর এক কর্মকর্তার গাড়িও তাদের হামলার মুখে পড়ে।
স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল ইতোমধ্যে বলেছেন, গাবতলীতে এসব হামলা,ভাংচুর, অগ্নিসংযোগের গটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট ডাকলে কেন শাস্তি দেওয়া হবে না, তা নিয়ে হাই কোর্টের একটি রুলও বুধবার হয়েছে।
