উপবৃত্তির অনিয়ম ঠেকালে বিদেশে প্রশিক্ষণের সুপারিশ
কোনো জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠুভাবে উপবৃত্তির টাকা বিতরণ হলে সেই জেলার শিক্ষা কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের সুযোগ দিতে সুপারিশ করেছে অনিয়ম তদন্তে গঠিত একটি কমিটি।
চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তি টাকা বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়ার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির এই সুপারিশ এল।
উপবৃত্তির অর্থ বিতরণে অনিয়ম হলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন করে উপবৃত্তির টাকা বিতরণসহ মোট চার দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ২০ জেলার ২৫ উপজেলায় উপবৃত্তির টাকা বিতরণের অনিয়ম তদন্তে গত ৩ অগাস্ট মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে দায়িত্ব দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তদন্ত শেষ করে মাত্র চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককের অনিয়মের প্রমাণ পাওয়ার কথা প্রতিবেদনে বলেছেন কর্মকর্তারা।
১১ কর্মকর্তার প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনা ও অনুমোদন শেষে দোষী শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রতিবেদন তৈরির সমন্বয়ক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নেছার আহমদ।
তবে ২৫ উপজেলায় মোট কতগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ ছিল তা জানাননি কমিটির সদস্যরা।
বিভাগীয় মামলা হচ্ছে যাদের বিরুদ্ধে
# সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামতৈল উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু শামা।
# কুমিল্লার মুরাদনগর উপজেলার মেটাংঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং হোসনেবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মাসুমা সারোয়ার।
# মাদারীপুরের কালিকিনি উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালদার বানী বালা।
মাঠ পর্যায়ের কয়েকজন শিক্ষা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, কয়েকশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির অর্থ বিতরণে অনিয়ম হলেও তদন্ত প্রতিবেদনে তার প্রতিফলন হয়নি।
একজন শিক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অনেক বিদ্যালয়ে উপবৃত্তির অর্থ বিতরণে প্রধান শিক্ষকের সঙ্গে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিও জড়িত। অনেক সভাপতির রাজনৈতিক পদ-পদবি থাকায় তাদের বিরুদ্ধে কিছু বলাও মুশকিল।”
উপবৃত্তির অর্থ বিতরণে অনিয়ম তদন্তের দায়িত্ব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের দিলে প্রকৃত চিত্র পাওয়া যাবে বলে মনে করেন ওই শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে যুগ্ম-সচিব নেছার আহমদ বলছেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যেসব বিদ্যালয়ে অনিয়মের কথা এসেছে, কেবল সেসব বিদ্যালয়েই তদন্ত করা হয়েছে।
“যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল তাদের মধ্যে কেউ কেউ টাকা দিয়ে বিষয়টি মিটমাট করে ফেলেন। আমাদের সামনে কেউ সাক্ষ্য না দিলেতো আমরা কাউকে দায়ী করতে পারি না। আর ১১ জন কর্মকর্তার পক্ষে দেশের সব বিদ্যালয়ে গিয়ে তদন্ত করারও সম্ভব নয়।”
তদন্ত কমিটির সুপারিশ
>> ভবিষ্যতে উপবৃত্তির টাকা বিতরণের সময় প্রতি উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দুইজন কর্মকর্তার সমন্বয়ে ‘ভিজিলেন্স টিম’ করে উপবৃত্তির টাকা বিতরণ করা যেতে পারে।
>> উপবৃত্তি প্রকল্পের পরিচালককে আরও সক্রিয় হতে বলা যেতে পারে যাতে প্রতি জেলায় কর্মরত মনিটরিং কর্মকর্তারা নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন এবং প্রকল্প পরিচালককে আরও নিবিড়ভাবে তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়।
>> জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিতরণ কার্যক্রম তদারকির জন্য আরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। যে জেলায় সুষ্ঠুভাবে উপবৃত্তির টাকা বিতরণ হবে সেই জেলার কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
>> যেখানে উপবৃত্তি বিতরণে অনিয়ম হবে সেখানের সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ মনিটরিং কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যেতে পারে এবং তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।
এ উপবৃত্তির আওতায় প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের মাসে ৫০ টাকা এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ১০০ টাকা করে দেওয়া হচ্ছে। বর্তমানে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪-১৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী রয়েছে এক কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৯৭৯ জন। আর প্রাক-প্রাথমিকে পড়ছে ৩০ লাখ ৮৮ হাজার ৪৬০ জন।
